কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।দৌলতপুরের ধনাঢ্য ব্যক্তি দৌলত খাঁয়ের চল্লিশা উপলক্ষে দরিদ্রভোজন ও বস্ত্রদানের বিশাল আয়োজন করা হয়েছে। খাঁয়ের ভাগ্নে এহসান তদারকি করছে। অনুষ্ঠানের শেষাংশে খাদ্য-বস্ত্রের ঘাটতি দেখা গেল। এহসান মিয়া অগ্নিমূর্তি ধারণ করে চিৎকার করে উঠল, ‘হাজার লোকের আয়োজন, তেরশকে খাওয়ালাম। গাঁয়ের সব লোকই দেখছি গরিব।’ ষাটোর্ধ্ব রায়হান মিয়া জবাব দিলেন, ‘আমরা দীনহীন, তাতে সন্দেহ কি? দেখলাম এহসান মিয়ার বাড়ির দিকে কামলারা খাবারের ডেকচি আর কাপড়ের গাট্টি নিয়ে যাচ্ছে। আজকের দিনে এহসান মিয়াই তো দীনের চেয়ে দীন। চলরে সবাই বাড়ি যাই।’প্রশ্ন: ক. ‘যজ্ঞোপবীত’ শব্দের আভিধানিক অর্থ কী? প্রশ্ন: খ. ‘বলি খাও কী করিয়া?’—সংলাপটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. কমলাকান্তের কোন বৈশিষ্ট্য রায়হান মিয়ার চরিত্রে পাওয়া যায়? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটির ভাবার্থের দর্পণ।’ মন্তব্যটি যাচাই করো। উত্তর: ক. ‘যজ্ঞোপবীত’ শব্দের আভিধানিক অর্থ যজ্ঞসূত্র বা পৈতা।উত্তর: খ. প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে কমলাকান্ত নানাবিধ গোলযোগ সৃষ্টি করে। কমলাকান্তকে জেরা করতে গিয়ে উকিল বিরক্ত হয়ে উদ্ধৃত উক্তিটি করেছেন। বলি খাও কী করিয়া? এটির শব্দগত অর্থ একজন মানুষ কী উপায়ে আহার গ্রহণ করে। কিন্তু সে উত্তর দিয়েছে, সে উকিল নয় যে তার পেশা থাকবে। উকিলের জিজ্ঞাসা ছিল, তার উপার্জনের উৎস কী? সংলাপটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে। তা ছাড়া সংলাপটিতে উকিলের বিরক্তি ও প্রচ্ছন্নভাবে কমলাকান্তের সামাজিক অবস্থানের প্রতি বিদ্রূপাত্মক ইঙ্গিত পাওয়া যায়।উত্তর: গ. বঙ্কিম চন্দ্র রচিত কমলাকান্তের অসংলগ্ন কথাবার্তার আড়ালে যে মূল পর্যবেক্ষণশীল জীবনদৃষ্টি রয়েছে, রায়হান মিয়ার চরিত্রেও সে বৈশিষ্ট্য পাওয়া যায়।প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলার সাক্ষ্য দিতে আদালতে এসেছে। আফিমের নেশায় ঈষৎ অপ্রকৃতিস্থ কমলাকান্তকে জেরা করতে গিয়ে উকিল পদে পদে বিবৃত হন। কিন্তু সে নেশাখোর হলেও আদালত ও উকিল বাবুর জেরার অসংগতিগুলো তার পর্যবেক্ষণশীল দৃষ্টিতে ধরা পড়ে। সে সব সত্য কথা বলে। উদ্দীপকের রায়হান মিয়ার চরিত্রেও এ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। কমলাকান্তের জবানবন্দি নকশাজাতীয় রচনা। এটি বঙ্কিমের অন্যতম সম্পদ। এখানে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের মাধ্যমে লেখক দেখিয়েছেন, আদালতে সাজানো যে গালভরা কারবার চলে, তা অধিকাংশই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উকিল বাবুর প্রশ্নের জবাবে কমলাকান্তের প্রচ্ছন্ন শ্লেষাত্মক উক্তির মাধ্যমে আমাদের সামনে তা স্পষ্ট হয়ে উঠেছে। উদ্দীপকেও তাই দেখা যায়। ধনাঢ্য ব্যক্তি দৌলত খাঁর চল্লিশা উপলক্ষে দরিদ্রভোজনের সঙ্গে বস্ত্রদানের বিশাল আয়োজন করা হয়েছে। তদারকির দায়িত্ব পালন করছে খাঁ সাহেবের ভাগনে এহসান মিয়া। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খাদ্য ও বস্ত্রের ঘাটতি দেখা দিলে এহসান মিয়ার কটূক্তি শুনে রায়হান মিয়া জবাব দিলেন, ‘আমরা দীনহীন, তাতে সন্দেহ কী? দেখলাম, এহসান মিয়ার বাড়ির দিকে কামলারা খাবারের ডেকচি আর কাপড়ের গাট্টি নিয়ে যাচ্ছে।’ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের অসংগতি স্পষ্ট হয়ে উঠেছে। কাজেই কমলাকান্তের স্পষ্টবাদীও সূক্ষ্ম পর্যবেক্ষণশীল জীবনদৃষ্টি রায়হান মিয়ার চরিত্রেও বিদ্যমান। # পরবর্তী অংশ ছাপা হবে আগামী বৃহস্পতিবার