একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধাঙ্গী প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।রেণুু ও রাজু একই পিতামাতার সন্তান। কিন্তু তাদের পিতামাতা রাজুকে রেণু অপেক্ষা বেশি আদর-যত্ন করেন। দুই ভাইবোন খেতে বসলে বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের পিতামাতা বেটা ছেলে বলে আমলে নেন না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেণু জন্য তা রাখা হয়নি। রেণুু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে পিতামাতা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছেন। এতে রেণুু আপত্তি করলে তার মা বলেন, মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই; বরং ঘর-দোর সাজানো-গোছানো, সোয়েটার বুনন এবং রান্না করাটা শিখে নিলে তা কাজে আসবে। ক) অবরোধ প্রথা কী? ১ খ) ‘স্বামীর স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার সুবিধা বর্ণনা করো। ২গ) রেণুর পরিবারে নারীর যে অবস্থা ফুটে উঠেছে তা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ) রেণুর মায়ের মনোভাবের মধ্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। ৪উত্তর: ক. বেগম রোকেয়া রচিত ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে অবরোধ প্রথা বলতে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়মকে বোঝানো হয়েছে। উত্তর: খ. ‘স্বামী’ শব্দের অর্থ প্রভু। ‘অর্ধাঙ্গ’ শব্দের অর্থ অর্ধেক অঙ্গ। স্বামী শব্দটিতে নারীর প্রতি পুরুষের আধিপত্যকামী মানসিকতার পরিচয় পাওয়া যায়। অর্ধাঙ্গ শব্দে সমকক্ষতা প্রকাশ পায়। অত্যন্ত বাস্তব সত্য যে নারীরা সমাজের অর্ধাঙ্গ। নারীকে বাদ দিয়ে সমাজের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন কখনোই সম্ভব নয়। কিন্তু আমাদের সমাজে একজন পুরুষ বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিতি লাভ করে। যে পরিচয়ে লুকিয়ে থাকে নারীর প্রতি আধিপত্যকামী মানসিকতা। অপর দিকে ‘অর্ধাঙ্গ’ শব্দটির মাধ্যমে নারী-পুরুষ উভয়ের সমক্ষতা স্বীকৃতি পায় এবং নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তাই লেখিকা ‘স্বামীর’ স্থলে—‘অর্ধাঙ্গ’ ব্যবহারের তাগিদ দিয়েছেন। উত্তর: গ. উদ্দীপকে রেণু পরিবারের নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তাতে রেণুর মা-বাবার মানসিকতার চরম বৈষম্য লক্ষ করা যায়। রেণুর মা-বাবা পুত্রসন্তানের প্রতি যতটুকু স্নেহ-মায়া-মমতা প্রকাশ করেন, মেয়েসন্তানের প্রতি ততটুকু করেন না। এ বিষয়ে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখিকাও সুস্পষ্ট মত প্রকাশ করেছেন। তিনি মা-বাবার স্নেহকে অপার্থিব বলে চিহ্নিত করে এবং কন্যার প্রতি মা-বাবার বৈষম্যমূলক ব্যবহারের অবসান চেয়েছেন। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের শুরুতেই বেগম রোকেয়া শিক্ষা ক্ষেত্রে নারীদের পশ্চাৎপদতার সমস্যা হিসেবে পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নারীদের শিক্ষাগ্রহণের সুযোগের স্বল্পতাকে চিহ্নিত করেছেন। পুরুষশাসিত সমাজ নারীশিক্ষাকে স্বীকার করতে চায়নি। তারা মনে করত, নারীরা শিক্ষিত হয়ে উঠলে সমাজ নষ্ট হয়ে যাবে। তাই মা-বাবা তাদের কন্যাসন্তানদের শিক্ষাগ্রহণে নিরুৎসাহিত করতেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই