একাদশে ভর্তিতে প্রথম দিনে আবেদন ৪৬ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ২৬ মে পর্যন্ত আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত মোট ৪৬ হাজার ২১৬ জন আবেদন করেছে। এর মধ্যে অনলাইনে করেছে ৩৮ হাজারের কিছু বেশি। বাকিরা এসএমএসে করেছে।

নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হচ্ছে। আর এসএমএসের (খুদে বার্তা) মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা ফি দিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদনের পর একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। অনলাইনের জন্য www.xiclassadmission.gov.bd ঠিকানায় এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কায়কোবাদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ।

গত বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে। তারা এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় আছে। ভর্তি শেষে ক্লাস শুরু হবে ১ জুলাই।