মাস্টার ট্রেইনার, সৃজনশীল পদ্ধতিসিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী উচ্চবিদ্যালয়, ঢাকাপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, ইতোমধ্যে জেনে গেছো, পুরোনো পদ্ধতির প্রশ্নোত্তর আর সৃজনশীল পদ্ধতির প্রশ্নোত্তরের ধরন সম্পূর্ণ আলাদা। তাই আজ সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কলাকৌশল নিয়ে আলোচনা করব। তোমরা জানো, সৃজনশীল পদ্ধতিতে পাঠ্যসূচির কোনো গল্প/কবিতা/উপন্যাস/নাটকের ভাবের (Theme) আলোকে একটি মৌলিক উদ্দীপক ও সংশ্লিষ্ট চারটি প্রশ্ন থাকে। যে গল্প/কবিতার আলোকে উদ্দীপক তৈরি করা হয়েছে, সেই গল্প/কবিতা থেকেই থাকবে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। এ প্রশ্ন দুটোর উত্তর করতে উদ্দীপকে যেতে হবে না। সরাসরি তোমার বইয়ের পড়া থেকেই উত্তর করা যাবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হবে উদ্দীপক ও পাঠ্যবইসংশ্লিষ্ট। প্রথমেই আসা যাক জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে।জ্ঞানমূলক প্রশ্ন: জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করা খুবই সহজ। তোমার পাঠ্যবইয়ের টেক্সট ও কনটেক্সটে হাজার হাজার তথ্য বা জ্ঞান আছে। টেক্সট হলো, মূল গল্প/কবিতা/উপন্যাস/নাটক এবং কনটেক্সট হলো, লেখক পরিচিতি, শব্দার্থ, টীকা, পাঠ পরিচিতি। এসব জায়গা থেকেই একটি তথ্য তোমার কাছে জানতে চাওয়া হবে। তবে যেসব তথ্য বইয়ে উল্লেখ নেই, সেসব তথ্য জানতে চাওয়া হবে না। আর জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখার চেষ্টা করবে। যেমন—রচনার শিল্পগুণ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত? এর উত্তর ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি বঙ্কিম রচনাবলী থেকে সংকলিত। আবার ‘রচনার প্রধান শিল্পগুণ কী?’ এর উত্তরে রচনার প্রধান শিল্পগুণ ‘প্রাঞ্জলতা’। এভাবে লেখা যেতে পারে।মনে রাখবে, জ্ঞানমূলক প্রশ্ন মানে, তোমার পাঠ্যবইয়ের কোনো তথ্য জানতে চাওয়া। কোনোক্রমেই উদ্দীপক থেকে জ্ঞানস্তরের প্রশ্ন হবে না। আর এ রকম জ্ঞানমূলক প্রশ্ন তুমি পাবে মোট ২১/২২টি। কারণ সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। সেখান থাকে ছয়টি জ্ঞানস্তরের প্রশ্ন আর বহুনির্বাচনী এমসিকিউ অংশে ৪০টি প্রশ্নের এক সেটে থাকে ১৫-১৬টি জ্ঞানমূলক প্রশ্ন। কাজেই বইয়ের তথ্যগুলো বানানসহ ভালো করে মনে রাখবে।অনুধাবনমূলক প্রশ্ন: অনুধাবনমূলক প্রশ্নের নম্বর দুই। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। এ বিষয়টি অনেক শিক্ষক ও শিক্ষার্থীর কাছেই স্পষ্ট নয়। তাঁরা মনে করেন, (ক) নম্বর প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিয়েছে, সেই তথ্য বা উত্তরটি অনুধাবনে আবার উল্লেখ করতে হবে। আর সেটাই অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞান। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। অনুধাবনের প্রশ্নের মধ্যেই একটা জ্ঞান থাকে। এটাকে আমরা হিডেন জ্ঞান বা লুকানো জ্ঞান বলতে পারি। অর্থাত্ আমাদের পাঠ্যবইয়ে অনেক ঘটনা, বিষয় বা প্রসঙ্গ উল্লেখ করা থাকে। যার প্রেক্ষাপট, কারণ বা পেছনের কথাটা উল্লেখ করা থাকে না। শিক্ষার্থীকে বই পড়ে সেই লুকানো কারণ বা প্রেক্ষাপটটা বুঝতে হয়। এটাই অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞান। যেমন: ‘অপূর্ব ক্ষমা’ গল্পের আলোকে একটা উদ্দীপক তৈরি করে তার অনুধাবনমূলক প্রশ্ন করা যায়। এভাবে (খ) ‘জাএদা অধোমুখে অশ্রু বিসর্জন করল কেন?’ অথবা (খ) ‘জাএদা কোনো কথা বলল না কেন?’ এই প্রশ্নের উত্তর করার জন্য শিক্ষার্থী মনে মনে তার ‘অপূর্বক্ষমা’ গল্পের ওই দৃশ্যকল্পে চলে যাবে, যেখানে সে দেখবে—বিষক্রিয়ায় আক্রান্ত ইমাম হাসান জাএদার সঙ্গে একান্তে কথা বলার জন্য সবাইকে বাইরে যেতে নির্দেশ দিলেন। জাএদা তাঁর শয্যাপাশে বসলেন। ইমাম হাসান তাঁকে বললেন, ‘আমি তোমাকে বড়ই বিশ্বাস করিতাম, বড়ই ভালোবাসিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। ভালো থাকো, সুখে থাকো, আমি তোমাকে ক্ষমা করিলাম।’ তা ছাড়া ইমাম হাসান জাএদাকে স্বর্গে নেওয়ারও প্রতিশ্রুতি দিলেন। এই পরিস্থিতিতে জাএদা কোনো কথা না বলে শুধু অধোমুখে (মাথা নিচু করে) অশ্রু বিসর্জন করলেন অর্থাত্ নিশ্চুপ থেকে শুধু কান্না করলেন। এই দৃশ্যকল্প থেকেই প্রশ্ন করা হয়েছে। (খ) ‘জাএদা অধোমুখে অশ্রু বিসর্জন করল কেন?’ অথবা (খ) ‘জাএদা কোনো কথা বলল না কেন?’ এই ‘কেন’র উত্তরই অনুধাবনমূলক প্রশ্নের জ্ঞান। অর্থাত্ শিক্ষার্থী পুরো ঘটনা পড়ে বুঝতে পারল যে, জাএদা তাঁর কৃতকর্মের জন্য অনুতপ্ত। কারণ এমন মহত্ এক মানুষকে তিনি বিষ খাইয়েছেন। তাই নিজের ভুল বুঝতে পেরে বা অনুশোচনার কারণে কোনো কথা বললেন না, শুধু মাথা নিচু করে কান্না করলেন। এই কারণটা লিখতে পারলেই তুমি এক নম্বর পাবে। আর পুরো দৃশ্যকল্প নিজের ভাষায় বুঝিয়ে লিখতে পারলে অনুধাবন হয়ে গেল। তখন দুই নম্বরে দুই-ই পাওয়া যাবে। শিক্ষার্থী ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে, অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলক উত্তর আগে, জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারো। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারাতেও লেখা যায়, দুই প্যারাতেও লেখা যায়। তবে দুই প্যারাতে লিখলে ভালো। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল পদ্ধতিতে একই তথ্যের পুনরাবৃত্তি করা যাবে না। আমরা এখন এই প্রশ্নের নমুনা উত্তর দেখাচ্ছি।১ (খ) নম্বর প্রশ্নের উত্তর:জাএদা নিজের ভুল বুঝতে পেরে অধোমুখে অশ্রু বিসর্জন করলেন/কোনো কথা বললেন না। অথবা জাএদা অনুশোচনার কারণে অধোমুখে অশ্রু বিসর্জন করলেন/কোনো কথা বললেন না অথবাজাএদা অনুতপ্ত হয়ে অধোমুখে অশ্রু বিসর্জন করলেন/কোনো কথা বললেন না।(জেনে রাখ: এই তিনটি বাক্যের যেকোনো একটি বাক্য লিখলেই এই অনুধাবনমূলক প্রশ্নটির জ্ঞানের উত্তর হয়ে গেল। আর তাতে এক নম্বর পাওয়া যাবে। এরপর দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তরটুকু লিখতে পারলে দুই-এ দুই-ই পাওয়া যাবে)।প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ‘অপূর্বক্ষমা’ গল্পে জাএদা শত্রু কর্তৃক প্ররোচিত হয়ে ইমাম হাসানকে বিষ পান করান। বিষক্রিয়ায় নীলাভ হাসান বিচক্ষণতায় তাঁর বিষপ্রদানকারী জাএদাকে চিনতে পারেন। কিন্তু চিনতে পেরেও জাএদার প্রতি কোনো প্রতিহিংসামূলক আচরণ না করে; বরং শয্যাপাশে বসিয়ে জাএদার প্রতি তাঁর গভীর বিশ্বাস ও ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন এবং তাঁকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, জাএদাকে ছাড়া তিনি স্বর্গের সোপানে পা রাখবেন না বলেও প্রতিশ্রুতি দেন। ইমাম হাসানের এই অভূতপূর্ব ক্ষমাশীলতা ও মহানুভবতা দেখে জাএদা বাগ্রুদ্ধ হয়ে পড়েন এবং অনুশোচনার কারণে কোনো কথা না বলে শুধু অধোমুখে অশ্রু বিসর্জন করতে থাকেন। # বাকী অংশ ছাপা হবে আগামীকাল