প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অর্থনীতি বিষয় থেকে ১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।# জমশেদ আলী একজন সচ্ছল কৃষক। তাঁর পর্যাপ্ত পরিমাণ জমি থাকলেও অর্থাভাবে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন না। ফলে তাঁকে অনেক কষ্টে সংসার চালাতে হয়। কয়েক বছর আগে স্থানীয় প্রতিনিধির পরামর্শে একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে জমিতে আধুনিক পদ্ধতি ব্যবহার করা শুরু করেন। বর্তমানে ধান উত্পাদনের পাশাপাশি ডাল, সরিষা ইত্যাদি উত্পাদন করে তা বাজারজাত করে প্রতিবছর তিনি প্রচুর আয় করে থাকেন।ক. কত সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়?খ. সমবায় কী? বুঝিয়ে লেখো।গ. জমশেদ আলীর প্রথম পর্যায়ের কৃষিকাজ কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।ঘ. জমশেদ আলীর মতো কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—যুক্তি দাও।উত্তর: ক. ১৯৬৭ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।উত্তর: খ. একাধিক ব্যক্তি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য কোনো সংঘ বা সমিতি করলে তাকে সমবায় বলে। দশজনের যৌথ প্রচেষ্টায় অনেক জটিল কাজ সহজেই করা যায়। সমাজের বিত্তহীন ব্যক্তি নিজেদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য সাম্য, সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে পরস্পরের মঙ্গল সাধনে নিয়োজিত হতে পারে। এ উদ্দেশ্যে তারা যে প্রতিষ্ঠান বা সমিতি গঠন করে তাই সমবায়।উত্তর: গ. জমশেদ আলীর প্রথম পর্যায়ের কৃষিকাজ আত্মপোষণের জন্য কৃষিকাজ।আত্মপোষণের জন্য কৃষিকাজ বলতে যে কৃষি কাজের দ্বারা কৃষক কৃষিজাত দ্রব্য উত্পাদন করে পরিবারের কোনো রকমে গ্রসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারে তাকেই বোঝায়। এ কৃষিকাজ নিজকে ও পরিবারকে টিকিয়ে রাখার জন্য করা হয়। এ কাজ মূলত পরিবারের ভোগের উদ্দেশ্যেই পরিচালিত হয়।দৃশ্যকল্পে জমশেদ আলী একজন সচ্ছল কৃষক হলেও প্রথম পর্যায়ে টাকার অভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে না পারায় কৃষিকাজ দ্বারা কোনো রকমে পরিবারের ভরণপোষণ চালাতে পারত। তাঁর এ কাজ আত্মপোষণের জন্য কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।ফলে প্রথম পর্যায়ে জমশেদ আলীর কৃষিকাজকে আত্মপোষণের জন্য কৃষিকাজ হিসেবে অবহিত করতে পারি।প্রশ্ন: ঘ. জমশেদ আলীর মতো কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি উত্পাদন অনেক গুণ বৃদ্ধি করে, যা বাংলাদেশের মতো ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হয়।যে বিজ্ঞানসম্মত কলাকৌশল ও উপকরণের সাহায্যে উত্পাদন কাজ পরিচালনা করা হয় তাকে প্রযুক্তি বলে। আর উন্নততর উত্পাদন পদ্ধতির আওতায় আধুনিক যন্ত্রপাতি, উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, পরিমিত পানি সেচ ইত্যাদির সাহায্যে উত্পাদন কাজ পরিচালনা করাকে কৃষিতে আধুনিক প্রযুক্তি বলে অবহিত করা হয়। এ প্রযুক্তি ব্যবহারের মুখ্য উদ্দেশ্য হলো উত্পাদন বৃদ্ধি করা।বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রতিবছর যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পায় সেই পরিমাণ মানুষের খাদ্য চাহিদা মেটানো অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি উত্পাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। আর কৃষি উত্পাদন বৃদ্ধি করতে হলে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। দৃশ্যকল্পে জমশেদের পর্যাপ্ত পরিমাণ জমি থাকলেও প্রথম পর্যায়ে টাকার অভাবে জমির উত্পাদনক্ষমতার যথাযথ ব্যবহার করতে পারেননি। পরে স্থানীয় প্রতিনিধির পরামর্শে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেন। এতে কৃষি উত্পাদন বহুগুণ বেড়ে যায়। ধান উত্পাদনের পাশাপাশি বিভিন্ন অর্থকরী ফসল উত্পাদন করে তা বাজারজাত করে লাভবান হন। বাংলাদেশের অনেক সচ্ছল কৃষক আছেন, যাঁরা জ্ঞানের অভাবে বা সচেতনতার অভাবে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বা বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদন করেন না। জমশেদ আলীর মতো যদি সব কৃষক তাঁদের জমিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিংবা বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদন কাজ পরিচালনা করেন তাহলে তাঁদের কৃষি জমির সদ্ব্যবহার হবে। কৃষি উত্পাদন বহুগুণে বৃদ্ধি পাবে। এতে নিজেরা যেমন লাভবান হবেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।সুতরাং জমশেদ আলীর মতো কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।