একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একুশের গল্প’ গল্প থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. অনুচ্ছেদের সঙ্গে ‘একুশের গল্প’—এর অংশ বিশেষের যে স্বাতন্ত্র্য লক্ষ করা যায় তার স্বরূপ—প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তর: ঘ. ‘একুশের গল্প’ গল্পটি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। এ গল্পে রাষ্ট্রভাষা বাংলা চাই—দাবির মিছিলে অংশগ্রহণকারী তপু প্রাণ হারান। মেডিকেল কলেজের ছাত্র তপু ছিলেন প্রাণবন্ত ও উদ্দাম। উচ্ছলতা দিয়ে আসর জমিয়ে রাখতেন তিনি। ভাষা আন্দোলনের মিছিলে প্ল্যাকার্ড হাতে তপু অংশ নেন। মিছিলে মিলিটারিরা গুলি চালালে একটি গুলি এসে তাঁর কপাল ভেদ করে যায়। তিনি লুটিয়ে পড়লে তাঁর লাশ মিলিটারিরা নিয়ে যায়। চার বছর পর তপুর রুমমেটরা পুনরায় তপুকে ফিরে পান কঙ্কাল হিসেবে। এভাবে তপু বৃদ্ধ মায়ের আশা-ভরসাকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রভাষা আন্দোলনে অংশগ্রহণ করে আত্মাহুতি দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেন। তেমনি উদ্দীপকের ছেলে মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে মায়ের বুকের সব আশাকে বিসর্জন দিয়ে যুদ্ধে শহীদ হন। বিনিময়ে আজকের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্র বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়। তপু চার বছর পর ফিরে এসেছিলেন কঙ্কাল হিসেবে। কিন্তু মনিরের মা তাঁকে খুঁজে পেয়েছেন কল্পচিত্রে তথা যাপিত জীবনের কাজকর্মে, ভাব-ভাবনায় অর্থাৎ বাংলার সব কিছুতে। তপু শহীদ হন ভাষা আন্দোলনে আর মনির শহীদ হন স্বাধীনতাযুদ্ধে। তপু লেখাপড়া করছিলেন মেডিকেল কলেজে আর মনির অধ্যয়নরত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দুজনই শহীদ হন আর দুজনেই বাংলার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে রয়ে গেলেন। তাঁদের আত্মাহুতির মাধ্যমে একজন রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করলেন আর অন্যজন রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে মরে গিয়েও অমর হয়ে বেঁচে রইলেন আমাদের মাঝে।