একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধাঙ্গীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ দুটি অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালভাবে পড়বে।প্রশ্ন: গ. রেণুর পরিবারে নারীর যে অবস্থা ফুটে উঠেছে, তা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. রেণুর মায়ের মনোভাবের মধ্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর: গ. উদ্দীপকে রেণুর পরিবারের নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তাতে রেণুর মা-বাবার মানসিকতার চরম বৈষম্য লক্ষ করা যায়।রেণুর মা-বাবা পুত্রসন্তানের প্রতি যতটুকু স্নেহ, মায়া, মমতা প্রকাশ করেন, মেয়েসন্তানের প্রতি ততটুকু করেননি। এ বিষয়ে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখিকাও সুস্পষ্ট মত প্রকাশ করেছেন। তিনি মা-বাবার স্নেহকে অপার্থিব বলে চিহ্নিত করে এবং কন্যার প্রতি মা-বাবার বৈষম্যমূলক ব্যবহারের সমালোচনা করেছেন ও তার অবসান কামনা করেছেন। ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের শুরুতেই বেগম রোকেয়া শিক্ষাক্ষেত্রে নারীদের পশ্চাৎপদতার সমস্যা হিসেবে পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নারীদের শিক্ষাগ্রহণের সুযোগের স্বল্পতাকে চিহ্নিত করেছেন। পুরুষশাসিত সমাজ নারীশিক্ষাকে স্বীকার করতে চায়নি। তারা মনে করত, নারীরা শিক্ষিত হয়ে উঠলে সমাজ নষ্ট হয়ে যাবে। তাই মা-বাবা তাদের কন্যাসন্তানদের শিক্ষাগ্রহণে উৎসাহিত না করে বরং নিরুৎসাহিত করতেন।উদ্দীপকেও আমরা দেখতে পাই যে রেণুর মা-বাবা তাঁদের পুত্রসন্তানের জন্য গৃহশিক্ষকের ব্যবস্থা করলেও রেণুর শিক্ষাগ্রহণের বিষয়ে উদাসীন। রেণুকে তাঁরা রান্না করা, সোয়েটার বুনন আর ঘরদোর গোছানোর কাজ শেখাতেই আগ্রহী। পুত্রসন্তান ভবিষ্যতে তাঁদের ভরণপোষণ করবে, এই ভাবনায় রেণুর ভাই রাজুকে তাঁরা সংসার জীবনের প্রতি ক্ষেত্রেই প্রাধান্য দেন। পুত্রের কোনো অপরাধও তাঁরা আমলে নেন না। অন্যদিকে রেণু যতই বয়োপ্রাপ্ত হচ্ছে মা-বাবা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠছেন। এরূপ বৈষম্যমূলক আচরণ কখনো সমাজের জন্য মঙ্গলজনক হতে পারে না। এক কথায় রেণুর প্রতি তার মা-বাবার আচরণ খুবই অযৌক্তিক ও অন্যায়। মা-বাবার এমন অসচেতনতার কারণেই রেণুর মতো মেয়েরা সব ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।উত্তর: ঘ. উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি বৈষম্য, অবহেলা ও অসচেতনতা।নারীর উন্নতিকল্পে সর্বোচ্চতম জিনিস হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতির শীর্ষে উন্নত হতে পারে না। কিন্তু কন্যাসন্তানের শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে রেণুর মা অসচেতন বলেই তিনি রেণুর শিক্ষা গ্রহণের বিষয়ে উদাসীন বরং মেয়েকে সংসারের কাজে পারদর্শী করে তুলতে চান। উদ্দীপকে নারীশিক্ষা বিষয়ে রেণুর মায়ের অনুদার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। রেণুর মায়ের মতো এমন অনেক সংকীর্ণ মন-মানসিকতার মানুষ আছে, যারা নারীশিক্ষার ঘোর বিরোধী। এ প্রসঙ্গে বেগম রোকেয়া ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বলেছেন, পুরুষ যখন বাইরের জগতের জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় বিচারণ করে, তখন নারী কেবল কিছু সূচিকর্ম ও নানাবিধ রন্ধনপ্রণালির পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। প্রকৃত অর্থে, কন্যাসন্তানের শিক্ষা বিষয়ে রেণুুর মায়ের যে মানসিকতা প্রকাশ পেয়েছে—এ ধরনের মানসিকতার কারণেই নারীশিক্ষার প্রসারে বিঘ্ন ঘটছে। কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে নারীসমাজ। নারীও যে পুরুষের মতো অফিস-আদালতে, ব্যবসায়-বাণিজ্যের কর্ণধার, জজ-ব্যারিস্টার হতে পারে রেণুর মা যেন এসবের কিছুই জানেন না। যে কারণে মেয়ের শিক্ষা গ্রহণে তাঁর ঘোর আপত্তি।নারী সমাজের অর্ধেক, তাই নারীশিক্ষার অগ্রগতির মধ্য দিয়েই নারীরা নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করতে পারে। এ ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে পরিবারের সদস্যদের। অপার্থিব সম্পদ হিসেবে স্নেহ, মায়া-মমতার ব্যাপারে কোনো বৈষম্য থাকা উচিত নয়। কেননা, সন্তান হিসেবে পুত্র-কন্যা দুজনই সমগুরুত্ব লাভের দাবিদার। এর বিপরীত কোনো সত্য যথার্থতা বিচারে গ্রহণযোগ্য নয়, তা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে আমাদের সমাজে কন্যাসন্তানকে মা-বাবা সব সময়ই একটু আড় চোখে দেখেন। বিশেষ করে পুত্রসন্তান রাজুর পড়াশোনার ব্যাপারে রেণুর মা যতটা সচেতন, মেয়ে রেণুর ব্যাপারে তার সম্পূর্ণই বিপরীত। রেণুর মায়ের এ ধরনের মানসিকতা মূলত কন্যাসন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণেরই অঙ্গুলি নির্দেশ করে। যে আচরণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না।