রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) ২০১০-১১ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি এমফিল এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।ভর্তির যোগ্যতা: এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে এবং পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নিম্নরূপভাবে নিরূপিত হবে: এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে—১. (ক) প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/জিপিএ ৩.০০ করে থাকতে হবে। (খ) প্রার্থীদের স্নাতক (সম্মান) ও মাস্টার্স শেষভাগ পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম শতকরা ৫০ ভাগ এবং অন্যটিতে শতকরা ৫৫ ভাগ নম্বর থাকতে হবে অথবা জিপিএ ৩.০০ এবং ৩.২৫ পেতে হবে। অথবা (গ) এমবিবিএস/বিডিএস/ ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি/ডিভিএম/ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারি/এমএসসি (ইঞ্জিনিয়ারিং)/এমএজি/ সমমান পাস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শতকরা ৫৫ ভাগ নম্বর অথবা সমমান জিপিএ পেতে হবে। ২. উল্লিখিত ১ (খ)-তে বর্ণিত একটি শর্ত পূরণ করে না এমন প্রার্থীকে বিশেষ বিবেচনায় ভর্তি করা যেতে পারে, যদি স্বীকৃত কোনো গবেষণা জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনাসহ তাঁর ডিগ্রি পর্যায়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে অন্তত চার বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী/জিপিএ ২.৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে—১. (ক) প্রার্থীর এমফিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা, (খ) এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতাসহ প্রার্থীকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/সরকার/স্বায়ত্তশাসিত কোনো সংস্থা থেকে পিএইচডি প্রোগ্রামের জন্য ফেলোশিপ প্রাপ্ত হতে হবে। অথবা, (গ) এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য ১(খ)-তে বর্ণিত একটি শর্ত পূরণ করেন না, এমন প্রার্থীকে ভর্তি করা যেতে পারে, যদি স্বীকৃত জার্নালে তিনটি গবেষণা প্রকাশনাসহ প্রার্থীর স্নাতক পর্যায়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা গবেষণা প্রতিষ্ঠানে ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী/জিপিএ ২.৫-এর কম থাকলে সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান পদ্ধতি: নগদ ১০০ টাকা অথবা সমপরিমাণের ব্যাংক ড্রাফট (ব্যাংক ড্রাফট অবশ্যই ‘সচিব, আইবিএস-এর অনুকূলে হতে হবে) জমা দিয়ে আইবিএস-এর পরিচালকের অফিস থেকে আবেদনপত্র ও ভর্তির নিয়মাবলি সংগ্রহ করা যাবে। অথবা ১০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ২০ টাকা মূল্যমানের ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়েও ভর্তির আবেদনপত্র ও নিয়মাবলি সংগ্রহ করা যাবে। ভর্তির জন্য পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা মূল্যের একটি ব্যাংক ড্রাফট আইবিএস-এর সচিবের অনুকূলে জমা দিতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের ড্রাফট গ্রহণযোগ্য নয়।আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা: ভর্তির আবেদনপত্র আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১০ পর্যন্ত সংগ্রহ করা যাবে এবং সংগৃহীত আবেদনপত্র ৪ মার্চ ২০১০ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আইবিএস অফিসে সংস্থাপন শাখায় অবশ্যই পৌঁছাতে হবে। পরীক্ষার তারিখ: আগামী ১৯ মার্চ ২০১০ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৫ মার্চ ২০১০ অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই ১০ জুনের মধ্যে ভর্তি হতে হবে। সুযোগ-সুবিধা: ভর্তিপ্রাপ্ত ফেলোদের নিম্নরূপ হারে সীমিতসংখ্যক মাসিক ফেলোশিপ প্রদান করা হবে:এমফিল ফেলোশিপ মাসিক এক হাজার ৫০০ টাকা এবং পিএইচডি ফেলোশিপ মাসিক দুই হাজার টাকা। অর্থ প্রাপ্তি সাপেক্ষে ফেলোশিপের পরিমাণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত ফেলোশিপের সমানহারে প্রদান করা হবে। জেনে রাখুন: চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আইবিএস-সংক্রান্ত বিশদ বিবরণসংবলিত একটি পুস্তিকা নগদ ৫০ টাকা দিয়ে ইনস্টিটিউট থেকে প্রার্থীরা নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারবেন।