একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাহ্নের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘অপরাহ্নের গল্প’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ইয়াসিন সাহেব যখন নয় বছরের সানজানাকে তুলে আনলেন তখনো বোঝা যাচ্ছিল না সে বেঁচে আছে কি না! এ অবস্থায় তিনি ভাবছেন এই তো সেদিন ওর বাবা বিদেশ থেকে এল। বাবা যেদিন মারা গেল সেদিন সানজানার জন্ম। এত দিন সে পরহেজগার মায়ের আশ্রয়ে পূর্ণ নিরাপত্তায় ছিল। গেল মাসে মেয়েটির মাও মারা গেল। কত মানুষেরই তো মা-বাবা থাকে না। তাই বলে আত্মহত্যা!অনেক চেষ্টায় সানজানার জ্ঞান ফিরলে জানা যায়, তার রক্তে HIV পজিটিভ পাওয়া গেছে। তার মায়ের মৃত্যুর কারণও তাই। আপন ভাইবোন তাকে একঘরে করে দিয়েছে। কেউ তার সঙ্গে খাওয়াদাওয়া করে না, মেলামেশা করে না, এমনকি কথা পর্যন্ত বলে না।প্রশ্ন: ক. আব্দুল মজিদ কোথায় কাজ করতেন?প্রশ্ন: খ. এ দেশে যৌনতাবিষয়ক প্রসঙ্গকে ‘ট্যাবু’ বলার কারণ ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. সানজানার HIV আক্রান্ত হওয়ার কারণ ‘অপরাহ্নের গল্প’ অবলম্বনে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. ‘ইয়াসিন সাহেব সানজানাকে উদ্ধার করে HIV সংক্রমণের ঝুঁকি নিয়েছেন’ ‘অপরাহ্নের গল্প’ অবলম্বনে বিশ্লেষণ করো।উত্তর: ক. আব্দুল মজিদ ইন্দোনেশিয়ায় কাজ করতেন।উত্তর: খ. ‘ট্যাবু (Taboo) শব্দের অর্থ নিষিদ্ধ, অলঙ্ঘনীয়। আমাদের দেশে যৌনতা সংক্রান্ত বিষয়কে একটা গোপন বিষয় বলে মনে করা হয়। তারা মনে করে, এটা যেহেতু গোপন বিষয়, অতএব এটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কিন্তু মানবজীবনে যৌনতা একটা গুরুত্বপূর্ণ দিক, যা মানুষের জানা প্রয়োজন। কিন্তু সেখানে এ বিষয়ে আলোচনা হয় না, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সেখানে এটি গোপন ও অজানা বিষয় হিসেবেই বিবেচনা করা হয়। অথচ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমাদের সমাজে একটি অঘোষিত নিষিদ্ধ বিষয় বলে মনে করা হয়। ফলে আমাদের সন্তানেরা যৌনতাসংক্রান্ত বিষয়ে নানা ধরনের ভুল ধারণা নিয়ে অনিয়মতান্ত্রিক ও অনিরাপদ যৌনতার দিকে এগিয়ে যায়। সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যৌনতা বিষয়ক শিক্ষার ব্যবস্থা থাকলে, এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করতে পারলে যৌনতা সংক্রান্ত জ্ঞান কোনো নিষিদ্ধ বা অলঙ্ঘনীয় বিষয় হতো না। লেখক যৌনতা বিষয়ক প্রসঙ্গকে ‘ট্যাবু’ বলার কারণ এখানেই নিহিত। যৌনতার একটি সঠিক ধারণা থাকা যেখানে আবশ্যক, সেখানে এটাকে একটি নিষিদ্ধ অপরাধের বিষয় মনে করা হয়।