রচনা স্বদেশ প্রেমপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের জন্য গত পরশু ছাপা হয়েছিল ‘স্বদেশপ্রেম’ শীর্ষক একটি প্রবন্ধের প্রথম অংশ, আজ ছাপা হলো এর শেষ অংশ। তোমরা উভয় অংশই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে।স্বদেশ প্রেমদেশপ্রেমিক না হলে খাঁটি রাজনীতিবিদ হওয়া যায় না। ক্ষমতা দখলের নির্লজ্জ লোলুপতায় মেতে উঠে অনেকেই দেশপ্রেমের নামাবলি গায়ে এঁটে দেশপ্রেম প্রকাশ করে। এরা না রাজনীতিবিদ, না দেশপ্রেমিক। এরা হিটলার, মুসোলিনীর উত্তরসূরি ছাড়া আর কিছু নয়। রাজনীতিকদের ঔদ্ধত্যের প্রতি দৃষ্টিপাত করেই অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন—‘How long shall we tolerate the politician’s hungry for power.’স্বদেশপ্রেম সব মহত্ত্বের উৎস, মনুষ্যত্ববোধের জাগরণকারী। এটি মানুষের ভেতরের সব সংকীর্ণতা দূর করে তাকে মহৎ হওয়ার দীক্ষা দেয়। এর স্পর্শে মানুষের ভেতরের সব পশুত্ববোধ বিদূরিত হয় এবং মানবকল্যাণে মানুষ নিজেকে উৎসর্গ করার দীক্ষা পায়। মূলত স্বদেশপ্রেম নামের পরশপাথরের স্পর্শেই মানুষ দুনিয়ায় স্মরণীয়, বরণীয় হয়। এ কারণে নিজের দেশ ধনী কি গরিব সে প্রশ্ন মানুষের কাছে অবান্তর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন—‘জানি না তোর ধন রতন/ আছে কিনা রাণীর মতনশুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।’খাঁটি দেশপ্রেমিকদের কাছে দেশের সবকিছু পরম পূতপবিত্র। তাদের কাছে দেশই একমাত্র আদর্শ। হাসিমুখে এরা জীবন দিতে পারে। এদের সাহস, শৌর্য আর দৃঢ়তা যুগে যুগে জাতিকে অনুপ্রেরণা জোগায়। জাতীয় মূল্যবোধের চরম অবক্ষয়ের অমানিশায় এরা ধ্রুবতারার মতো আলো বিচ্ছুরণ করে। মাওলানা আবুল কালাম আজাদ, শেরেবাংলা এ কে ফজলুল হক, আবদুল হামিদ খান ভাসানী, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, কিশোর ক্ষুদিরাম, তিতুমীর প্রমুখ দেশপ্রীতির জ্বলন্ত নিদর্শন। তা ছাড়া, ইতালির গেরিবল্ডি, রাশিয়ার লেনিন ও স্তালিন, চীনের মাও সেতুং, আমেরিকার জর্জ ওয়াশিংটন, ভিয়েতনামের হো চি মিন প্রমুখ বিশ্বঅঙ্গনে দেশপ্রেমের ক্ষেত্রে নিজ নিজ মহিমায় ভাস্বর। বাঙালি জাতির দেশপ্রেমও বিশ্ববাসীকে বিস্মিত করেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এ যেন মণি-মুক্তার চেয়েও শ্রেয়। যেমনটি বলেছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত—‘মিছা মণি-মুক্তা-হেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নাই আর।’দেশপ্রেম শুধু কতগুলো প্রাণহীন শব্দের সমাহার নয়, নয় কোনো নিছক বিমূর্ত আদর্শ। যদি বৃহত্তর কল্যাণবোধ থাকে অসুন্দরের ছদ্মবেশে, তাহলে হূদয়ের কোন ঐশ্বর্য নিয়ে মানুষ মানুষ হবে না। স্বদেশপ্রীতির মধ্যেই মনুষ্যত্বের উদ্বোধন ও বিশ্বভ্রাতৃত্বের বন্ধন। দেশপ্রেমিক ছাড়া দেশের উন্নতি অসম্ভব। আমরা সবাই যদি পরম সততার সঙ্গে দেশের প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করি, তবে দেশের উন্নতি অবশ্যম্ভাবী। স্বদেশপ্রেম শুধু বিমূর্ত একটি আদর্শই নয়, এটি স্বদেশকল্যাণের প্রদীপ্ত প্রত্যয়ও বটে।