সৃজনশীলপ্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১১ নম্বর অধ্যায় ‘প্রাণীর বিভিন্নতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। মর্জিনা কোনো বস্তিতে বাস করে। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে মশার খুব উপদ্রব। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে এবং চার ঘণ্টা অন্তর কাঁপুনিসহ জ্বর আসে। এ অবস্থায় সে চিকিৎসকের কাছে গেলে তিনি তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রশ্ন: ক. কোন পর্বের প্রাণী চ্যাপ্টা কৃমি নামে পরিচিত?প্রশ্ন: খ. ব্যাঙকে কেন শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলা হয়?প্রশ্ন: গ. মর্জিনা বেগমের দেহে উল্লিখিত সমস্যার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের অন্তর্ভুক্ত সে পর্বের অনেক প্রাণীই ফল ও বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো। উত্তর: ক. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। উত্তর: খ. যেসব প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে তাদের শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলে। ব্যাঙের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওঠানামা করে। এ জন্য ব্যাঙকে শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলা হয়। উত্তর: গ. মশার কামড়ে মর্জিনা বেগমের ম্যালেরিয়া রোগ হয়েছে। এ রোগে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনিসহ জ্বর আসে। মশার মাধ্যমে মর্জিনা বেগমের দেহে স্পোরোজোয়েট দশা প্রবেশের পর যকৃতে বড় হয় ও বংশবৃদ্ধি করে। অতঃপর এরা লোহিত কণিকায় বংশবৃদ্ধিকালে কণিকার ভাঙনের মাধ্যমে ম্যালেরিয়া জ্বর সৃষ্টি হয়। ফলে মর্জিনা বেগম ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। উত্তর. ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি মশা, যা আথ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। আথ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে আছে মৌমাছি, প্রজাপতি ও বিভিন্ন ধরনের মাকড়, যা পরাগায়ণে সাহায্য করে। মৌমাছি ও বিভিন্ন শ্রেণীর পতঙ্গ ফুলে ফুলে মধু সংগ্রহের সময় এদের দেহে পরাগরেণু লেগে যায়। এ প্রাণী মধু সংগ্রহের জন্য যখন একই প্রজাতির অন্য ফুলে বসে, তখন এদের দেহে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে পরাগায়ণ ঘটায়। পরবর্তী সময়ে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। নিষেকের জন্য গর্ভমুণ্ডে স্থানান্তরিত পরাগরেণু থেকে পরাগনালি বের হয়ে তা গর্ভদণ্ড হয়ে গর্ভাশয়ের ডিম্বকে পৌঁছে। পুং নিউক্লিয়াস ও স্ত্রী নিউক্লিয়াস উভয়ের ক্রোমোজম সংখ্যা হ্যাপ্লয়েড অর্থাৎ দেহকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক। সুতরাং এদের মিলনে যে জাইগোটের সৃষ্টি হয় তা ডিপ্লয়েড। নিষিক্ত হওয়ার পর ফুলের গর্ভাশয়টি সাধারণত ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, আথ্রোপোডা পর্বের অনেক প্রাণীই ফল ও বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।