যে রেণুও মা-বাবা তাঁদের পুত্রসন্তানের জন্য গৃহশিক্ষকের ব্যবস্থা করলেও রেণুর শিক্ষাগ্রহণের বিষয়ে উদাসীন। রেণুুকে তাঁরা রান্না করা, সোয়েটার বুনন আর ঘরদোর গোছানোর কাজ শেখাতেই আগ্রহী। পুত্রসন্তান ভবিষ্যতে তাঁদের ভরণ-পোষণ করবে, এই ভাবনায় রেণুর ভাই রাজুকে তাঁরা সংসার জীবনের প্রতিক্ষেত্রেই প্রাধান্য দেন। পুত্রের কোনো অপরাধও তাঁরা আমলে নেন না। অন্যদিকে রেণুু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে মা-বাবা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠছেন। এরূপ বৈষম্যমূলক আচরণ কখনো সমাজের জন্য মঙ্গলজনক হতে পারে না। এককথায় রেণুর প্রতি তার মা-বাবার আচরণ খুবই অযৌক্তিক ও অন্যায়। মা-বাবার এমন অসচেতনতার কারণেই রেণুর মতো মেয়েরা সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। উত্তর: ঘ. উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি বৈষম্য, অবহেলা ও অসচেতনতা।সমাজের উন্নতির জন্য সর্বোত্তম জিনিস হচ্ছে নারীশিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতির শীর্ষে উন্নীত হতে পারে না। কিন্তু কন্যাসন্তানের শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে রেণুর মা অসচেতন বলেই তিনি রেণুর শিক্ষাগ্রহণের বিষয়ে উদাসীন, বরং মেয়েকে সংসারের কাজে পারদর্শী করে তুলতে চান। উদ্দীপকে নারীশিক্ষার বিষয়ে রেণুর মায়ের অনুদার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। রেণুর মায়ের মতো এমন অনেক সংকীর্ণ মনমানসিকতার মানুষ আছেন, যাঁরা নারীশিক্ষার ঘোর বিরোধী। এ প্রসঙ্গে বেগম রোকেয়া ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বলেছেন, পুরুষ যখন বাইরের জগতের জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করে, তখন নারী কেবল কিছু সুচিকর্ম ও নানাবিধ রন্ধন প্রণালির পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। প্রকৃত অর্থে, কন্যাসন্তানের শিক্ষার বিষয়ে রেণুর মায়ের যে মানসিকতা প্রকাশ পেয়েছে—এ ধরনের মানসিকতার কারণেই নারীশিক্ষার প্রসারে বিঘ্ন ঘটছে। কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে নারীসমাজ। নারীও যে পুরুষের মতো অফিস-আদালতে, ব্যবসায়-বাণিজ্যে কর্ণধার, জজ-ব্যারিস্টার হতে পারেন, রেণুর মা যেন এসবের কিছুই জানে না। নারী সমাজের অর্ধেক। তাই নারীশিক্ষার অগ্রগতির মধ্য দিয়েই নারীদের নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করতে পারে। এ ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে পরিবারের সদস্যদের। অপার্থিব সম্পদ হিসেবে স্নেহ, মায়া, মমতার ব্যাপারে কোনো বৈষম্য থাকা উচিত নয়। কেননা সন্তান হিসেবে পুত্র-কন্যা দুজনই সমগুরুত্ব লাভের দাবিদার। এর বিপরীত কোনো সত্য যথার্থতা বিচারে গ্রহণযোগ্য নয়। তা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে আমাদের সমাজে কন্যাসন্তানকে মা-বাবা সব সময়ই একটু আড়চোখে দেখেন। বিশেষ করে পুত্রসন্তান রাজুর পড়াশোনার ব্যাপারে রেণুর মা যতটা সচেতন, মেয়ে রেণুর ব্যাপারে তার সম্পূর্ণই বিপরীত। রেণুর মায়ের এ ধরনের মানসিকতা মূলত কন্যাসন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিই অঙ্গুলি নির্দেশ করে। যে আচরণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না।