ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখা (কক্ষ নং-৩২৩, তৃতীয় তলা) থেকে আবেদনপত্র সরবরাহ করা হবে। এসএসসি থেকে স্নাতকোত্তর পরীক্ষায় পাসের মূল নম্বরপত্র দেখিয়ে প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র স্পষ্ট করে লিখে অথবা টাইপ করে যথাযথভাবে পূরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালকের অফিসে ২৫ জানুয়ারি ২০১০-এর মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বা বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করা হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।ভর্তির যোগ্যতা: এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি, অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি, অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০ ভাগ নম্বর থাকতে হবে। যদি সিজিপিএ নিয়মে থাকে তাঁর মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ পাঁচের মধ্যে তিন দশমিক পাঁচ অথবা সিজিপিএ চারের মধ্যে তিন থাকতে হবে। এমফিল প্রোগ্রাম দুই বছরের (অর্থাত্ প্রথম বর্ষ কোর্স ও দ্বিতীয় বর্ষ থিসিস)। তবে এমফিল প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ চার বছর। সব অনুষদ/ইনস্টিটিউটের এমফিল কোর্স পূর্ণকালীন কোর্স হিসেবে গণ্য হবে। চাকরিরত প্রার্থীদের এক বছরের ছুটি নিয়ে এমফিল প্রোগ্রামে যোগদান করতে হবে।এমফিল গবেষক প্রথম বর্ষ প্রথমবারে পাস করতে না পারলে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অথবা কোর্স শেষ করতে না পারলে তত্ত্বাবধায়ক ও বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে পরবর্তী শিক্ষাবর্ষে শুধু একবার পুনঃ ভর্তি হতে পারবেন। এরপর আর পুনঃ ভর্তির সুযোগ থাকবে না।এমফিল প্রোগ্রামে রেজিস্ট্রেশনপ্রাপ্ত গবেষকদের জন্য সর্বমোট ২০০ নম্বরের দুটি ইউনিট (১০০ নম্বর করে প্রতি ইউনিট) অথবা চার ইউনিট (৫০ নম্বর করে প্রতি ইউনিট) তত্ত্বীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১০০ নম্বরের ইউনিটের চার ঘণ্টা এবং ৫০ নম্বর ইউনিটের জন্য দুই ঘণ্টা পরীক্ষা দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষাও থাকবে। পাস নম্বর গড়ে ৫০ এবং মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০ ভাগ।এমফিল প্রোগ্রামে (প্রথম পর্ব) তত্ত্বীয় পরীক্ষায় পাস করলেও একজন গবেষক মৌখিক পরীক্ষায় তিন থেকে ছয় মাসের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবেন। এমফিল কোর্স পরীক্ষায় অকৃতকার্য কোনো গবেষক কোনো একটি তত্ত্বীয় কোর্সে/মৌখিক পরীক্ষায় ৫০ ভাগের কম নম্বর পেলে সেই কোর্স/মৌখিক পরীক্ষায় তত্পরবর্তী সুযোগ পুনঃ ভর্তি ছাড়াই যথারীতি পরীক্ষার দিন প্রদান করে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরবর্তী পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন। কোনো একটি কোর্সের পরীক্ষায় ৩০-এর কম নম্বর গণনা করা হবে না। তবে ৫০-এর অধিক নম্বর পেলে তা বহাল রাখার অধিকার থাকবে।এমফিল প্রথম বর্ষ উত্তীর্ণ গবেষকদের পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে। দৈনিক এক টাকা নির্ধারিত হারে বিলম্ব ফি প্রদান করে আরও এক মাস পর্যন্ত ভর্তি হওয়া যাবে। প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশের দুই মাসের মধ্যে ভর্তি না হলে দুই হাজার টাকা বিলম্ব ফি প্রদান করে ভর্তি হওয়া যাবে।এমফিল প্রোগ্রামে চলতি শিক্ষাবর্ষে আবেদনকারীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে ইতিহাস বিভাগের জন্য নির্ধারিত একটি শেরেবাংলা বৃত্তিসহ মোট ৬০টি বৃত্তি মাসিক তিন হাজার টাকা হারে মঞ্জুর করা হবে। তবে গবেষক চাকরিরত থাকলে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি অথবা আর্থিক সহযোগিতা পেলে এ বৃত্তি ভোগ করার যোগ্য বলে বিবেচিত হবেন না।আবেদনকারী যে হলের ছাত্রছাত্রী হিসেবে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক সে হলের প্রাধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার পর আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে জমা দিতে হবে। উল্লেখ্য, আবেদনকারী যে হলের ছাত্রছাত্রী হিসেবে স্নাতক সম্মান/মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন সে হলের ছাত্রছাত্রী হিসেবে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।একজন তত্ত্বাবধায়ক এমফিল ও পিএইচডি দুটো মিলিয়ে একসঙ্গে সর্বমোট (পূর্বাপর) অনধিক এককভাবে আটজন অথবা যৌথভাবে ১০ জন গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং পিএইচডি ডিগ্রিধারী সহকারী অধ্যাপকেরা এমফিল প্রোগ্রামের গবেষকদের তত্ত্বাবধান করতে পারবেন।বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র গ্রহণের আগে তাঁদের অর্জিত ডিগ্রির সমতা নিরূপণের জন্য রেজিস্ট্রারের দপ্তরে আবেদন করতে হবে। এসব যোগ্যতা ও শর্ত পূরণকারীরাই শুধু এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।