একাদশ শ্রেণীর পড়া: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধের একটি রচনামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার ভেতর দিয়ে বঙ্কিমচন্দ্র তত্কালীন আদালতের কাজকর্মের যে অসংগতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তা আলোচনা করো। উত্তর: সমাজসচেতন লেখকের ক্ষুরধার লেখনীর স্পর্শে রচিত হয় সমাজের নানা অসংগতি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালত স্থাপিত হলেও সাধারণ মানুষ সেখানে নানাভাবে বঞ্চনার শিকার হয়। আদালতের এই অসংগতি উপলব্ধি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় তিনি কৌশলে হাস্যরসের মাধ্যমে আদালতে প্রচলিত অসংগতিমূলক কর্মকাণ্ডকে বিদ্রূপ করেছেন। এটি লেখকের বিখ্যাত রম্য ব্যঙ্গসংকলন ‘কমলাকান্তের দপ্তর’-এর সর্বশেষ রচনা।আদালত একটি অতি বিশ্বস্ত ও পবিত্র স্থান। সেখানে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’—এই মূলমন্ত্র নিয়ে বিচারকেরা বিচারকার্য পরিচালনা করেন, অথচ এর ফাঁকফোকর দিয়ে কত যে অবিচার সংঘটিত হয় তার নজির আলোচ্য রচনাটিতে তুলে ধরা হয়েছে সূক্ষ্ম ব্যঙ্গোক্তির মাধ্যমে।আদালত মানেই মামলা-মোকদ্দমা, আসামি আর ফরিয়াদির ভিড়। অন্যদিকে হাকিম, উকিল, পুলিশ, চাপরাশি—এরা আদালতের নিত্যসহচর। পদে পদে, মিনিটে মিনিটে তাদের চিন্তা টাকা রোজগার। চাপরাশি-মুহরিরা যন্ত্রের মতো সাক্ষীদের হলফ পড়ান। উকিলেরা চান দ্রুত সাক্ষ্য গ্রহণ শেষে মামলার নিষ্পত্তি। কারণ, যত তাঁদের মামলা তত তাঁদের লাভ। তাঁরা চান নতুন মামলা, নতুন মক্কেল। মক্কেল তাঁদের কাছে ঈশ্বর সমতুল্য। কমলাকান্ত তাই উকিলকে যথার্থই বলেছে, ‘আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন মোয়াক্কেল আসে।’আদালতের রীতিপদ্ধতিও গতানুগতিক। আদালতের ভেতরে সাক্ষ্য দেওয়ার জন্য কাঠগড়া থাকে। এখানে কোনো মানুষকে ঢোকানো যেন খোঁয়াড়ে গরু পুরে দেওয়ার মতো অবস্থা। অথচ আদালতে এভাবেই সাক্ষ্য গ্রহণ করা হয়। আবার সাক্ষীকে যে শপথবাক্য পাঠ করানো হয়, তাতেও রয়েছে ভাষাগত ভুল। কমলাকান্তের উক্তিতে এর প্রমাণ মেলে, ‘কী প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কী লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা।’আদালতে সত্য কথা গোপন না করার জন্য শপথ করানো হয়, অথচ উকিলের প্রশ্নের বাইরে সত্য কথা বলারও কোনো উপায় থাকে না। এভাবে বিচারকার্য পরিচালনা মূলত পরিহাসেরই নামান্তর।তত্কালীন আদালতে কাঠগড়ায় দাঁড়ানো ব্যক্তিদের প্রতি উকিল-চাপরাশি-মুহরিদের সম্মানবোধ ছিল না বললেই চলে। কমলাকান্তকে সাক্ষীর কাঠগড়ায় ঢুকিয়ে দিলে যখন সে মৃদু হাসে তখন চাপরাশি ধমকে বলে, ‘হাস কেন?’ আবার কিছুক্ষণ পর কমলাকান্তকে দড়ি ঘুরিয়ে বলা হয়, ‘তামাশার জায়গা এ নয়, হলফ পড়।’ উকিলেরও প্রতিটি প্রশ্নের মধ্যেও ছিল ধমকের সুর। এই সুর ব্রিটিশ শাসকদের অশিক্ষিত বাঙালির ওপর চিরাচরিত দুর্ব্যবহারেরই প্রতিধ্বনি। আদালতের উকিল বিচারকদের মধ্যে অনেকেই ছিলেন কম বুদ্ধির অধিকারী। অথচ তেলমর্দনের জোরে ওই সব হাকিমের দ্রুত পদবৃদ্ধি হতো। কমলাকান্তের উক্তিতে তাই হাকিম ও উকিলদের প্রতি ব্যঙ্গবাণ ছুড়তে শোনা যায় বারবার। গতানুগতিক পদ্ধতিতে মামলার জেরা আর সাক্ষ্য গ্রহণ করা হতো। এতে বুদ্ধি বা কৌশলের পরিচয় ছিল না। কমলকান্ত উকিলবাবুর নির্বুদ্ধিতার পরিচয়টি তুলে ধরে এভাবে, ‘দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী ইহাতেও যে উকিল বুঝেন নাই, আমি ব্রাহ্মণ, ইহা আমি কী প্রকারে জানিব?’অর্থের বিনিময়ে তখন চোর-সাধু সবারই পক্ষ নিতেন উকিলেরা। কৌশলে অর্থ উপার্জনই উকিলদের মুখ্য উদ্দেশ্য। কমলাকান্ত চুরি করে কি না, উকিল তা জানতে চাইলে কমলাকান্তের সাফ জবাব, ‘তাহা হইলে (চুরি করিলে) ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত। আপনি কিছু ভাগও পাইতেন।’বস্তুত, লেখক নিজে আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আদালতের যে অসংগতি প্রত্যক্ষ ও উপলব্ধি করেছেন; সরকারি চাকুরে হিসেবে সরাসরি যে কথা বলতে সংকোচ বোধ করেছেন, কমলাকান্তের জবানিতে তা নিঃসংকোচে প্রকাশ করেছেন। আদালতের চালচিত্রের এই তত্কালীন রূপ একালের ক্ষেত্রেও প্রাসঙ্গিক।ঘোষণা২০১২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্যশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ২০১২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রশ্নের মানবণ্টন হবে নিচের নিয়মে: সৃজনশীল প্রশ্ন = ৬০ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন = ৪০ নম্বর মোট = ১০০ নম্বর