বঙ্গবাণী প্রিয় পরীক্ষার্থীরা, নতুন বছরের শুভেচ্ছা। বাংলা প্রথম পত্রে অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু, ভাব, পাঠ করার প্রেক্ষাপট তথা শিখনফল, সেখান থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে, তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করব। ধারাবাহিক আলোচনাগুলো অনুধাবন করতে পারলে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে।বঙ্গবাণী কবিতার বিষয়বস্তু: কবি আবদুল হাকিম ‘বঙ্গবাণী’ কবিতায় মাতৃভাষাপ্রীতির পাশাপাশি বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন, যেমন:(ক) মধ্যযুগীয় কাব্যাদর্শ প্রসঙ্গ: ‘বঙ্গবাণী’ কবিতায় মধ্যযুগীয় সাহিত্যরীতির বেশ কিছু নমুনা পরিলক্ষিত হয়। যেমন কবিতার শুরুতেই ভূমিকা দেওয়া মধ্যযুগীয় সাহিত্যের একটি রীতি ছিল। এ কবিতাতেও আছে। প্রথম প্যারাতেই কবি বলছেন, ‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস/ সেসবে কহিল মোতে মনে হাবিলাষ/ তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন/ নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন’। যার আক্ষরিক অর্থ হলো, যাদের বইপড়ার অভ্যাস নেই তারা তাদের মনের অভিলাষ কবির কাছে জানাল। আর কবি সেই কাজে নিজেকে নিয়োজিত করে বাংলা ভাষায় কবিতা লিখে সবাইকে তুষ্ট করছেন। এটা মধ্যযুগীয় কাব্যাদর্শের একটি বৈশিষ্ট্য। কবিতাটি পয়ার ছন্দে রচিত যা মধ্যযুগীয় সাহিত্যরীতির আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম চরণের শেষ অক্ষরের সঙ্গে পরের চরণের শেষ অক্ষরের অন্ত্যমিল থাকবে। এ ছাড়া সে সময় কবিতার প্রথম চরণের শেষে এক দাঁড়ি এবং দ্বিতীয় চরণের শেষে দুই দাঁড়ি দেওয়ার রীতি ছিল। এ কবিতায়ও কবি আবদুল হাকিম তা বজায় রেখেছেন।(খ) অন্য ভাষার প্রতি উদার মনোভাব: কবি আবদুল হাকিম উদারপন্থী অনুপম ব্যক্তিত্বের এক মানুষ। তাঁর মাতৃভাষা বাংলাকে অন্যরা অবজ্ঞা করলেও কবি তাদের ভাষাকে অবজ্ঞা বা ব্যঙ্গবিদ্রূপ করেননি। বরং কবি বলেছেন, ‘আরবি-ফারসি শাস্ত্রে নাই কোন রাগ’ আবার তিনি বলেছেন, ‘আরবি-ফারসি হিন্দে নাই দুই মত’। আরবি ফারসিতে আল্লাহ-নবীর গুণকীর্তন করা হয়েছে, কোরআন-হাদিস আরবিতে রচিত হয়েছে, এ জন্য এ ভাষার ঐতিহাসিক ও ধর্মীয় মূল্য অনেক বেশি। তারপরও ভাষা প্রসঙ্গে কবি আবদুল হাকিমের অভিমত হলো, পৃথিবীর সব ভাষাই সমান এবং সব ভাষাভাষীর কাছেই তার নিজস্ব মাতৃভাষা শ্রেষ্ঠ। কারণ, মনে করা হতো, মাতৃভাষার মাধমে মনের ভাব প্রকাশ করা সম্ভব।(গ) গভীর ধর্মতত্ত্ব: তৎকালীন সময়ে মনে করা হতো কোরআন-হাদিসের ভাষা যেহেতু আরবি, তাই একজন মুসলমানকে অবশ্যই আরবি-ফারসি জানতে হবে এবং এ ভাষাতেই স্রষ্টার আরাধনা করতে হবে। কিন্তু কবি আবদুল হাকিম মধ্যযুগের একজন অতিসাধারণ কবি হিসেবে মনে করতেন, স্রষ্টা সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। কবির ভাষায়, ‘যেই দেশে যেই বাক্য কহে নরগণ/ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন/ সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী/ বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী’। তৎকালীন সেসব মুসলমানের এই বোধের অভাব ছিল বলে কবি মনে করতেন।(ঘ) বাংলা ভাষাকে অবজ্ঞার কারণ: তৎকালীন কিছু লোক মাতৃভাষা বাংলাকে অবজ্ঞা করে ‘হিন্দুর অক্ষর’ বলত। এর তিনটি কারণ রয়েছে—১. এই বিশ্বাস পোষণ করা যে, কোরআন-হাদিসের ভাষা যেহেতু আরবি সুতরাং আরবি ছাড়া অন্য কোনো ভাষাই প্রাধান্য পেতে পারে না। ২. বাংলা ভাষার বর্ণমালাগুলো এসেছে ব্রাহ্মীলিপি থেকে যা তৈরি করেছিলেন ব্রাহ্মণ পণ্ডিতেরা এবং ৩. ঐতিহাসিকভাবে এই এলাকাটি ছিল হিন্দু-অধ্যুষিত এবং সুফি সাধকদের তৎপরতায় অনেক মুসলমান হিন্দু থেকে মুসলমান হয়েছিল। এসব কারণেই তারা বাংলাকে ‘হিন্দুর অক্ষর’ বলত।(ঙ) মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি কবির ধিক্কার: ‘বঙ্গবাণী’ কবিতাটি কবির বলিষ্ঠ বাণীবদ্ধ এক কবিতা। চরম সাহসিকতার সঙ্গে তাঁর বিশ্বাসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। যেমন, তৎকালীন যেসব মুসলমান আরবি-ফারসির প্রতি গভীর অনুরাগ দেখাত, কিন্তু বাংলা ভাষার প্রতি কোনো অনুরাগ বা ভালোবাসাই দেখাত না, কবি তাদের এ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বলেছেন। ‘দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়/ নিজ দেশ তেয়াগী কেন বিদেশে ন যায়।’ আবার যারা এ দেশে জন্মগ্রহণ করে এ দেশের বাংলা ভাষাকেই অবজ্ঞা বা ঘৃণা করে, কবি তাদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ পোষাণ করেছেন। ‘যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি।’(চ) কবির গভীর মাতৃভাষাপ্রীতি: পুরো কবিতাতেই কবির গভীর মাতৃভাষাপ্রীতি প্রকাশ পেয়েছে। তবে শেষ চরণ দুটিতে সে ভাষাপ্রীতি আরও তীব্রতর হয়েছে। যেমন, ‘মাতা পিতামহক্রমে বঙ্গেতে বসতি/ দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।’ সবশেষে বলা যায়, তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন মানুষের জ্ঞানচক্ষু উন্মীলিন করার জন্য এবং মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্যই আলোচ্য ‘বঙ্গবাণী’ কবিতাটি আবদুল হাকিম লিখেছেন। মনে রাখবে, এ কবিতা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন করতে চাইলে উল্লিখিত ভাবগুলোর যেকোনো একটি বা দুটি ভাবের আলোকে বাস্তব বা কাল্পনিক কোনো কাহিনি দিয়ে উদ্দীপক তৈরি করতে হবে। সে উদ্দীপক হতে পারে কবিতার মাধ্যমে, চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে, ছকের মাধ্যমে, কোনো সমালোচনার মাধ্যমে বা কোনো গল্পের মাধ্যমে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল