২০০৭ সালে প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে যাত্রা শুরু হয়েছিল সিলেট কমার্স কলেজের। শতভাগ পাস নিয়ে সেবারই তাক লাগিয়ে যাত্রা শুরু করে কলেজটি। এরপর পুরোটাই কেবল সাফল্যের গল্প। এবারও শতভাগ পাসের ধারা অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। টানা আট বছর ধরে শতভাগ পাসের সাফল্যে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক-অভিভাবকেরা।
গতকাল প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফলে দেখা গেছে, বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সিলেট কমার্স কলেজ পঞ্চম স্থানে রয়েছে। এ কলেজ থেকে ৩৯১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৭ জন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. মজনু মিয়া জানান, মাধ্যমিকে জিপিএ-৪.৯৪ পেলেও এবার জিপিএ-৫ পেয়েছেন। কলেজের শিক্ষকদের প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।
নাজমা সিদ্দিকী নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কলেজের কোনো শিক্ষার্থীর বাইরে প্রাইভেট পড়ার নিয়ম নেই। তাই কলেজ থেকে আমাদের সব সময় বিশেষ পাঠ দেওয়া হতো। এটিই আমাকে জিপিএ-৫ পেতে সাহায্য করেছে।’