সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অর্থনীতি বিষয় থেকে ১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।মি. জেমস ইউরোপের একটি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তৈরি পোশাকের একজন ক্রেতা হিসেবে তিনি গত জুলাইয়ে এ দেশে আসেন। এ দেশের অর্থব্যবস্থা দেখে তিনি বেশ উচ্ছ্বসিত হন। তিনি লক্ষ করেন, তাঁর দেশের অর্থব্যবস্থার সঙ্গে এ দেশের অর্থব্যবস্থার হুবুহু মিল রয়েছে। তিনি এ দেশের বিকাশমান অর্থনীতি দেখে পরামর্শ দেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সব সেক্টর থেকে সরকারি হস্তক্ষেপ তুলে নিতে হবে।ক. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?খ. অর্থনৈতিক কার্যাবলি কী? বুঝিয়ে লেখো।গ. মি. জেমসের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা করো।ঘ. জেমস যে পরামর্শ দেন, তা বাস্তবায়ন করলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করো? যুক্তি দাও।উত্তর: ক. অধ্যাপক র্যাগনার নার্কস।উত্তর: খ. মানুষ তার অভাব মোচনের উদ্দেশ্যে অর্থ উপার্জন ও অর্থ ব্যয়-সংক্রান্ত যেসব কাজ করে, সেগুলোকে অর্থনৈতিক কার্যাবলি বলে। মানুষ প্রতিনিয়ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রভৃতি অসংখ্য জিনিসের অভাব বোধ করে। এসব জিনিস কেনার জন্য মানুষ বিভিন্ন কাজ-কর্ম করে থাকে। তা-ই অর্থনৈতিক কাজ।উত্তর: গ. মি. জেমসের দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। যে অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে, তাকে মিশ্র অর্থনীতি বলে। বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র প্রকৃতির। এখানে বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠেছে। আবার রেল, বিমানসহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে। এ কারণে বাংলাদেশে মিশ্র অর্থনীতি বিদ্যমান।জেমস যে দেশের অধিবাসী, সে দেশের অর্থব্যবস্থাও অনুরূপ প্রকৃতির। এ জন্য জেমস উচ্ছ্বাস প্রকাশ করেন।যেহেতু বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র প্রকৃতির এবং বাংলাদেশের অর্থব্যবস্থার সঙ্গে জেমসের দেশের অর্থব্যবস্থার মিল রয়েছে। সেহেতু জেমসের দেশের মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত।উত্তর: ঘ. হ্যাঁ, জেমস যে পরামর্শ দেন, তা বাস্তবায়ন করলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।জেমস এ দেশের অর্থনৈতিক সব সেক্টর থেকে সরকারি হস্তক্ষেপ তুলে নিতে বলেছেন। অর্থাত্ তিনি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলনের প্রতি গুরুত্বারোপ করেছেন।ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উত্পাদন, বিনিময়, ভোগসহ সমাজের সব অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। ভোগের ক্ষেত্রেও প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকে না—জেমস এ ধরনের মুক্ত অর্থনীতির কথা বলেছেন। বর্তমান বিশ্বমুক্ত অর্থনীতির যুগ। আমাদের দেশের রেমিট্যান্স, রপ্তানি আয় বৃদ্ধিসহ সব ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে বা হচ্ছে, তা মুক্ত অর্থনীতিরই ফল। সরকারি নিয়ন্ত্রণ তুলে নিয়ে সব ক্ষেত্রে দেশের উন্নয়নকে আরও সুসংহত ও টেকসই করতে পারি।সুতরাং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জেমসের পরামর্শ বাস্তবায়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।