এবারও বোর্ডসেরা কুমিল্লা জিলা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জিলা স্কুল এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সেরার গৌরব অর্জন করল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৬০ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৩৬ জন। ব্যবসায় শিক্ষা শাখায় ৪১ জন পরীক্ষা দিয়ে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয় ৯৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট পেয়ে বোর্ড সেরা হয়।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছে। অভিভাবকেদের অনেকেই প্রত্যাশিত ফল পেয়ে আনন্দে কাঁদছেন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোহাইমিন সিদ্দিকী, আবরার হামিম, কাউসার আহমেদ ভূঁইয়া ও অরিন্দম বড়ুয়া বলেন, শিক্ষক ও অভিভাবকদের কড়া নজরদারি এবং নিজেদের কঠোর পরিশ্রমের কারণে এমন সাফল্য এসেছে।
প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘এবারের ব্যাচটি অন্যান্যবারের তুলনায় একটু দুর্বল ছিল। তাই প্রত্যাশিত ফল নিয়ে টেনশনে ছিলাম। বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা বিজ্ঞানের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে ছিল। সব মিলিয়ে অসম্ভব খুশি হয়েছি।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এমন গৌরবময় সাফল্য এসেছে বলে জানান তিনি।