এসএসসি পরীক্ষা শুরু

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে আজ শনিবার শুরু হয়েছে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ ছাড়া সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৮ সালের তুলনায় এ বছর এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরিতে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ ও প্রতিষ্ঠান ২৮ হাজার ৬৮২। এ ছাড়া বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থী রয়েছে।
অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার্থীকে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।