একাদশ শ্রেণিতে ২৬ হাজার আসন শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী পাচ্ছে না বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলো। ভর্তির প্রক্রিয়া শেষ হলেও কলেজগুলোতে এবার প্রায় ২৬ হাজার আসন খালি আছে। কলেজগুলোর বেশির ভাগই গ্রামের।
বোর্ড সূত্র জানায়, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৩২৮টি কলেজে আসনসংখ্যা প্রায় ৮২ হাজার। কিন্তু এ বোর্ডের অধীনে এ বছর এসএসসি পাসই করে মাত্র ৬৬ হাজার ৯৪৯ জন। পরে এ বোর্ডভুক্ত কলেজগুলোতে একাদশের মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে প্রায় ৫৬ হাজার শিক্ষার্থী। বিশেষ করে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী সংকটে আছে। কিছু প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীও পায়নি।
শিক্ষাসংশ্লিষ্ট অন্তত চারজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থী সংকটে পড়েছে, তার বেশির ভাগই মাধ্যমিক বিদ্যালয়। রাজনৈতিক বিবেচনায় এসব প্রতিষ্ঠানকে উচ্চমাধ্যমিকের পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার মান বিবেচনায় নেওয়া হয়নি। মূলত শিক্ষক নিয়োগে বাণিজ্যের সুযোগ করে দিতেই এসব প্রতিষ্ঠানকে কলেজে উন্নীত করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, একাদশে ভর্তির ক্ষেত্রে সরকারি-বেসরকারি পর্যায়ের ওই ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১৫০টি আসনসংখ্যার চার ভাগের এক ভাগও পূরণ করতে পারেনি। অন্তত ৫০টি কলেজের আবার পাঠদানের অনুমতি পাওয়ার জন্য প্রতি বিভাগে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম সংখ্যার (মহিলা কলেজে ন্যূনতম ২৫ ও ছেলেদের না অন্যান্য কলেজে ৩০ জন) শর্ত পূরণ হয়নি। আবার কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশালের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পর্যাপ্তসংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়নি। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও চরদুয়ানি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এবার একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। বরগুনা সদরের নলী মুসলিম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আসনসংখ্যা ২০০। কিন্তু ভর্তি হয়েছে মাত্র ৪৫ জন। সদরের আইডিয়াল কলেজ ৪৫০ আসনের বিপরীতে ১০০ জন, ঘটবাড়িয়া কলেজে ৪৫০ আসনের বিপরীতে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ ছাড়া আমতলী উপজেলার বকুল নেছা মহিলা কলেজে ৪৫০টি আসন থাকলেও ১৫০ জন, সোনাখালী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৩০০ আসনের বিপরীতে ৬১ জন, ইউনূস আলী খান কলেজে ৪৫০ আসনের বিপরীতে ১০০ জন, শহিদুল ইসলাম কলেজে ৪৫০ আসনের বিপরীতে ৫০ জন ভর্তি হয়েছে। তবে বরগুনা সরকারি কলেজে ৮০০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৭৩০ জন শিক্ষার্থী। অবশ্য, এই কলেজেও বাণিজ্য বিভাগে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম সংখ্যা পূরণ হয়নি।
বরিশাল নগরীর জগদীশ সারস্বত উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবার মাত্র ১২ জন ভর্তি হয়েছে। চার বছর আগে একাদশে পাঠদানের অনুমতি পেলেও গত বছর এখানে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মুক্তিযোদ্ধা কলেজে ৪৫০ আসনের বিপরীতে ১৯০ জন, জালাল উদ্দীন কলেজে ৪৫০ জনের বিপরীতে ১৯৭ জন এবং ধানখালী ডিগ্রি কলেজে ৩০০ আসনের বিপরীতে ৯৭ জন ভর্তি হয়েছে। পটুয়াখালী সদরের পক্ষিয়া সাইদিয়া ইসলামিয়া কলেজ ও ঝালকাঠির সাথিলাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ও শিক্ষার্থী সংকটের তালিকায় রয়েছে।
বরগুনা শহরের আইডিয়াল কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এবার পাসের হার কম। এ ছাড়া শহরের দুটি সরকারি কলেজ এবার আসনসংখ্যা বাড়িয়েছে। দেড় হাজারের বেশি শিক্ষার্থী ওই দুটি কলেজে ভর্তি হয়েছে। এ কারণে তাঁরা শিক্ষার্থী পাচ্ছেন না।
বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘এবার শিক্ষা বোর্ড ও প্রশাসনের তদারকি ভালো থাকায় গ্রামের যেসব কলেজে অনিয়ম ছিল, সেখানে অনিয়ম হয়নি। ফলাফলেও তার প্রভাব পড়েছে। আর সব শিক্ষার্থীই চায় একটু ভালো কলেজে পড়াশোনা করতে। এবার অনলাইনে আবেদন করার সুযোগ থাকায় অনেকেই ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছে। এ জন্য গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংকট দেখা দিয়েছে বলে আমি মনে করি।’
জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত জুয়েল প্রথম আলোকে বলেন, এরই মধ্যে কলেজগুলোর কাছে ভর্তিসংক্রান্ত সব তথ্য চাওয়া হয়েছে। যেসব কলেজে শিক্ষার্থী ভর্তি সন্তোষজনক নয়, তাদের পাঠদানের অনুমতি বাতিল করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় হোক আর যেভাবেই হোক, যেসব প্রতিষ্ঠান কেবল শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কলেজের পাঠদান অনুমতি নিয়েছে, আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হব না।’