একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রহিমগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে এতিমখানার উদ্বোধন উপলক্ষে এতিমদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এলাকার গণ্যমান্য, অবস্থাপন্ন ব্যক্তিরাও তাতে আমন্ত্রিত। চৌধুরী সাহেব নিজ হাতে এতিমদের পরিবেশন করছেন—হাততালির সঙ্গে ক্লিক ক্লিক করে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে লাগল। অন্যদিকে বহুব্যঞ্জন শোভিত টেবিলে আমন্ত্রিত ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। এতিমখানার ১২ বছরের বালক বদিউরের মনে এক বিষম ভাবনার জন্ম হয়—‘এ গ্রামে এত গণ্যমান্য এতিম রয়েছেন!’প্রশ্ন: ক. বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অভিধা কী? ১ প্রশ্ন: খ. ‘ঘোরতর কৃষ্ণবর্ণ’ সংলাপে উকিলের প্রত্যাশিত উত্তর এবং কমলাকান্তের অনুধাবনের পার্থক্য বুঝিয়ে দাও। ২প্রশ্ন: গ. বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের ভাবার্থের সাদৃশ্য বুঝিয়ে লেখো। ৩উত্তর: ক. বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক অভিধা—সাহিত্যসম্রাট। উত্তর: খ. এই সংলাপে উকিলের প্রত্যাশিত উত্তর এবং কমলাকান্তের অনুধাবনের মধ্যে সম্প্রদায় ও কালো রঙের মধ্যে পার্থক্য বিরাজমান। হিন্দুদের ক্ষেত্রে বর্ণ বলতে জাতি বা সম্প্রদায় বোঝায়। কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর গরু চুরির মামলার সাক্ষ্য দিতে গেলে উকিলবাবু তাকে নানা বিষয়ে জেরা করেন। কমলাকান্ত হিন্দুদের মধ্যে কোন সম্প্রদায়ের লোক তা জানার জন্য বর্ণ জানতে চান। কমলাকান্ত ব্যাপারটা অনুধাবন করতে না পেরে উত্তর দেয়, ঘোরতর কৃষ্ণবর্ণ। ফলে উকিল বাবু তাঁর অপ্রত্যাশিত উত্তর পাননি। এখানেই উভয়ের পার্থক্য। উত্তর: গ. বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের সাদৃশ্য রয়েছে। কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি মামলার সাক্ষী। সে সাক্ষ্য দিতে আদালতে গেলে উকিল বাবু তাকে নানা ধরনের জেরা করেন। উকিল বাবুর জেরা আর কমলাকান্তের জবাবের মধ্য দিয়ে আদালতের অসংগতি ফুটে উঠেছে। এতিমখানার ১২ বছরের বালক বদিউরের ভাবনার সঙ্গে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কমলাকান্ত উকিলের সঙ্গে যে সংলাপ করেছে, তার ভাবার্থের সাদৃশ্য বিদ্যমান। ‘কমলাকান্তের জবানবন্দি’ নকশাজাতীয় রচনা। এখানে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন, আদালতে সাজানো যে গালভরা সত্যের কারবার চলে, তা অনেকাংশেই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকের তারাগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে এতিমখানার উদ্বোধন উপলক্ষে এতিমদের ভূরিভোজের আয়োজনও একই রকম ঘটনা। চৌধুরী সাহেব নিজ হাতে এতিমদের খাদ্য পরিবেশন করছেন আর ক্যামেরায় ছবি তোলা হচ্ছে। প্রকৃতপক্ষে এখানে যাঁরা আমন্ত্রিত হয়েছেন, তাঁদের অধিকাংশই এলাকার গণ্যমান্য ব্যক্তি। এটাও আদালতের মতো আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। তাই বদিউরের মনে এক বিষম ভাবনার জন্ম হয়—‘এ গ্রামে এত গণ্যমান্য এতিম রয়েছেন!’ আসলে তাঁরা এতিম নয়। ব্যাপারটা ভিন্ন প্রেক্ষাপটে হলেও এতিমদের নামে ভূরিভোজের আনুষ্ঠানিকতা মাত্র। কাজেই বদিউরের ভাবনার সঙ্গে কমলাকান্তের সংলাপের ভাবার্থ সাদৃশ্যপূর্ণ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল