একাদশ শ্রেণীর সৃজনশীল পদ্ধতি: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক আলোচনা  অংশ-১এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়ে শুধু বাংলা প্রথম পত্রে সৃজনশীল পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সনাতন পদ্ধতিতেই পড়বে। ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ও সৃজনশীল পদ্ধতির আওতায় আসবে। ধারাবাহিকভাবে বাংলা ১ম পত্রে সৃজনশীল পদ্ধতি নিয়মকানুন ও কলাকৌশল পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে। আজ প্রথম অংশ ছাপা হলো। সৃজনশীল প্রশ্নপদ্ধতি কী: গতানুগতিক বহুনির্বাচনী প্রশ্নের পরিবর্তে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর অনুযায়ী দক্ষতাভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন করা হবে। আর পুরোনো পদ্ধতির রচনামূলক, সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যা ইত্যাদির পরিবর্তে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। বহুনির্বাচনী ও সৃজনশীল এ দুটি অংশেই শিক্ষার্থীর চিন্তন দক্ষতার চারটি স্তর—জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাই করা হবে। এ পদ্ধতি দুর্বল ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে সুচারুভাবে পার্থক্য নিরূপণ করতে পারে। সৃজনশীল প্রশ্ন প্রণয়নের কলাকৌশল: এ পদ্ধতিতে সর্বপ্রথম একটি উদ্দীপক (Stem) তৈরি করতে হবে। মনে রাখতে হবে, উদ্দীপকে কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর থাকবে না; বরং উদ্দীপকটি শিক্ষার্থীকে উত্তরদানে সাহায্য করবে। অর্থাৎ উদ্দীপকটি শুধু শিক্ষার্থীর উদ্দীপনা জাগাবে, শিক্ষার্থীকে ভাবতে শেখাবে। উদ্দীপক তৈরির সময় অবশ্যই যা করতে হবে— # পাঠ্যপুস্তকের কোনো অংশ বা অনুচ্ছেদকে সরাসরি উদ্দীপক হিসেবে ব্যবহার করা যাবে না। উদ্দীপক হবে মৌলিক (Unique)। তবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একাধিক অধ্যায় বা বিষয় মিলিয়ে প্রশ্ন করা যেতে পারে। # পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে পত্রপত্রিকা, সমালোচনাগ্রন্থ, ম্যাগাজিন, চিত্র, ডায়াগ্রাম, সারণি, চার্ট, রেডিও বা টেলিভিশনে প্রচারিত কোনো প্রতিবেদন, প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন ইত্যাদির সাহায্যে উদ্দীপক তৈরি করতে হবে। # উদ্দীপকের ভাষা হবে সহজ-সরল, আকর্ষণীয় ও সংক্ষিপ্ত। অপ্রয়োজনীয় শব্দ বা বাক্য পরিহার করতে হবে। # পাঠ্যপুস্তকের কোনো একটি অধ্যায়ের আলোকে অথবা একাধিক অধ্যায় সমন্বয় করেও উদ্দীপক তৈরি করা যাবে।# উন্নতমানের উদ্দীপক তৈরি করতে চাইলে একজন শিক্ষককে সর্বপ্রথম পাঠ্যবই ভালোভাবে কয়েকবার পড়তে হবে। তারপর প্রতিটি অধ্যায়ের উদ্দেশ্য ও শিখনফল বুঝতে হবে। এরপর ওই অধ্যায়ে বর্ণিত বিভিন্ন দিক বা ভাব খুঁজে বের করে এর যেকোনো একটি বা একাধিক ভাবের আলোকে কাল্পনিক উদ্দীপক তৈরি করতে হবে।যেমন—‘হৈমন্তী’ গল্পে তৎকালীন হিন্দু সমাজের পণপ্রথা বা যৌতুকপ্রথা, সামাজিক সংস্কার বা কুসংস্কার, আধুনিক শিক্ষার প্রতি সমাজের নেতিবাচক মনোভাব বা সনাতন ও আধুনিক শিক্ষার দ্বন্দ্ব, নারীকে শুধু ভোগ্যপণ্য হিসেবে মনে করা, দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, নারীমুক্তির আকাঙ্ক্ষা বা নারীর স্বাধীনচেতা মনোভাব ইত্যাদি দিক ফুটে উঠেছে। এ গল্প থেকে কোনো সৃজনশীল প্রশ্ন তৈরি করতে চাইলে আগে এখানকার যেকোনো এক বা একাধিক দিক ও ভাব নির্বাচন করে তার আলোকে উদ্দীপক তৈরি করতে হবে। নিচে একটি নমুনা উদ্দীপক দেওয়া হলো।মাকত দিন তোমায় দেখি না, তোমার হাতের খাবার খাই না। কী যে এক বিপন্ন বিষাদের বৃত্তে আমার বসবাস! কী করে তোমায় বলি? মানুষ এত নিষ্ঠুর বৈষয়িক কেন, মা? সমস্ত সত্তা দিয়ে চেষ্টা করেও তাদের মন পেলাম না। টাকা গড়ে এরা মনকে পিষ্ট করে। তাই তো তোমাদের প্রতিশ্রুত উপঢৌকন এদের প্রাপ্তির ঝুলিতে জমা না হওয়ায় আমাকে নিষ্পেষিত হতে হচ্ছে। কিন্তু কখনো তোমাদের নিয়ে বক্রোক্তি করলে নির্বিবাদ থাকতে পারি না। বিনিময়ে জোটে অকথ্য নির্যাতন। যার হাতে তোমরা আমাকে সঁপে দিয়েছ, সবার আগে সে হাত ওঠাতে দ্বিধা করে না। আমাকে ক্ষমা করো। তোমরা ভালো থেকো, শরীরের যত্ন নিয়ো। ইতি, মিনু(বি:দ্র: চিঠিটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের আলোকে লিখিত। মেয়েটি চিঠি লেখার কয়েকদিন পর মারা যায়।) # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল