রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নিচে দেওয়া হলো।এমফিল প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে: ১. প্রার্থীকে অবশ্যই এসএসসি/সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/ জিপিএ ৩.০০ থাকতে হবে। ২. কলা/আইন/সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএ/বিএসএস/এলএলবি (সম্মান) ও এমএ/এমএসএস/এলএলএম পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম শতকরা ৫৫ ভাগ ও অন্যটিতে ন্যূনতম শতকরা ৫০ ভাগ নম্বর থাকতে হবে অথবা উভয় পরীক্ষার একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। অথবা, বিজ্ঞান/জীব ও ভূ-বিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগগুলো থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএসসি/বিএসসি-এজি (সম্মান)/সমমান এবং এমএসসি/সমমানের পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম শতকরা ৫৫ ও অন্যটিতে ন্যূনতম শতকরা ৫০ ভাগ নম্বর থাকতে হবে অথবা উভয় পরীক্ষার একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ এবং অন্যটিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। অথবা, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলো থেকে বিবিএ (অনার্স) ও এমবিএ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেকোনো একটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে অথবা বিকম/বিবিএস (সম্মান) ও এমকম/এমবিএস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেকোনো একটিতে ন্যূনতম শতকরা ৫৫ ভাগ এবং অন্যটিতে ন্যূনতম শতকরা ৫০ ভাগ নম্বর থাকতে হবে। অথবা, এমবিবিএস/বিডিএস/ব্যাচেলর অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি/ডিভিএম/ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারি/এমএসসি (ইঞ্জিনিয়ারিং)/সমমান পাস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম শতকরা ৫৫ ভাগ নম্বর অথবা সমমানের জিপিএ থাকতে হবে। যেসব প্রার্থী উল্লিখিত ২-এ বর্ণিত একটি শর্ত পূরণ করেন না, এমন প্রার্থীকে বিশেষ বিবেচনায় ভর্তি করা যেতে পারে, যদি স্বীকৃত কোনো গবেষণা জার্নালে কমপক্ষে দুটি প্রকাশনাসহ তাঁর ডিগ্রি পর্যায়ে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে অন্তত চার বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী/সিজিপিএ ২.৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে: প্রার্থীর অবশ্যই এমফিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পিএইচডি কোর্সে রেজিস্ট্রেশনের জন্য সরাসরি প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। অথবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতাসহ প্রার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/সরকারি বৃত্তি অর্জন করে থাকেন কেবল তাঁরাই পিএইচডি কোর্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন। অথবা, এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য একটি শর্ত পূরণ করেন না এমন প্রার্থীকে ভর্তি করা যেতে পারে, যদি স্বীকৃত জার্নালে তিনটি গবেষণা প্রকাশনা/গৃহীত হওয়াসহ প্রার্থীর স্নাতক পর্যায়ে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা গবেষণা প্রতিষ্ঠানে ছয় বছরের গবেষণার অভিজ্ঞতা থাকে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী/সিজিপিএ ২.৫-এর কম থাকলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনপত্র সংগ্রহ ও জমাদান পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সরবরাহকৃত প্রাথমিক আবেদনপত্র নমুনা অনুযায়ী আবেদনকারীকে ১৫ এপ্রিলের মধ্যে আবেদন সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাজীবনের সকল পরীক্ষার সনদপত্র, নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ডিগ্রিপ্রাপ্ত আবেদনকারীকে রেজিস্ট্রেশন কার্ডের (নিবন্ধনপত্র) সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। তবে যাঁরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত, তাঁদের অবশ্যই ভর্তির শেষ তারিখ থেকে এক মাসের মধ্যে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। চাকরিরত প্রার্থীকে এমফিল গবেষণার জন্য এক বছর এবং পিএইচডি কোর্সে গবেষণার জন্য দুই বছরের ছুটি পাবেন—এ মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। জেনে রাখুন: চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এমফিল কোর্সের জন্য মাসিক এক হাজার ৫০০ টাকা হারে দুই বছরের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। তবে বিভাগে পিএইচডি কোর্সে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফেলোশিপ প্রদান করা হয় না। এমফিল/পিএইচডি কোর্সে গবেষণারত চাকরিজীবীদের বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের ফেলোশিপ প্রদান করা হয় না। তবে ফেলোশিপ ছাড়াও এমফিল/পিএইচডি কোর্সে গবেষণা করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে পারবেন। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকেও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।