এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের অর্থনীতি বিষয় থেকে ১টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হচ্ছে।# জমির আলী একজন নিরক্ষর কৃষক। তাঁর চার ছেলে এবং তিন কন্যাসন্তান রয়েছে। সংসার চালাতে তাঁকে অনেক কষ্ট করতে হয়। ছেলেমেয়েদের একজনকেও তিনি পড়াশোনা করাতে পারেননি। তাঁর এ দুরবস্থা দেখে ছোট ভাই রহিমুদ্দিন বিয়ের পর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। দুটি কন্যাসন্তান লাভ করার পর আর কোনো সন্তান নিলেন না। তাঁর সন্তান দুটি প্রতিদিন স্কুলে যায় এবং তাঁর সংসারে কোনো অভাব নেই। ক. সাধারণ অর্থে অভাব বলতে কী বোঝায়? খ. শ্রম কী? বর্ণনা করো। গ. রহিমুদ্দিন যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন সেটির নাম কী? ব্যাখ্যা করো।ঘ. জমির আলীর মতো মানুষ দেশের জনসংখ্যা সমস্যা প্রকট করে তোলে—এ বিষয়ে তোমার মতামত দাও। উত্তর: ক. সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটন বা অসচ্ছলতাকেই বোঝায়। উত্তর: খ. সাধারণ কথায় শারীরিক পরিশ্রমকে শ্রম বলে। কিন্তু অর্থনীতিতে শ্রম শব্দটি ব্যাপক অর্থে ব্যবহূত হয়। উত্পাদন কাজে নিয়োজিত মানুষের যে শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জিত হয় তাকেই অর্থনীতিতে শ্রম বলে। অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া নিছক আনন্দ লাভ কিংবা স্নেহদানের জন্য যে পরিশ্রম তা শ্রম নয়। যেমন সন্তান লালন পালনের জন্য যে পরিশ্রম করা হয় তাকে শ্রম বলা যায় না। উত্তর: গ. রহিমুদ্দিন যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সেটির নাম পরিবার পরিকল্পনা। জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিবারের আয়তন সীমিত বা ছোট রাখার পরিকল্পিত প্রচেষ্টাকে পরিবার পরিকল্পনা বলা হয়। পরিবারের ছেলেমেয়ের সংখ্যা যদি কম হয় এবং পরিবারের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সে পরিবার সচ্ছল হয়। দৃশ্যকল্পে রহিমুদ্দিন তাঁর বড় ভাইয়ের অধিক সন্তান নেওয়ার দুরবস্থা দেখেছেন। বড় ভাই জমির আলী চার ছেলে ও তিন কন্যাসন্তান জন্মদান করে, যা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নিরক্ষর কৃষক হওয়ায় বড় সংসার চালাতে হিমশিম খান। তাঁর পরিবারে অভাব দেখা দেয় এবং একটি সন্তানকেও পড়াশোনা করাতে সক্ষম হয়ননি। বড় ভাইয়ের এমন পরিণতি দেখে রহিমুদ্দিন শিক্ষা নেন এবং প্রথম দুটি কন্যাসন্তান জন্ম নেওয়া সত্ত্বেও আর সন্তান নিতে আগ্রহ বোধ করেননি। তাঁর পরিবারকে ছোট রাখেন। কৃষক হওয়া সত্ত্বেও তাঁর পরিবারে কোনো অভাব নেই। মেয়েরা নিয়মিত স্কুলে যায় এবং সুখী জীবনযাপন করে। তাঁর এ বিশেষ ব্যবস্থাটি বাংলাদেশের পরিবার পরিকল্পনার সঙ্গে মিল রয়েছে। ফলে রহিমুদ্দিন যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন সেটির নাম পরিবার পরিকল্পনা। উত্তর: ঘ. জমির আলীর মতো মানুষ দেশের জনসংখ্যা সমস্যাকে প্রকট করে তুলে তাতে কোনো সন্দেহ নেই। কেননা জমির আলীর মতো যদি সবাই অধিক সন্তান নেন তাহলে বাংলাদেশের অন্যতম সমস্যা জনসংখ্যা আরও ভয়াবহ অবস্থা ধারণ করবে। বাংলাদেশের জনসংখ্যার আয়তন তার ভূভাগের তুলনায় অনেক বেশি। অন্যান্য দেশের তুলনায় এ দেশের জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি। এতে দেশের সীমিত সম্পদের ওপর চাপ পড়ছে এবং নানা রকম সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে এ সমস্যা আরও প্রকট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ছোট পরিবারের কোনো বিকল্প নেই। দুয়ের অধিক সন্তান নেওয়া থেকে প্রতিটি পরিবারকে বিরত থাকতে হবে। কিন্তু বাংলাদেশের অগণিত মানুষ জমির আলীর মতো নিরক্ষর অসচেতন। তারা দেশের জনসংখ্যা সমস্যা সম্পর্কে অবগত নয়। ফলে এসব স্বল্প আয়ের মানুষ অধিক সন্তান গ্রহণ করে। এতে পরিবারে যেমন অভাব দেখা দেয়, তেমনি দেশের জনসংখ্যা সমস্যাকে জটিল করে তোলে। সুতরাং এ কথা জোর দিয়েই বলা যায়, জমির আলীর মতো মানুষ দেশের জনসংখ্যা সমস্যাকে প্রকট করে তোলে।