এখন থেকেই নাও সঠিক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী প্রধান শিক্ষকভিকারুননিসা নূন স্কুল, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গত বছর থেকে শুরু হয়েছে। এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যেই বিরাজ করছে নতুন এক প্রতিযোগিতার আবহ। সেই সঙ্গে কিছুটা দুশ্চিন্তাও। তবে পরীক্ষাটিকে সহজভাবে গ্রহণ করে এর প্রস্তুতি বিষয়ে একটু সচেতন হলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।জোর দাও: পঞ্চম শ্রেণীর জন্য বোর্ড কর্তৃক ইংরেজি, পরিবেশ পরিচিতি বিজ্ঞান, গণিত ছাড়াও অন্যান্য যেসব বিষয় পাঠ্যবই হিসেবে নির্ধারিত হয়েছে, এগুলো শিক্ষার্থীদের উপযোগী করেই করি তৈরি করা হয়েছে বলে আমি মনে করি। তবে সার্বিকভাবে দেখা যায় অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান—এসব বিষয়ে তারা একটু কম নম্বর পায়। এর জন্য বিষয়ভিত্তিক শিক্ষকগণ অবশ্যই নিজ নিজ বিষয়গুলো শিক্ষার্থীদের আরও ভালোমতো বুঝিয়ে বলবেন। ইংরেজি পাঠ্যবইটি হুবহু পড়তে হবে। চিঠি লেখার নিয়মাবলী সঠিকভাবে শিখতে হবে। বইয়ের লেসন অনুযায়ী Paragraph, Letter, Dialogue writing—এসব শিখতে হবে। Comprehension অনুশীলন করতে হবে। কবিতা সঠিকভাবে মুখস্থ শিখতে হবে। তা ছাড়া ছোট ছোট বাক্য দিয়ে নির্ভুলভাবে বাক্য রচনা বেশি করে করতে হবে। বিশেষ করে অঙ্কে যাতে ছোটখাটো ভুল না হয়, এ ব্যাপারে যথেষ্ট মনোযোগী থাকতে হবে। বিজ্ঞানের প্রশ্নোত্তরে দু-একটা সহজ চিত্র দিলে নম্বর ভালো পাওয়া যায়। তা ছাড়া মূল বইয়ের প্রতিটি অধ্যায়কে বারবার পড়তে হবে, যাতে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো সঠিক হয়।সংক্ষিপ্ত উত্তর: সংক্ষিপ্ত উত্তরের বেলায় বেশি ভূমিকার দরকার নেই। শুধু প্রসঙ্গের উল্লেখ করে সরাসরি উত্তরে চলে যেতে হবে। প্রশ্নের মান কত সেদিকে লক্ষ রেখে উত্তর দিতে হবে। ৫ নম্বরের জন্য যতটুকু লেখার প্রয়োজন, ৩ নম্বরের জন্য ততটুকু লেখার দরকার নেই। তবে উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। তা না হলে সংক্ষিপ্ত উত্তরে ভালো নম্বর পাওয়া যাবে না।নৈর্ব্যক্তিক প্রশ্ন: নৈর্ব্যক্তিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার একমাত্র উপায় হলো মূল পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়া। মুখস্থ না করলেও বিশেষ বিশেষ লাইনগুলো দাগ দিয়ে রেখে সেগুলো বারবার পড়তে হবে।রচনামূলক প্রশ্ন: রচনামূলক প্রশ্নোত্তরের জন্য প্রথমেই সময়ের দিকটি লক্ষ রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর বেশি বড় লিখতে গিয়ে অন্য উত্তরগুলো ছেড়ে আসা কোনোভাবেই উচিত নয়। তাতে করে মোট নম্বর কমে যাবে। তাই প্রথমে প্রসঙ্গের উল্লেখ করে একটা ভূমিকা লিখতে হবে। এরপর প্রশ্নের ধরন বুঝে বিশ্লেষণ করতে হবে। চরিত্রের বর্ণনা ছাড়া পয়েন্ট করে উত্তর লেখার দরকার নেই। প্যারা করে লিখলেই চলবে। তবে সবশেষে একটা উপসংহার লিখতে হবে। উত্তরের ভাষা সহজ-সরল, বাক্য নির্ভুল ও প্রাসঙ্গিক হলেই রচনামূলক প্রশ্নে ভালো নম্বর পাওয়া যাবে।