প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# X একটি ইলেকট্রনিকস পণ্য। মি. চৌধুরী বাংলাদেশে ওই পণ্যের একমাত্র পরিবেশক। সারা দেশে গত জুলাই মাসে ওই পণ্যের চাহিদা ছিল ২০ মিলিয়ন একক এবং মজুদ ছিল ২৫ মিলিয়ন একক। বিপণনের কৌশল হিসেবে জরিপ চালিয়ে দেখে পরবর্তী মাসে এর চাহিদা বেড়ে দাঁড়ায় ৫০ মিলিয়ন একক, যেখানে মজুদ ৩০ মিলিয়ন একক।ক. অতি স্বল্পকালীন বাজারের স্থায়িত্ব কতটুকু ?খ. ত্রুটিপূর্ণ পরিমাপ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো ।গ. দৃশ্যকল্পে বর্ণিত X পণ্যের দামের গতি কী হবে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।ঘ. তুমি কী মনে করো X পণ্যের বাজার বিস্তৃত? এই বিষয়ে তোমার মতামত দাও।উত্তর: ক. অতি স্বল্পকালীন বাজারের স্থায়িত্ব কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন।উত্তর: খ. একটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপপদ্ধতির প্রচলন থাকলে তাকে ত্রুটিপূর্ণ পরিমাপ বোঝায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনো সাধারণ মানের কোনো ওজন ও পরিমাপপদ্ধতির প্রচলন নেই। এখানে রয়েছে সের ও কেজির যথেচ্ছ ব্যবহার। ওজনপদ্ধতির বিভিন্নতার কারণে এবং ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহারের ফলে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়।উত্তর: গ. দৃশ্যকল্পে বর্ণিত X পণ্যের দামের গতি ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ পণ্যটির দাম বৃদ্ধি পাবে। পাঠ্যবই অনুযায়ী আমরা জানি, একটি দ্রব্যের দাম বাজারশক্তির প্রভাবে নির্ধারিত হয়। বাজারশক্তির মধ্যে দ্রব্যের চাহিদা ও জোগান দাম নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। বাজারে বিভিন্ন দামে একটি দ্রব্যের মোট চাহিদা ও মোট জোগানের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া চলতে থাকে। জোগানের চেয়ে চাহিদা বেশি হলে দাম ঊর্ধ্বগামী হয়। আবার চাহিদা অপেক্ষা জোগান বেশি হলে দাম হয় নিম্নগামী।দৃশ্যকল্পে X পণ্যের সারা দেশের চাহিদা জুলাই মাসে ছিল ২০ মিলিয়ন একক এবং মজুদ ছিল ২৫ মিলিয়ন একক। পরবর্তী মাসে চাহিদা বেড়ে দাঁড়ায় ৫০ মিলিয়ন একক এবং জোগান ৩০ মিলিয়ন একক। এখানে স্পষ্টতই জোগানের চেয়ে চাহিদা বৃদ্ধির হার অনেক বেশি।ফলে দৃশ্যকল্পে বর্ণিত X পণ্যের দামের গতি ঊর্ধ্বমুখী হবে।উত্তর: ঘ. আমি মনে করি, X পণ্যের বাজার বিস্তৃত। কেননা, বিস্তৃত বাজারের পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী বিস্তৃত বাজারের পণ্যের সঙ্গে X এর মিল রয়েছে।আমরা জানি, যদি কোনো দ্রব্য সমগ্র দেশজুড়ে এমনকি দেশের বাইরেও অবাধে ক্রয়-বিক্রয় হয়, সে দ্রব্যের বাজারকে বিস্তৃত বাজার বলে। সাধারণত এ রকম দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় এগুলো প্রায় সব জায়গায় ক্রয়-বিক্রয় হয়। ব্যাপক চাহিদা, বিপুল জোগান, স্থায়িত্ব ইত্যাদি বিস্তৃত বাজারের প্রধান শর্ত।দৃশ্যকল্পে X একটি ইলেকট্রনিকস পণ্য। এটি দেশব্যাপী বিক্রয় হয়। দেশব্যাপী এর চাহিদাও ব্যাপক। দেখা যাচ্ছে, জুলাই মাসে এর চাহিদা ছিল ২০ মিলিয়ন একক। পরবর্তী মাসে তা বৃদ্ধি পেয়ে হয় ৫০ মিলিয়ন একক যা ব্যাপক চাহিদা নির্দেশ করে। মোট কথা, বিস্তৃত বাজারের সঙ্গে X এর মিল রয়েছে।সুতরাং, আমি মনে করি, X পণ্যের বাজার বিস্তৃত।