উত্তর: গ. এইচআইভি তে আক্রান্ত হওয়ার যেসব কারণ এবং কীভাবে বিস্তার লাভ করে তা হুমায়ূন আহমেদ রচিত ‘অপরাহ্নের গল্প’-এ আলোচিত হয়েছে।এইডস -এর জন্য দায়ী এইচআইভি ভাইরাস। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এ রোগে আক্রান্ত ব্যক্তির বীর্য, রক্ত ও মায়ের দুধ এ তিনটির আদান-প্রদানে এ রোগ ছড়ায়। উল্লিখিত উদ্দীপকে সানজানার এইচআইভিতে আক্রান্ত হওয়ার পেছনে এ কারণ বিদ্যমান। গল্পের লেখক এ বিষয়টি সুন্দরভাবে আলোচনা করেছেন।জনপ্রিয় ও খ্যাতিমান লেখক হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতার আলোকে রচিত ‘অপরাহ্নের গল্প’। তিনি এইডস -এর মতো একটি ঘাতক ব্যাধিকে প্রাণবন্ত করে তুলে ধরেছেন। নয় বছরের ছোট শিশুর তো এ রোগে আক্রান্ত হওয়ার কথা নয়। কিন্তু আমরা জানি যে, মানবদেহে এইচআইভি ভাইরাসের বিস্তার ঘটে তিন জাতীয় তরলের মাধ্যমে—আক্রান্ত ব্যক্তির বীর্য, রক্ত ও মায়ের দুধে। জানা গেল, সানজানার বাবার মাধ্যমে সানজানার মা-ও এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের বুকের দুধ পান করায় সানজানাও এইচআইভিতে আক্রান্ত হয়। যার পরিণতিতে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। হুমায়ুন আহমেদের ‘অপরাহ্নের গল্প’-এ আব্দুল মজিদ অনিরাপদ যৌনতার মাধ্যমে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন। ধীরে ধীরে তিনি মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়েন। এখানে কাজ করেছে অনিরাপদ যৌন মিলন। সানজানার বাবার মাধ্যমে এইচআইভিতে আক্রান্ত হন সানাজানার মা। আর সানজানার ক্ষেত্রে আক্রান্ত মায়ের দুধ পান তাকে এইচআইভিতে আক্রান্ত করেছে।উত্তর: ঘ. এইচআইভি ভাইরাস স্বাভাবিক মেলামেশায় কোনো সমস্যা সৃষ্টি করে না। এটি ছোঁয়াচে রোগ নয় যে এক দেহ থেকে অন্য দেহে স্বাভাবিক মেলামেশায় সংক্রমিত হবে। আব্দুল মজিদের করুণ অবস্থার দিনগুলোতে তাঁর সংস্পর্শে কেউ যায়নি এই ভেবে যে, না জানি তাদের এই রোগ হয়। তারা জানত না কীভাবে এইডস ছড়ায়। সাধারণ জীবনযাপনে, মেলামেশায় এ রোগের কোনো প্রভাব পড়ে না। উদ্দীপকের ইয়াসিন সাহেব সানজানাকে উদ্ধার করে সংক্রমণের ঝুঁকি নিয়েছেন—বিষয়টি ঠিক নয়। কাউকে উদ্ধার করার ফলে তো এই রোগ হয় না। উদ্ধার করতে গিয়ে নির্দিষ্ট তিন তরলের কোনটিরই আদান-প্রদান ঘটেনি, তাই তার সংক্রমণের বিষয়টি অমূলক। আসলে এইডস সম্পর্কে আমাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। অহেতুক ধারণা ও কুসংস্কারের বশবর্তী হয়ে এর প্রতি ঘৃণা বা অবহেলা করা উচিত নয়। ‘অপরাহ্নের গল্প’-এর আলোকে যে জ্ঞান ও ধারণা পাওয়া যায় তাতে উদ্দীপকের ইয়াসিন সাহেবের HIV সংক্রমণের ঝুঁকি নেই। তাই বলা যায়, ‘বাঁচতে হলে জানতে হবে’ স্লোগানটি বিশেষ তাৎপর্যপূর্ণ।