পাঠ্য বই পড়ো: প্রশ্নের উত্তরের জন্য পাঠ্যবই-ই যথেষ্ট। তবে অন্য কোনো সহায়ক বই যদি বিষয়সংশ্লিষ্ট হয়, তাহলে সেটি পড়লে অসুবিধা নেই। যেমন ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সমাজবিজ্ঞান বা বিজ্ঞানবিষয়ক বই ইত্যাদি। গাইড বই-নোটবইয়ে অনেক ভুল ও অসম্পূর্ণতা থাকে। এ কারণে এসব বইয়ের সহযোগিতা নেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের সহযোগিতাই যথেষ্ট।শিক্ষকের সহায়তা: বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থী যেকোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারে। তাই শিক্ষার্থীদের উচিত তাদের যেকোনো সমস্যাকে বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে তুলে ধরা এবং তাঁর কাছ থেকে সাহায্য নেওয়া।চাপমুক্ত থাকো: পরীক্ষা সব শিক্ষার্থীর কাছেই একটি বাড়তি চাপের বিষয়। অন্য সময়ের চেয়ে পরীক্ষার পূর্বমুহূর্তে বা পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। তারা নিজের দায়িত্ব নিজে সঠিকভাবে পালন করতে পারে না। এ সময় শিক্ষক স্কুলে যেমন তাদের চাপমুক্ত রাখতে সহায়তা করতে পারেন, আবার বাড়িতে তাদের বাবা-মা বা অভিভাবক যাঁরাই থাকেন তাঁদের বেশি সচেতন হতে হবে। তার সঠিক সময়ে খাওয়া-দাওয়া, ঘুম, পড়াশোনা হচ্ছে কি না সে ব্যাপারে যত্নবান হতে হবে। তার মানসিক আনন্দদানের জন্য কিছু সুস্থ বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এভাবে আনন্দ দিয়ে পড়াশোনা করলে পরীক্ষার সময়ও শিক্ষার্থী চাপমুক্ত থেকে ভালো ফলাফল করতে পারে।প্রতিদিনের কাজ: একজন শিক্ষার্থীর ঘুম থেকে ওঠার পর, দৈনন্দিন কাজের জন্য নির্দিষ্ট সময় বণ্টন করা থাকলে তাদের সব কাজ সঠিক সময়ে তারা সম্পন্ন করতে পারে। স্কুল, পড়াশোনা, গৃহশিক্ষক, বিশ্রাম প্রতিটি কাজই তাদের নিয়মমাফিকভাবে হওয়া উচিত। ঘুমকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। তবে পরীক্ষার সময় পড়াশোনার জন্য তাদের কিছুটা সময় বেশি দিতে হবে। খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন তারা অযথা সময়ের অপচয় না করে।ভয় পাবে না: পরীক্ষা পরীক্ষাই। পরীক্ষা নিয়ে যাতে শিক্ষার্থীরা কোনো রকম ভীতির সম্মুখীন না হয়, সে ব্যাপারে শিক্ষক ও অভিভাবক উভয়েরই একটা ইতিবাচক ভূমিকা থাকতে হবে। সমাপনী পরীক্ষা তাদের জন্য ভয় তো নয়ই বরং স্কুলের চেয়ে কম প্রতিযোগিতায় তারা এখানে ভালো ফলাফল করে। এ কথাটিই তাদের সহজভাবে তুলে ধরতে হবে। শেষ কথা: আমি মনে করি, প্রাথমিক বিদ্যালয়ের একটি শিশুকে কোনো অবস্থাতেই আমরা পরীক্ষার নিয়মনীতির যাঁতাকলে পরীক্ষাটাকে তারা যাতে আনন্দচিত্তে গ্রহণ করতে পারে, সে জন্য নিয়মমাফিক সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হবে। একসঙ্গে সব বইয়ের পড়া আত্মস্থ করতে গিয়ে তাদের যাতে হিমশিম খেতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং সমাপনী পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেই তাদের প্রতি স্নেহসুলভ মন নিয়ে, আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্বটুকু পালন করলেই এসব কোমলমতি শিক্ষার্থী তাদের পরীক্ষাভীতিটুকু কাটিয়ে উঠতে পারবে এবং এই পরীক্ষা অত্যন্ত আনন্দচিত্তে গ্রহণ করবে। এতে করে এই পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে।