এসএসসি পরীক্ষা-২০১০: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধ রচনামো. আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ঘূর্ণিঝড় সিডরভূমিকা: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের বুক বারবার ক্ষতবিক্ষত হয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগের আঘাতে। আবহমানকাল ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এ দেশের উপকূলীয় অঞ্চলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে হানা দিয়ে এসেছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, প্রায় পাঁচ বছর অন্তর অন্তরই এ দুর্যোগ মহাপ্রলয়ঙ্করীরূপে হানা দিয়েছে এদেশের দক্ষিণাঞ্চলে। হাজার হাজার বছর ধরে এ অঞ্চলের মানুষ ভয়ঙ্কর এ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করে জীবন-মৃত্যুর শাশ্বত সংগ্রামে অবতীর্ণ হয়ে আসছে। প্রকৃতির এই রুদ্রমূর্তির নিষ্ঠুর আগ্রাসনে মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি বারবারই মেনে নিতে হয় আমাদের। সিডর কী: ‘সিডর’ হল সিংহলি শব্দ। এর অর্থ চোখ। সিংহলি শ্রীলঙ্কার সরকারি ভাষা। বঙ্গোপসাগরের সৃষ্ট হ্যারিকেনের তীব্র ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ের কেন্দ্র দেখতে অনেকটা মানুষের চোখের মতো হওয়ায় আবহাওয়াবিদরা এর নাম রেখেছেন ‘সিডর’।ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের নাম। এর কারণ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ও তথ্য রয়েছে। পরিবেশ ও আবহাওয়াবিদদের মতে, এ দুর্যোগের কারণ সাগরের ওপর বায়ুমণ্ডলের কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে বায়ু প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায়। যার ফলে ওই বিশেষ শূন্যস্থানটিতে চাপ কমে যায়। তখন সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ ক্রমশ গভীর এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাগর-মহাসাগর ও উপকূলীয় ঘূর্ণিঝড়ের কারণ হিসেবে সাধারণভাবে চিহ্নিত করা যায়। ক) সমুদ্রের নিম্নস্থলে ভূমিকম্পের সৃষ্টি খ) সমুদ্রগর্ভে লুকানো আগ্নেয়গিরির বিস্ফোরণ গ) সমুদ্রের তলদেশ অগভীর ও উঁচু নিচু হয়ে যাওয়া ঘ) গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রে বিভিন্ন বায়ুর উথাল-পাতাল সংমিশ্রণে সৃষ্ট নিম্নচাপ ঙ) বিভিন্ন কারণে পৃথিবীর ওজোনস্তরের ক্ষতি হয়ে ভূমণ্ডল উত্তপ্ত হওয়ার কারণসমূহকে। সাম্প্রতিককালের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে আবহাওয়াবিদরা সিডর, সুনামি, নার্গিসের মতো নবরূপে সৃষ্ট অতি ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন।ঘূর্ণিঝড়র সিডর: বাংলাদেশের সমুদ্রসীমায় বিগত ১৫০ বছরের মধ্যে সৃষ্ট বড় বড় ঘূর্ণিঝড়ের মধ্যে সিডরের প্রলয়ঙ্করী মাত্রা ছিল সর্বোচ্চ পর্যায়ের। ২০০৭ সালের ৯ নভেম্বর ভারত মহাসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় এ ঘূর্ণিঝড়ের উত্পত্তি হয়। ধীরে ধীরে তা ১৪ নভেম্বরের মধ্যে শক্তিশালী সামুদ্রিক ঝড়ে রূপ নেয়। ১৫ নভেম্বর তারিখে সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিবেগের মাত্রাসম্পন্ন ঘূর্ণিঝড় ‘সিডর’ বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। ১৬ নভেম্বর ভোরের দিকে এ দেশের মধ্যভাগ হয়ে উত্তর-পূর্ব সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করে।সিডরের ভয়াবহ তাণ্ডব: উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ২০০৭ সালের চতুর্থ ঘূর্ণিঝড় ‘সিডর’। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া সামুদ্রিক ঝড়ের তাণ্ডব এ দেশের মানুষ বিশেষত উপকূলীয় জনগণ বহুবার মোকাবিলা করেছে। কিন্তু এবারের নয়া দানবের আক্রোশের মাত্রা ছিল তুলনামূলকভাবে অনেক বেশি ভয়ঙ্কর আর আগ্রাসী। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী উপকূলের কাছাকাছি অবস্থান করা অবস্থায় সিডরের কেন্দ্র থেকে ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল ২২০ থেকে ২৪০ কিলোমিটার পর্যন্ত। বিস্তীর্ণ উপকূলীয় ভূখণ্ড স্বাভাবিকের চেয়ে ২০-২৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে থাকে। উপকূলে আঘাত করার পূর্বমুহূর্তে এ গতিবেগ ২৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সিডর আঘাত হানার পর সারা দেশজুড়েই শুরু হয় মানবিক বিপর্যয়। ভয়াবহ এ ঘূর্ণিঝড় দেশের ২৩টি জেলায় আঘাত হানে। এর মধ্যে ২১টি জেলায়ই মানুষের প্রাণহানি ঘটে। ১০ হাজারেরও অধিক মানুষ মৃত্যুবরণ কিংবা নিখোঁজ হওয়ার সংবাদ জানা যায়। উপকূলীয় ১২ জেলায় সর্বাধিক প্রাণহানি ঘটে ও সম্পদ বিনষ্ট হয়। ভয়াবহ দানব সিডরের তাণ্ডবে বাতাসে ভেসে ওঠে লাশের গন্ধ। যারা বেঁচে থাকে তারা ঘরবাড়ি, সম্পদ-শস্য হারিয়ে হয়ে যায় নিঃস্ব। বিদ্যুত্, যোগাযোগব্যবস্থা ধ্বংস হয়ে যায়, দেখা দেয় তীব্র খাবার পানির সংকট। সিডরের আঘাতে ঐতিহ্যবাহী সুন্দরবনের গাছপালা ও পশুপাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অতীতের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এ দেশের নিত্যনৈমিত্তিক ব্যাপার। ১৮৮৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বহুবার বহুরূপে এ মহাদুর্যোগ আঘাত হেনেছে এ দেশের দক্ষিণাঞ্চলে। ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঝড় ও জলোচ্ছ্বাসের মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। এরপর ১৯৮১ সালের ১০ ডিসেম্বর আঘাত হেনেছিল আরেকটি ভয়ঙ্করী ঘূর্ণিঝড়। ১৯৮৮ সালে আঘাত হানে আরও একটি বড় ধরনের উপকূলীয় ঘূর্ণিঝড়। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের মহাদুর্যোগ সিডর আঘাত হানার আগ পর্যন্ত সম্ভবত মানুষের মনে সবচেয়ে তরতাজা ছিল। ১৯৭০ সালের দুর্যোগ কিংবা ১৯৯১ সালের বিপর্যয়ে মানুষের জীবনহানির সংখ্যা ছিল লাখ, লাখের হিসাবে। বর্তমান সময়ের যোগাযোগ, প্রযুক্তি, পূর্বসংকেত ব্যবস্থাপনা উন্নততর থাকায় প্রাণহানির ঘটনা আগের মতো ব্যাপকতা ধারণ না করলেও প্রত্যক্ষকারী ও আবহাওয়াবিদদের বিশ্লেষণ থেকে জানা গেছে, সিডরের প্রকৃতি ও তাণ্ডবশক্তি ছিল আগের তুলনায় বহুগুণ বেশি ভয়াবহ ও বিধ্বংসী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল