সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল, ঢাকা বঙ্গবাণী প্রিয় পরীক্ষার্থীরা, নতুন বছরের শুভেচ্ছা। বাংলা প্রথম পত্রে অধ্যায়ভিত্তিক আলোচনার মাধ্যমে বিভিন্ন অধ্যায় থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন হতে পারে, তার কিছু নমুনা এবং কিছু প্রশ্নের নমুনা উত্তরসহ আলোচনা করব। আলোচনাগুলো অনুধাবন করতে পারলে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো করতে পারবে।# রফিকের ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে পড়ছে। রফিক বিদেশি গান-বাজনা বেশি পছন্দ করেন। কথাও বলেন ইংরেজিতে। অন্যরা তাঁর সঙ্গে ইংরেজিতে তাল মেলাতে না পারলে তিনি অবজ্ঞা করে বলেন, ‘তোরা তো এখনো বাঙালই রয়ে গেলি।’ রফিকের মা প্রায়ই ছেলেকে বলেন, ‘তোর সঙ্গে কথা বলে সুখ নেই।’ক. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?খ. হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝানো হয়েছে?গ. ‘তোরা তো এখনো বাঙালই রয়ে গেলি’—উক্তিটির মাধ্যমে রফিকের যে মানসিকতার পরিচয় পাওয়া যায়, সে সম্পর্কে কবির অভিমত ব্যাখ্যা করো।ঘ. ‘তোর সঙ্গে কথা বলে সুখ নেই’—রফিকের মায়ের এ উক্তি কবির মানসিকতাকেই সমর্থন করে, ‘বঙ্গবাণী’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘বঙ্গবাণী’ কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।উত্তর: খ. ‘বঙ্গবাণী’ কবিতায় ‘হিন্দুর অক্ষর’ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে।সে সময় এ দেশে ফারসি ভাষার প্রচলন ছিল। ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন কিছু রক্ষণশীল লোক তাই তাদের মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে আরবি-ফারসির প্রতি গভীর অনুরাগ দেখাতে থাকে। কুসংস্কারের কারণে তারা মনে করত, আরবি-ফারসি ভাষা ছাড়া আলাহ-রাসুলের সান্নিধ্য লাভ সম্ভব নয়। তা ছাড়া এ দেশের প্রাচীন অধিবাসী ছিল হিন্দু এবং তাদের ভাষা ছিল বাংলা। আর বাংলা বর্ণমালাগুলো এসেছে ব্রাহ্মীলিপি থেকে রূপান্তরিতভাবে, যা হিন্দুদের তৈরি। ফলে মুসলমান হয়ে এ ভাষাকে ভালোবাসা সম্ভব নয়। তাই বাংলা ভাষাকে অবজ্ঞা করে হিন্দুর অক্ষর বলত।উত্তর: গ. ‘তোরা এখনো বাঙালই রয়ে গেলি’ ও উক্তির মাধ্যমে রফিকের স্বদেশ ও স্বভাষার প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে।‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি চরম ক্ষোভ ও ধিক্কার প্রদর্শন করেছেন। কবির মতে, যারা এ দেশে জন্মগ্রহণ করে, এ দেশের আলো-বাতাসে বড় হয়ে ভিনদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরক্ত এবং মায়ের মুখের ভাষার প্রতি উন্নাসিকতা দেখায়, তারা শিকড়হীন, পরগাছা। কবি মাতৃভাষার প্রতি অনুরাগহীন সেসব পরগাছাকে দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বলেছেন। আর মাতৃভাষাকে যারা অবজ্ঞা বা ঘৃণার চোখে দেখে, কবি তাদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। কবির ভাষায়, ‘যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণীসেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি।’উদ্দীপকে আমরা দেখতে পাই, রফিক এ দেশের সন্তান হয়েও বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি মোহাচ্ছন্ন। তার সব আচার-আচরণেও ভিনদেশি আবহ। নিজের সন্তানদেরও তিনি বিদেশি ভাষার প্রতি অনুরাগী করে তুলছেন। ইংরেজির প্রতি তাঁর গভীর মমত্ববোধ। তাঁর সঙ্গে ইংরেজিতে তাল মেলাতে না পারলেই তিনি অবজ্ঞার সুরে বলেন, ‘তোরা এখনো বাঙালই রয়ে গেলি।’ তাঁর সামগ্রিক আচরণে স্বদেশ, স্বভাষা ও স্বজাতির প্রতি বীতশ্রদ্ধ মনোভাব প্রকাশ পেয়েছে। আর এ মানসিকতার ধারক ও বাহকদের কবি চরম ধিক্কার দিয়েছেন।উত্তর: ঘ. ‘তোর সঙ্গে কথা বলে সুখ নেই’ রফিকের মায়ের এ উক্তি কবি আবদুল হাকিমের মানসিকতাকেই সমর্থন করে। আর এ উক্তির মাধ্যমে নিজ ভাষার প্রতি রফিকের মায়ের গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে।বস্তুত মাতৃভাষা আমাদের অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম। আমাদের মনের অনুভূতিগুলো অনায়াসে অন্যের কাছে বাঙ্ময় হয় মাতৃভাষাতেই। দেশের সাধারণ মানুষের মতো রফিকের মাও বিদেশি ভাষা বোঝেন না। কিন্তু রফিক কথাবার্তা, চালচলন এবং আচার-আচরণে সম্পূর্ণভাবে ইংরেজির প্রতি মোহাচ্ছন্ন এবং মাতৃভাষার প্রতি উন্নাসিক। মায়ের সঙ্গেও তিনি ইংরেজিতে কথা বলেন। তার মা তা বুঝতে পারেন না। তাই রফিকের এ আচরণে মা মারাত্মকভাবে হতাশ হয়ে বলেছেন, ‘তোর সঙ্গে কথা বলে সুখ নেই।’ আসলে এ উক্তির মাধ্যমে রফিকের মায়ের মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ এবং মাতৃভাষা-বিদ্বেষীদের প্রতি শ্লেষাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে।‘বঙ্গবাণী’ কবিতায় আবদুল হাকিম বলেছেন, দেশি ভাষা তথা মাতৃভাষা সবার বোধগম্য। সাধারণ কথোপকথন হোক আর কাব্যসাধনা হোক, মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করলে তা অনায়াসে প্রকাশ করা যায় এবং অন্যের কাছে তা সহজবোধ্যও হয়। কবির মতে, স্রষ্টা সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত। তাঁকে ডাকার জন্য বিশেষ কোনো ভাষার দরকার নেই। আর প্রতিটি ভাষাই নিজ নিজ ভাষাভাষীদের কাছে পবিত্র আমানত। তাই তো কবি আরবি-ফারসির প্রতি কোনো রাগ বা বিদ্বেষ পোষণ করেননি। তবে মাতৃভাষা অবজ্ঞাকারীদের প্রতি প্রবল ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন। তাদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ পোষণ করেছেন। কিন্তু রফিকের মায়ের অনুভূতিতে কবির মতো তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ পায়নি। হয়তো মা হিসেবে সন্তানের প্রতি এ-জাতীয় আচরণ শোভন ও সম্ভব নয়।তার পরও সর্বোপরি রফিকের মায়ের এ মানসিকতাতেই আবদুল হাকিমের স্বদেশ ও স্বভাষার প্রতি পরম মমত্ববোধ প্রকাশ পেয়েছে।