আঠারো বছর বয়সপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আঠার বছর বয়সে’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।দুজন মনোবিজ্ঞানীর মতবাদসিগমন্ড ফ্রয়েড: ১৬-১৮ বছর বয়সের ছেলেমেয়েরা সমলিঙ্গীয় প্রেমের আসক্তিতে ভোগে। স্বীয় সৌন্দর্য ও পোশাক-পরিচ্ছদ সম্পর্কে অত্যধিক সচেতন হয়ে ওঠে এ বয়সেই (সাইকো-অ্যানালাইটিক তত্ত্ব)এরিক-এরিকসন: ১৩ থেকে ১৯ বছর বয়সের স্তরটি না শিশু না যুবক। এ বয়সের স্বীয় চিন্তার চেয়ে সমাজ চিন্তাই প্রবল হয়ে ওঠে। সমাজের উন্নতির জন্য প্রতিবাদীও হয়ে ওঠে এ বয়সীরাই। আবার সামাজিক মূল্যবোধের বিরুদ্ধাচরণ করে এ বয়সেই (সাইকো সোশ্যাল তত্ত্ব)প্রশ্ন: ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?প্রশ্ন: খ. আঠারো বছর বয়সের জীবনবোধকে কবি কোন তীব্রতা ও প্রখরতার সঙ্গে তুলনা করেছেন?প্রশ্ন: গ. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবির মনোভাবের সঙ্গে সিগমন্ড ফ্রয়েডের বক্তব্যের বৈপরীত্যটি ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. কবির দৃষ্টিভঙ্গি যেন এরিকসনের বক্তব্যের প্রতিফলন—বিশ্লেষণ করো। উত্তর: ক. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর: খ. আঠারো বছর বয়সে অনুভূতির তীব্রতা ও সংবেদনশীল মানুষের জীবনে প্রকট হয়ে দেখা দেয়। তাই এ বয়সের জীবনবোধকে কবি তীব্রতা ও প্রখরতার সঙ্গে তুলনা করেছেন। আঠারো বছর বয়সে মানুষের শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনোজগতেও পরিবর্তন ঘটে। অদম্য মানসিক শক্তি তাজা প্রাণে জোগায় অমিত তেজ। প্রাণশক্তিতে বলীয়ান তরুণেরা বিশ্বকে হাতের মুঠোয় পেতে চায়। আশপাশের সবকিছুই তাদের সংবেদনশীল মনকে তীব্রভাবে নাড়া দেয়। শত ঘাত-প্রতিঘাতেও এ বয়সে মানুষের কাজে থাকে প্রবল গতিবেগ। আর চিন্তা-চেতনায় থাকে সূর্যের আলোর মতো প্রখর দীপ্তি। সে কারণে কবি এ বয়সের জীবনবোধকে তীব্রতা ও প্রখরতার সঙ্গে তুলনা করেছেন। উত্তর: গ. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কৈশোরোত্তীর্ণ তরুণদের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আর সিগমন্ড ফ্রয়েড এ বয়সের স্বভাব বৈশিষ্ট্যের তুলনায় শারীরিক দিকটি প্রাধান্য দিয়েছেন। সিগমন্ড ফ্রয়েডের মতে, ১৬-১৮ বছর বয়সে ছেলেমেয়েরা সমলিঙ্গীয় প্রেমের আসক্তিতে ভোগে কিন্তু এ কবিতায় কবির এ জাতীয় কোনো মনোভাব ব্যক্ত হয়নি। কবির মতে, আঠারো বছর বয়সী তরুণেরা মানসিক শক্তিতে বলীয়ান। তাই তারা স্বপ্ন দেখে নতুন জীবনের নব নব অগ্রগতি সাধনের। আর সেসব বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে সে এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। আবার ফ্রয়েড এ বয়সের ছেলেমেয়েদের নিজের সৌন্দর্য ও পোশাক-পরিচ্ছদ সম্পর্কে সচেতনতার কথা বলেছেন। কিন্তু ‘আঠারো বছর বয়স’ কবিতায় এ জাতীয় কোনো মনোভাব প্রকাশ পায়নি। কবির মতে দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে মানুষ এ বয়সেই এগিয়েছে সবচেয়ে বেশি। নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে। কবির ভাষায়— আঠারো বছর বয়সেই অহরহ/বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।উত্তর: ঘ. ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কবির এ দৃষ্টিভঙ্গি এরিকসনের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এরিক—এরিকসন ১৩ থেকে ১৯ বছর বয়সের স্তরটির ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকের উল্লেখ করেছেন। ‘আঠারো বছর বয়স’ কবিতায়ও তারুণ্যের স্বভাববৈশিষ্ট্যের দুটি দিক লক্ষণীয়।এ বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে এ বয়স আবার হয়ে উঠতে পারে ভয়ংকর। এ সময় দক্ষতার সঙ্গে নিজেকে পরিচালনা করতে না পারলে তার পদস্খলন হতে পারে। মূল্যবোধের অবক্ষয়ের ফলে জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। কবির ভাষায়—দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।তথাপি এরিকসনের মতো কবিও তরুণদের জয়গান গেয়েছেন। কারণ সকল ব্যক্তিস্বার্থ তুচ্ছ করে যুগে যুগে এ বয়স সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে—এ বয়স জানে রক্তদানের পুণ্য।কবি তাই এ বয়সের নেতিবাচক দিকের তুলনায় ইতিবাচক দিককেই বেশি গুরুত্ব দিয়েছেন।