পদ্মা নদীর মাঝিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘পদ্মা নদীর মাঝি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. সময়ের পটভূমিতে মৃৎশিল্পীদের পরিবর্তন এলেও ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে জেলে জীবনে পরিবর্তন দেখা যায় না—উক্তিটির তাৎপর্য বিচার করো।উত্তর: ঘ. ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে জেলেদের জীবনে সমাজ বাস্তবতার কারণেই কোনো পরিবর্তন দেখা যায় না।উদ্দীপকের আমজাদ একজন মৃৎশিল্পী। আধুনিকতার প্রভাবে এ শিল্পে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে কারণে আমজাদের পরিবারে কিছুটা হলেও পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের নিয়ামক শক্তি হলো আয়-উপার্জন বৃদ্ধি। কিন্তু আলোচ্য উপন্যাসের জেলেদের আয়-উপার্জন বৃদ্ধির কোনো উপায় না থাকার কারণেই তাদের জীবনে পরিবর্তনের কোনো ছোঁয়া লাগেনি।আমাদের গ্রামবাংলায় জেলে ও মৃৎশিল্পীদের অবস্থান প্রাচীনকাল থেকেই। এদের পেশায় অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নতির সম্ভাবনা কখনোই কেউ ভাবেনি। তবে সাম্প্রতিককালে মৃৎশিল্পে আধুনিকতার প্রভাব বলতে বিপণন অলংকরণকেই বোঝানো হয়ে থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতায় এ যুগে মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত পণ্য নানা রকমের কারুকাজ ও অলংকরণ করার ফলে এ সবের চাহিদা সমাজের বিভিন্ন স্তরে বৃদ্ধি পেয়েছে। আর চাহিদা বৃদ্ধি মানেই বিক্রির পরিমাণ বৃদ্ধি এবং বিক্রির পরিমাণ বৃদ্ধি হলে লভ্যাংশও বৃদ্ধি পায়। লভ্যাংশ বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট শিল্পীরা জীবন যাত্রার মানেও পরিবর্তনের ছোঁয়া লাগে। কিন্তু ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের জেলেদের এ ধরনের পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। এসব জেলেদের অধিকাংশই ছিল সহায়-সম্বলহীন হতদরিদ্র। ইলিশমাছ শিকারের জন্য প্রয়োজনীয় জাল, নৌকা বলতেও কিছু ছিল না। পাড়ার হাতেগোনা কয়েকজনের জাল ও নৌকা থাকার সুবাদে তারা নিরীহদের শোষণ করত। পরের অধীনে দিনমজুর হিসেবে মাছ ধরে কিংবা মাঝিগিরি করে কারও পক্ষেই জীবনে পরিবর্তন আনা সম্ভব হয় না।‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের প্রকৃতির প্রতিকূলতা এবং দারিদ্র্যের নির্মম কষাঘাতে জেলেপাড়ার জেলেরা জর্জরিত থাকার কারণেই তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। মৃৎশিল্পীরা নিজেদের স্বাধীন পেশায় ইচ্ছানুযায়ী মেধা ও প্রযুক্তির আধুনিক কিছু করার সুযোগ পায়। যে কারণে কিছুটা হলেও আধুনিকতার প্রভাবে নিজেদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারে। কিন্তু মাছ ধরা কিংবা মাঝিগিরিতে এমন কোনো সুযোগ-সম্ভাবনা নেই। তবে প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে জাল ও নৌকার মালিকেরা কিছুটা উপকৃত হতে পারে। যে কারণে সমষ্টিগতভাবে জেলেদের জীবনে পরিবর্তন দেখা যায় না।