একাদশ শ্রেণীর বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফটোগ্রাফপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের ‘একটি ফটোগ্রাফ’ কবিতা থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ. প্রতীক্ষারত মা এবং পুত্রহারা পিতার অনুভূতির তুলনা করো। উত্তর: ঘ. প্রতীক্ষারত মায়ের পরিচয় হলো তিনি একজন ভাষাশহীদের মা, আর পুত্রহারা পিতা বলতে বোঝানো হয়েছে ‘একটি ফটোগ্রাফ’ কবিতার অকালপ্রয়াত পুত্রের বাবাকে।শহরে অধ্যয়নরত ছেলে মায়ের চিঠি পেয়েছে। গাঁয়ে মায়ের কাছে যাওয়ার জন্য সে চিঠি পকেটে নিয়েই ভাষা আন্দোলনে রাজপথে পুলিশের গুলিতে নিহত হয়েছে। অথচ মা তাঁর পুত্রের প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছেন। অপরদিকে তিন বছর আগে পানিতে ডুবে মারা যাওয়া শিশুসন্তানের ফটোগ্রাফ দেখে পিতা প্রায়ই শোকাতুর হয়ে পড়েন।ছেলের বাড়িতে আসার জন্য চিঠি পাঠিয়ে মা তাঁর ছেলের জন্য নানা রকমের খাদ্য তৈরি করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু মরে যাওয়া ছেলে ফিরে আসবে কী করে! যে কারণে খোকা তার মায়ের কোলে ফিরে আসে না। অথচ মায়ের প্রতীক্ষার শেষ নেই। এটা মায়ের সহজাত স্বভাব। খোকা তার মায়ের কোলে আর কোনো দিন ফিরে না এলেও মা তাঁর খোকার প্রতীক্ষায় আমৃত্যু প্রহর গুনবেনই।অপরদিকে বছর তিনেক আগে কোনো এক কাকডাকা গ্রীষ্মের দুপুরে গ্রামের পুকুরে ডুবে মারা যাওয়া এক পুত্রসন্তানের পিতা পুত্রের একটি ফটোগ্রাফ দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ফটোগ্রাফটির দিকে তাকালেই পিতার মনে হয়, ফ্রেমের মধ্য থেকে ফটোগ্রাফটি নিষ্পলক দৃষ্টিতে সুন্দরভাবে চেয়ে আছে অবিরাম। দেয়ালের ছবিজুড়ে যেন অকালপ্রয়াত পুত্রের অস্তিত্ব। শোকাতুর পিতার সংবেদনশীল মন থেকে পুত্রশোকের অনুভূতি কখনো দূর হয় না।খোকার মা তার বাড়ি ফেরার প্রতীক্ষায় শোকাতুর আর পিতা তাঁর অকালপ্রয়াত পুত্রের ফটোগ্রাফ দর্শনে শোকাতুর। মায়ের মনে এখনো তাঁর পুত্র ফিরে আসবে বলে বিরামহীন প্রতীক্ষা এবং পিতার মনে পুত্রের আর কোনো দিন ফিরে না আসার শোক। যে কারণে অনুভূতিতে কিছুটা হলেও ভিন্নতা রয়েছে এবং এ ভিন্নতা থাকা খুবই স্বাভাবিক।