এসএসসি পরীক্ষা-২০১০: অধ্যক্ষের পরামর্শ
সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয় পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি। আমি জানি প্রত্যেক পরীক্ষার্থীই তার শেষ সময়ের প্রস্তুতি সেরে নিতে চেষ্টা করছে। সবার উদ্দেশে আমার একটা বিশেষ পরামর্শ আছে। সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষার জন্য সুস্থ থাকতে হবে। এখন অতিরিক্ত চাপ নিয়ে পড়াশোনা করে যদি অসুস্থ হয়ে পড়, তবে দুই বছরের পুরো আয়োজন ব্যর্থ হয়ে যাবে। তাই শুধু জানলেই হবে না তোমাকে পরীক্ষার জন্য উপযুক্ত থাকতে হবে। আর এ মুহূর্তে প্রত্যেকটি বিষয় রিভিশন বা পুনঃ পাঠ করতে চেষ্টা কর। উত্তরের মানোন্নয়নের জন্য অতিরিক্ত তথ্য যোগ করতে চাইলে তা করে ফেল। যারা দুর্বল ছাত্র তারা এখন একটু সিলেকটিভ পড়াশোনা করে প্রস্তুতিতে এগিয়ে যাবে। কারণ তোমাদের জন্য এখন আর ব্যাপক পড়াশোনার সুযোগ নেই।পড়াশোনার নির্দেশনা: হয়তোবা এ পর্যায়ে এসেও তোমাদের কোনো না কোনো বিষয় বা বিষয়ের কতিপয় অধ্যায়ের ওপর দুর্বলতা থাকতেই পারে। কোনো অধ্যায় একটু কমও বুঝতে পার। সেটা এখনই কাটাতে হবে। তাই এ সময়ে প্রস্তুতিটা তোমাদের নিতে হবে তিন ভাবে—১. বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনা করে ভুলগুলো ঠিক করা, ২. শেষ মুহূর্তে শিক্ষকদের পরামর্শ নিয়ে কোনো অধ্যায়ে সমস্যা থাকলে কাটানো এবং ৩. ব্যক্তিগত প্রস্তুতির সময় বেশি রাখা এবং অবশ্যই মূল বই ভালো করে পড়া।লেখার অভ্যাস কর: পরীক্ষার হল থেকে পরীক্ষার্থীরা যখন বের হয়, তখন অনেকের কাছ থেকে শোনা যায় সময়স্বল্পতার কারণে সবগুলো প্রশ্নের উত্তর করতে পারেনি। এ জন্য তোমাদের আগে থেকে প্রস্তুতি নেয়া দরকার। শুধু প্রশ্নের উত্তর জানলেই হবে না, তা খাতায় তুলে ধরতে হবে। বাসায় যদি লেখার অভ্যাস না কর তাহলে তোমাকেও সময় সমস্যায় পড়তে হবে। যারা এখন বিষয়টা খেয়াল করনি, তারা এখন থেকে প্রতিদিন কমপক্ষে একঘণ্টা লেখার অভ্যাস কর। এতে করে তোমার লেখার গতি বাড়বে। পরীক্ষার হলে তুমি দ্রুত লিখতে পারবে। লেখাও সুন্দর হবে, বানান শুদ্ধ হবে। সব বিবেচনায় লেখার অভ্যাসটা অবশ্যই দরকার।পরীক্ষা চলাকালীন সময়: আমি দেখেছি, অনেক শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন বা কাছাকাছি সময় দিন-রাত পড়াশোনা করে। ফলে অনেকের শরীর খারাপ হয়ে যায়। তাই পরীক্ষার কাছাকাছি সময়ে পড়ার চাপ কমাতে হবে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা পড়াশোনা করবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ঘুমাতে হবে ন্যূনতম ৬ ঘণ্টা। এ সময় যদি তোমার ব্রেনের ওপর বেশি চাপ দাও, তাহলে পরীক্ষার হলে তোমাকে নানা সমস্যায় পড়তে হবে।কথা: একজন শিক্ষার্থী দুটি বছর এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এই দুটি বছর তোমরা জানার বাইরে নয়। মনে রাখতে হবে, সবার প্রস্তুতি তোমার প্রস্তুতির মতোই। তাই পরীক্ষাকালীন সময় এবং হলে অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে। তোমার আত্মবিশ্বাস তোমাকে পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। পরীক্ষাটাকে উত্সব হিসেবে নিয়ে উত্সাহবোধ করবে। একে নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। সবার পরীক্ষাই ভালো হোক, এটাই আমি চাই।