এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, জিন্দাবাজার, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, জিন্দাবাজার, সিলেট, ৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। মোট সাড়ে তিন হাজার কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। মোট পরীক্ষার্থী প্রায় সাড়ে ২০ লাখ। রাজধানীর তেজগাঁও সরকারি গার্লস স্কুলে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

সাংবাদিকদের দীপু মনি বলেন, পরীক্ষা নিয়ে যেন কেউ গুজব ছড়িয়ে কাউকে প্রতারিত করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। তাঁরা আশা করছেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই এবার সুচারুভাবে এই পরীক্ষা সম্পন্ন হবে। বিশাল এই কর্মযজ্ঞে অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী। পুরো পরীক্ষা যেন অত্যন্ত সুচারু ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং প্রশ্নপত্র ফাঁসমুক্ত অবস্থায় হয়, সে জন্য সবার সহযোগিতা চান তিনি।

পরীক্ষা বিঘ্নিত হয়, এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন।

মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই পরীক্ষার কারণে গত ২৫ জানুয়ারি থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।

এবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু সরস্বতীপূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। যে কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছরের তুলনায় এ বছর ৮৭ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী কমেছে।