এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফলে এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছেন। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন ছেলেরা।

এ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৬১ হাজার ৫৩৮ জন। এর মধ্যে ছাত্রী ছিলেন ২৯ হাজার ৩৫৭ জন। পাস করেছেন ২১ হাজার ২৫০ জন। পাসের হার ৭২ দশমিক ৩৮ শতাংশ। অন্যদিকে ৩২ হাজার ১৮১ জন ছাত্র পরীক্ষা দিলেও পাস করেছেন ২১ হাজার ৯০৭ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৭ শতাংশ। সে হিসাবে ছেলেরা পাসের হারে মেয়েদের চেয়ে ৪ দশমিক ৩১ শতাংশ পিছিয়ে রয়েছেন।

গত বছর এ বোর্ডে মোট ৫৫ হাজার ৮০৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারী ২৭ হাজার ৪৯৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছিলেন ২০ হাজার ১১৯ জন (৭৩ দশমিক ১৬ শতাংশ)। অন্যদিকে ২৮ হাজার ৩০৫ ছাত্রের মধ্যে পাস করেছিলেন ১৮ হাজার ৯৭৮ জন (৬৭ দশমিক শূন্য ৫ শতাংশ)।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে। এবার মোট ৭৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৪১৬ জন ছাত্র। বাকি ৩৭১ জন ছাত্রী। গত বছর এ বোর্ডে মোট ১ হাজার ৩১০ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এর মধ্যে ছাত্রী ছিলেন ৬৫৯ জন।

বিভাগভিত্তিক ফল ধরলেও মেয়েরা এগিয়ে। বিজ্ঞানে মেয়েদের পাসের হার হচ্ছে ৮৩ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে এটা ৮১ দশমিক ২৩ শতাংশ। মানবিক বিভাগে ৬৫ দশমিক ৩২ শতাংশ মেয়ে এবং ৫৭ দশমিক ৬৬ শতাংশ ছেলে পাস করেছেন। আর বাণিজ্য বিভাগে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ২৯ শতাংশ; ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ।

জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, মেয়েরা ধারাবাহিকভাবেই ছেলেদের তুলনায় ভালো করছেন। ছেলেরা পড়াশোনার বাইরে অন্যান্য কাজে বেশি সময় দেন। কিন্তু মেয়েরা বাইরের বিষয়ের সঙ্গে কিছুটা যুক্ত থাকলেও পড়াশোনার পেছনেই বেশি সময় ব্যয় করেন। এ কারণেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে যাচ্ছেন বলে তিনি মনে করেন।