প্রাথমিক আলোচনা অংশ-৫এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। ধারাবাহিকভাবে বাংলা ১ম পত্রে সৃজনশীল পদ্ধতির নিয়মকানুন ও কলাকৌশল পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে। আজ ছাপা হলো ৫ম ও শেষ অংশ।গতকালের পর উদ্দীপকটি থেকে প্রয়োগের প্রশ্ন করা যায়—গ. মিনুর করুণ পরিণতির কারণ ‘হৈমন্তী’ গল্পের আলোকে ব্যাখ্যা করো। ৩এ প্রশ্নের উত্তরে শিক্ষার্থী তার জ্ঞান অংশে বলবে—মিনুর করুণ পরিণতির কারণ তৎকালীন সমাজের পণপ্রথা বা যৌতুকপ্রথা। অনুধাবন অংশে ‘হৈমন্তী’ গল্পে পণপ্রথা কীভাবে, কী প্রভাব ফেলেছে তার বর্ণনা শিক্ষার্থী নিজের মতো করে লিখবে। আর প্রয়োগে এসে এই পণপ্রথা উদ্দীপকের মিনুর জীবনে কী প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করবে। প্রয়োগমূলক প্রশ্ন করার সময় মনে রাখতে হবে: ১. এটি চিন্তনদক্ষতার তৃতীয় স্তর, যার মান-৩। যার মধ্যে জ্ঞানের জন্য-১, অনুধাবনের জন্য-১ এবং প্রয়োগের জন্য-১। যদি তিনটি অংশেরই উত্তর হয় তাহলে শিক্ষার্থী পূর্ণ নম্বরই পাবে। ২. শিক্ষার্থী এ জাতীয় প্রশ্নের উত্তর করার সময় জ্ঞান, অনুধাবন বা প্রয়োগের যেকোনো একটির উত্তর আগে দিয়ে লেখা শুরু করতে পারে তাতে কোনো অসুবিধা নেই। মূল তথ্যগুলো উত্তরের যে কোনো অংশে থাকলেই শিক্ষার্থী নম্বর পাবে। ৩. শিক্ষার্থী উদ্দীপকের বক্তব্যকে পাঠ্যবইয়ের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে, আর পাঠ্যবইয়ের বক্তব্যকেও উদ্দীপকের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে। অর্থাৎ ভাইস ভার্সা।উচ্চতর দক্ষতা বা উচ্চতর চিন্তনদক্ষতামূলক প্রশ্নএটি চিন্তনদক্ষতার চতুর্থ ও শেষ স্তর। এ অংশে শিক্ষার্থীর চিন্তনদক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। অর্থাৎ শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করে তা আবার সংশ্লেষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীর এই Analytical power কেই উচ্চতর দক্ষতা বলে। আলোচ্য উদ্দীপক থেকে একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন করা হয়েছে।যেমন: ঘ. তুমি মনে করো মিনু হৈমন্তী চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।এর উত্তরে শিক্ষার্থী তার পাঠ্যবইয়ের হৈমন্তী চরিত্রের নানা দিক বিবেচনায় আনবে, পাশাপাশি উদ্দীপকের মিনু চরিত্রের বৈশিষ্ট্যগুলোও বিবেচনায় আনবে। উভয় চরিত্র বিশ্লেষণ করে শিক্ষার্থী দেখাবে যে, মিনু হৈমন্তী চরিত্রের পুরোপুরি প্রতিনিধিত্ব করে না, আংশিক মিল আছে মাত্র। অর্থাৎ উভয়ই সামাজিক পণপ্রথা বা যৌতুকের বলি এই দিকটির শুধু মিল আছে। আর হৈমন্তী চরিত্রের অন্যান্য গুণ-সত্যবাদিতা, নিষ্ঠা, উদারচেতা মনোভাব, জীবনবোধ, পিতার প্রতি সুগভীর শ্রদ্ধাবোধ, আত্মসংযমবোধ, প্রতিবাদী সত্তা ইত্যাদির সঙ্গে মিনু চরিত্রের মিল নেই। কাজেই উদ্দীপকের মিনু পরিপূর্ণ হৈমন্তী নয়।উচ্চতর দক্ষতার প্রশ্ন করার সময় মনে রাখতে হবে: ১. শিক্ষার্থীর সংশ্লেষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন বা যথার্থতা যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য-উপাত্ত উদ্দীপকে যেন থাকে। ২. শিক্ষার্থী তার জ্ঞান ও অনুধাবনকে উদ্দীপকে প্রয়োগ করার পর নতুনভাবে সিদ্ধান্ত নেওয়ার যেন সুযোগ পায়। যেমনটি আলোচ্য মিনুর ক্ষেত্রে শিক্ষার্থীরা নিতে পারবে। এভাবে যেকোনো পরিস্থিতি যাচাই-বাছাই করে শিক্ষার্থীর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাই উচ্চতর দক্ষতা।