একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাকান্তের জবানবন্দিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’র মূলভাব ভিন্ন প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে—মন্তব্যটির ক্ষেত্রে তোমার মতামত উপস্থাপন করো। উত্তর: ঘ. ‘কমলাকান্তের জবানবন্দি’র প্রেক্ষাপট আর ওপরের অনুচ্ছেদের প্রেক্ষাপট ভিন্ন হলেও মূলভাব অভিন্ন। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনার মূল ভাব আদালতে সত্যের নামে সাজানো ও কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকে এতিমখানার উদ্বোধন উপলক্ষে এতিমদের যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তা-ও কৃত্রিম আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। তারাগঞ্জ গ্রামে চৌধুরী সাহেবের নামে একটি এতিমখানা স্থাপন করা হয়েছে। এর উদ্বোধন উপলক্ষে এতিমদের খাওয়া দাওয়া করানো হবে। কিন্তু এ অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত হয়েছেন, তাঁদের অধিকাংশই এলাকার অবস্থাপন্ন গণ্যমান্য ব্যক্তি, যা অনুষ্ঠানের মূলভাবের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনায় ভিন্ন প্রেক্ষাপটে একই ভাব প্রকাশ পেয়েছে। আদালতে উকিল বাবু যেসব বিষয় নিয়ে কমলাকান্তকে জেরা করছেন, বিচারের সঙ্গে তা পুরোপুরি সংগতিপূর্ণ নয়।কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি মামলার সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়েছে। তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে উকিল বাবু নানা ধরনের জেরা শুরু করলেন। তার নিবাস কোথায়, জাতি কী, সে কোন বর্ণের, তার পেশা কী বা খায় কী করে? কমলাকান্ত এসব প্রশ্নের যে জবাব দিয়েছে, তা অনেকখানি পাগলামির শামিল। তাকে জেরা করতে গিয়ে উকিল যেভাবে পদে পদে বিব্রত ও নাকাল হয়েছেন, তাতে আমরা বিস্মিত না হয়ে পারি না। আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষী কমলাকান্তের জবানবন্দির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে; আদালতের সাজানো-গোছানো যে গালভরা সত্যের কারবার চলে, তা অনেকাংশই কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। উদ্দীপকে চৌধুরী সাহেবের এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানও একই কথা মনে করিয়ে দেয়। এ অনুষ্ঠান এতিমদের খাওয়া দাওয়ার নামে যাঁদের নিমন্ত্রণ করেছেন, তাঁরা অধিকাংশই এলাকার অবস্থাপন্ন গণ্যমান্য ব্যক্তি। আসলে ছবি তোলার জন্য এটা ছিল সাজানো কৃত্রিম আনুষ্ঠানিকতা মাত্র। ব্যাপারটা এতিমখানার ১২ বছরের বালক বদিউরের মনে বিষম ভাবনার জন্ম দেয়। উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট হয়, ওপরের অনুচ্ছেদটি ‘কমলাকান্তের জবানবন্দি’র মূলভাব ভিন্ন প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে। মন্তব্যটির ক্ষেত্রে আমিও অভিন্ন মত পোষণ করি।