একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা: পদার্থবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ঢাকা স্টেট কলেজ, ঢাকা তড়িৎ প্রবাহ ও তড়িৎ বর্তনী প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান ২য় পত্র থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: প্লাজমা বলতে কী বোঝ? উত্তর: প্লাজমা অবস্থা: সাধারণত পদার্থের অবস্থা তিনটি: কঠিন, তরল ও গ্যাসীয়। প্লাজমা নামে পদার্থের একটি অবস্থা আছে, যাকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। আয়নিত গ্যাসের মধ্যে সমান সংখ্যক ধনাত্মক আয়ন ও সমান সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকলে, সেই অবস্থাকে প্লাজমা অবস্থা বলা হয়।সূর্য ও অন্যান্য নক্ষত্রে পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। নিম্নচাপের গ্যাসকে উত্তপ্ত করে গ্যাসের প্লাজমা অবস্থা সৃষ্টি করা যায়। প্লাজমা তড়িৎ সুপরিবাহী।প্রশ্ন: ক্যাথোড রশ্মি কী? এই রশ্মি কীভাবে উৎপন্ন করা হয় চিত্রসহ বর্ণনা করো। ক্যাথোড রশ্মির ধর্ম ও ব্যবহার লিখো।উত্তর: ক্যাথোড রশ্মি: নিম্ন চাপে তড়িৎ ক্ষরণ নলের ক্যাথোড থেকে যে ইলেকট্রন নির্গত হয়ে লম্বভাবে প্রায় আলোর বেগে ক্ষরণ নলের বিপরীত দিকের দেয়ালে প্রতিপ্রভার সৃষ্টি করে সেই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। এক কথায় ক্যাথোড রশ্মি ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মির উৎপাদন: তড়িৎ ক্ষরণ নলে বায়ুচাপ 10–3 mm থেকে 10–4 mm পারদ চাপের সমান হলে এবং নলের দুটি তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করলে নলে কোনো আলো থাকে না। তখন অদৃশ্য রশ্মির একটি বিম ক্যাথোড থেকে অভিলম্বভাবে নির্গত হয়ে কাচনলের দেয়ালে সবুজ প্রতিপ্রভার সৃষ্টি করে। এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। ক্যাথোড রশ্মির ধর্ম: ১) ক্যাথোড রশ্মি সরলরেখায় গমন করে। ২) ক্যাথোড রশ্মি তাপ উৎপন্ন করে। ৩) ক্যাথোড রশ্মির ভরবেগ আছে। ৪) ক্যাথোড রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। ৫) ক্যাথোড রশ্মি ঋণাত্মক চার্জবিশিষ্ট। ৬) ক্যাথোড রশ্মি পরস্পরকে বিকর্ষণ করে। ৭) তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রশ্মির গতিপথের বিচ্যুতি ঘটে। ৮) চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ক্যাথোড রশ্মির বিচ্যুতি ঘটে। ৯) ক্যাথোড রশ্মি ফটোগ্রাফিক পেরটের ওপর ক্রিয়া করে। ১০) গ্যাসের মধ্য দিয়ে গেলে ক্যাথোড রশ্মি গ্যাসের অণুগুলোকে আয়নিত করে। ক্যাথোড রশ্মির প্রয়োগ:১) এক্স-রে উৎপাদনে ব্যবহূত হয়। ২) ক্যাথোড রশ্মি থেকে ইলেকট্রনের চার্জ, ভর ও আপেক্ষিক চার্জ নির্ণয় করা হয়। ৩) অনুপ্রভ ও প্রতিপ্রভ রশ্মি উৎপাদনে ব্যবহূত হয়। প্রশ্ন: ফোটন কী? ফোটনের বৈশিষ্ট্য বা ধর্ম লিখো।উত্তর: ফোটন: আলবার্ট আইনস্টাইন প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে দেখান যে শক্তির বিকিরণ নিরবচ্ছিন্নভাবে ঘটে না। এই নিঃসরণ বা বিনিময় শক্তির একটি অতি ক্ষুদ্রাংশের গুণিতক হিসেবে প্যাকেট আকারে বিচ্ছিন্নভাবে ঘটে। শক্তির এই প্যাকেট বা কোয়ান্টকে ফোটন বলে।ফোটনের ধর্ম বা বৈশিষ্ট্য: ১. পদার্থের ক্ষুদ্র অংশকে যেমন পরমাণু বলে, তেমনি কোনো বিকিরণের ক্ষুদ্র অংশকে ফোটন বলে।২. ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। ৩. ফোটনের স্থিতি ভর শূন্য। ৪. প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট রৈখিক ভরবেগ রয়েছে।৫. ফোটন তড়িৎ-নিরপেক্ষ। এর কোনো চার্জ নেই। ৬. ফোটনের কণা ও তরঙ্গ দ্বৈত রূপ আছে। ৭. একটি ফোটনের কম্পাঙ্ক f হলে তার শক্তি E = hf প্রশ্ন: আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা লিখো।উত্তর: চিরায়ত তরঙ্গ তত্ত্বের ব্যর্থতার কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো: i. চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো ধাতবপৃষ্ঠে আলোর পতন ও তা থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য সময়ের প্রয়োজন, এ সময় কয়েক দিন পর্যন্ত হতে পারে। কিন্তু আলোক তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। ii. আলোকরশ্মির তীব্রতা যতই অধিক হোক না কেন ইলেকট্রন নিঃসরণের জন্য একটা ন্যূনতম কম্পাঙ্কের প্রয়োজন। এই ন্যূনতম কম্পাঙ্কের অস্তিত্ব তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। iii. চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা জানি যে অধিক তীব্রতার আলোক নির্গত ইলেকট্রনকে অধিক পরিমাণে গতিশক্তি প্রদান করবে। কিন্তু নির্গত ফটো ইলেকট্রনগুলোর গতিশক্তি কম্পাঙ্কের ওপর নির্ভর করে, তীব্রতার ওপর নয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল