এসএসসি পরীক্ষা: অধ্যক্ষের পরামর্শ
ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীপ্রতিটি শিক্ষার্থীর কাছে জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীর ভালো ফলের জন্য শেষ সময়ের সঠিক ব্যবহার খুব দরকারি। জেনে নাও কিছু তথ্য। # এবারের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।# এ পদ্ধতিতে প্রচলিত বহু নির্বাচনী প্রশ্নের পরিবর্তে চিন্তন দক্ষতার বিভিন্ন স্তর অনুযায়ী দক্ষতাভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন এবং রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের পরিবর্তে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। # সৃজনশীল প্রশ্নোত্তরের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, উদ্দীপকটি ভালোভাবে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে।# বিশেষত ‘গ’ এবং ‘ঘ’ নং প্রশ্নের উত্তরে অবশ্যই পরীক্ষার্থীকে উদ্দীপকের সঙ্গে সংগতি রেখে উত্তর লিখতে হবে। # এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় অর্ধেক নম্বরই নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকে। তাই এই অংশে ভালো করার ওপর ভালো ফল অনেকাংশে নির্ভরশীল। # নৈর্ব্যক্তিকের যে প্রশ্নগুলো মনে থাকে না, তা বারবার রিভিশন দিতে হবে। # এ ছাড়া যেহেতু খুব দ্রুত এই অংশের উত্তর দিতে হয় এবং বৃত্ত একবার ভরাট করে ফেললে তা আর ঠিক করার সুযোগ থাকে না, তাই প্রশ্নের উত্তর নির্বাচন করতে হবে খুবই সতর্কতার সঙ্গে। # পরীক্ষার্থীর প্রথম কাজ হলো, সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া। # পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীকে নিবন্ধনপত্র, প্রবেশপত্র, কলম, পেনসিলসহ ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি আছে কি না দেখে নিতে হবে। # প্রথমে খাতার ওপর (ও এম আর) সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। সেখানে রোল ও নিবন্ধন নম্বর, বিষয় ও পত্রের কোড সঠিকভাবে পূরণ করতে হবে।# নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরপত্রে সঠিকভাবে বৃত্ত ভরাট করে প্রশ্নের উত্তর দিতে হবে। # ভালো ফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। আর এ জন্য আগেই মানসিক প্রস্তুতি নিতে হবে। # পরীক্ষককে খুশি করতে হলে প্রথমে যেসব প্রশ্ন ভালো জানা আছে, সেগুলোর উত্তর আগে লেখা শুরু করতে হবে। # সময় ভাগ করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেওয়া যায়। # প্রশ্নের উত্তরের ভাষা হতে হবে সহজ, সরল ও প্রাঞ্জল। একই ভাষা ও বক্তব্য বারবার লেখা উচিত নয়। # প্রশ্নোত্তর লেখার সময় প্রশ্ন সম্পর্কে শিক্ষার্থীর নিজস্ব একটি উপস্থাপনা থাকা দরকার। পরীক্ষার্থীদের জন্য শেষ উপদেশ হলো—পরীক্ষা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবে না আত্মবিশ্বাসী হও, সাফল্য আসবেই।