সোনার তরীপ্রিয় শিক্ষার্থীরা, আজ সোনার তরী কবিতার একটি রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ‘সোনার তরী’ কবিতার ভাববস্তু গুছিয়ে লেখো।উত্তর: প্রেম ও সৌন্দর্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা সীমার গণ্ডি অতিক্রম করে অসীমের মাঝে আনন্দের অস্তিত্ব খুঁজেছেন। সে জন্যই কবির ‘সোনার তরী’ কবিতায় তাঁর হূদয়ের একটা বেদনা, না পাওয়াকে পাওয়ার আকুলতা লক্ষ করা যায়। একদিকে মাটির পৃথিবীর প্রতি গভীর মমত্ববোধ, অন্যদিকে সৌন্দর্যের প্রতি প্রবল আকর্ষণে তিনি আন্দোলিত হয়েছেন।কবির বয়স যখন যৌবনের প্রান্তসীমা স্পর্শ করে, তখন তাকে জমিদারি তদারক উপলক্ষে শিলাইদহ, পতিসর, শাহজাদপুর, উত্তরবঙ্গের নদী পরিবাহিত পল্লীপ্রকৃতির একান্ত সান্নিধ্যে কাটাতে হয়। বিশ্বপ্রকৃতি ও মানবপ্রকৃতি যেখানে ঘনিষ্ঠ আত্মীয়তাসূত্রে আবদ্ধ, এমন পরিবেশে কবি যেন নিখিল বিশ্বের মর্মস্পন্দন অনুভব করলেন। আর এই ‘সোনার তরী’ কবিতায় কবি একটি ভিন্ন বোধে উপনীত হয়েছেন।কবিতার ভাববস্তু: কবিতাটির শুরুতেই একটা নিঃসঙ্গতার আভাস পাওয়া যায়। কবিতার ধানখেতটি হচ্ছে মানুষের কর্মক্ষেত্র। আর তার কাজগুলো হচ্ছে সোনার ফসল। হিংস্র জলস্রোত অবলীলাক্রমে পাড়ি দিয়ে ছোট নৌকা বেয়ে এগিয়ে আসে, যার আগমন অনিবার্য। সেই নৌকার মাঝি মহাকালস্বরূপ। মহাকালের হাতে তুলে দিতে হবে কর্মফসল। এ কবিতায় কৃষক আসলে সৃজনশীল কবি নিজেই অথবা মানবসমাজ। নদীর এপার-ওপর দ্বারা জীবন ও মৃত্যুপরবর্তী জীবনকে বোঝানো হয়েছে।মানুষ তার জন্মের পর থেকে আমৃত্যু বিশ্বসংসারে টিকে থাকার জন্য অফুরন্ত পরিশ্রম করে। তার সমস্ত মনন ও মেধা দিয়ে সৃষ্টি করে অপরূপ শিল্প, সাহিত্য, সৌন্দর্যময় কীর্তি। কিন্তু মহাকালের চিরন্তন স্রোতে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। মহাকাল সব কিছুকে ধ্বংস করে দেয়। সভ্যতার বুকে মানুষের একটি দিক রবীন্দ্রনাথ লক্ষ করেছেন, কাল থেকে কালে, প্রজন্ম থেকে প্রজন্মে, কীর্তি থেকে কীর্তিতে মানুষ তার নামকে মহাকালের মাঝে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু মহাকাল কবিকে তুলে নেবে না ফেলে দেবে সেটাও অনিশ্চিত। তিনি উপলব্ধি করেন যে এ পৃথিবী মৃত্যু-ছায়াতে ঘেরা। মহাকালের চিরন্তন স্রোতে মানুষ অনিবার্য মৃত্যুকে অতিক্রম করতে না পারলেও কালের গর্ভে টিকে থাকে তার সৃষ্ট সোনার ফসল বা কর্ম। কবির সৃষ্টিকর্ম কালের ‘সোনার তরী’তে স্থান পেলেও ব্যক্তি কবির স্থান সেখানে হয় না। এক অতৃপ্তির বেদনা নিয়ে তাকে অপেক্ষা করতে হয় অনিবার্যভাবে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। পৃথিবীর নিয়ম হচ্ছে সৃষ্টিকে গ্রহণ করা, স্রষ্টাকে নয়। তাই নিজের সমগ্র জীবনের দিকে তাকিয়ে কবির মনে হয়েছে পদ্মাপারের ধান কাটা কৃষকের মতোই। ‘সারা জীবন তাকে ধান কেটে যেতে হবে। কিন্তু যে ‘সোনার তরী’ ওই ধান বোঝাই করে নিয়ে যাবে সেই তরীতে কবির স্থান হবে না। জীবনসায়াহ্নে কবি যেন মৃত্যুর মুখোমুখি বসে আছেন, তাকে ভরসা দেওয়ার কেউ নেই। পৃথিবীতে মানুষ ভরসাহীন। মানুষের জীবনে একটি গতি ও পরিণতি আছে। আর এ পরিণতি যেন মৃত্যু। তাই কবির কণ্ঠে ধ্বনিত হয়—‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরীআমারি সোনার ধানে গিয়েছে ভরি।’সোনার তরী স্বয়ং অসম্পূর্ণ কবিকে নিরুদ্দিষ্ট সৌন্দর্যের আদর্শলোকে বহন করে নিয়ে যায়। মানুষের সংসারের দিকে তরীর গতি নয়, এর লক্ষ নিরুদ্দিষ্ট সৌন্দর্যলোক।প্রকৃতপক্ষে মহাকালের বিশাল তরঙ্গবহুল স্রোতে স্রষ্টার কোনো সমাদর নেই, তাকে নিক্ষেপ করা হয় বিস্তৃতির অতল গহ্বরে। কিন্তু অমর হয়ে থাকে তার কীর্তি। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্তৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নেয়ে আমার সোনার ধান লইয়া যায় খেয়াপারে, কিন্তু আমাকে লয় না।’