সহকারী শিক্ষিকাশেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের ’উৎপাদন’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষযবস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো বর্ণনা করো। উত্তর: ভূমিকা: কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের তুলনায় জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের তুলনায় জনসংখ্যা বেড়ে গেলে অনেক লোক বেকার হয়ে পড়ে, সৃষ্টি হয় অর্থনৈতিক সমস্যা ও সামাজিক বিশৃঙ্খলা। বলাবাহুল্য বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। এর পেছনে বহুবিধ কারণ নিহিত। বাংলাদেশের জনসংখ্যার উচ্চহারের পেছনে সামাজিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। এগুলোর বিবরণ নিচে দেওয়া হলো—ক) সামাজিক কারণ: শিক্ষার অভাব: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ অশিক্ষিত। এ জন্য জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন কুফল সম্পর্কে তারা সচেতন নয়। ফলে তারা যথেচ্ছা সন্তান জন্ম দেয়। বাংলাদেশে সাক্ষরতার হার ১৯৯৯ সালের ডাটাশিট অনুযায়ী ৪৮.৭ শতাংশ। সামাজিক কুসংস্কার: শিক্ষার অভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ কুসংস্কার, গোঁড়ামি ও প্রচলিত ধ্যান-ধারণায় বিশ্বাসী। ফলে অনেক ক্ষেত্রেই তারা জন্মনিয়ন্ত্রণ করতে অনীহা প্রকাশ করে। তাই জনসংখ্যা বাড়তেই থাকে। নারী স্বাধীনতার অভাব: বাংলাদেশের নারীরা পুরুষের ওপর নির্ভরশীল। পুরুষের ওপর নির্ভরশীল বলে নিজেদের ইচ্ছানুযায়ী তারা সন্তান জন্ম দেয় না। কাজেই সন্তানের সংখ্যা নির্ধারণ তার নিয়ন্ত্রণে থাকে না। চিত্তবিনোদনের অভাব: বাংলাদেশের বেশির ভাগ জনসাধারণ দরিদ্র। চিত্ত বিনোদনের সামান্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। বৃহৎ পরিবারের মধ্যে সুখ খুঁজতে গিয়েও তারা বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। শিশু মৃত্যুর উচ্চহার: অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক বেশি। এখানে প্রতি হাজারে প্রায় ৯০ জন শিশু মারা যায়। এ কারণে এ দেশে পিতা-মাতার জন্মদানের প্রবণতা বেশি। ফলে জন্মহারও বেশি। অল্প বয়সে বিবাহ: বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েদের ১৪-১৮ বছর বয়সের মধ্যেই বিয়ে দেওয়া হয়। এত কম বয়সে বিয়ে দেওয়ার ফলে সন্তান জন্মদানের সুযোগ বাড়ে। নারী শিক্ষার অভাব: বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। শিক্ষার অভাব ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে নারীরা বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা লাভ থেকে বঞ্চিত হয়। ফলে তারা পরিবার পরিকল্পনা কর্মসূচিতেও যথাযথ ভূমিকা রাখতে পারে না। কুসংস্কার: বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামি রয়েছে। এই কুসংস্কার ও গোঁড়ামি আমাদের দেশে উচ্চ জন্ম হারের জন্য বিশেষভাবে দায়ী। বহু বিবাহ: বহু বিবাহের প্রবণতাও বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। ফলে একই ব্যক্তি বহুসংখ্যক সন্তান জন্মদান করার সুযোগ পায়।পুত্রসন্তান কামনা: বাংলাদেশের অনেক পিতা-মাতা পরপর কয়েকটি কন্যা সন্তানের পরও পুত্রসন্তানের আশায় সন্তান গ্রহণ করে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও বেড়ে যায়। (খ) অর্থনৈতিক কারণ: দারিদ্র্য: বাংলাদেশে উচ্চ জন্ম হারের একটি প্রধান কারণ হলো জনসাধারণের দারিদ্র্যতা। সাধারণত দরিদ্র পরিবারের সন্তান উৎপাদন প্রবণতা অপেক্ষাকৃত বেশি। অশিক্ষা, দারিদ্র্য, চিত্ত বিনোদনের সুযোগের অভাব, পরিকল্পিত জীবনধারা সম্পর্কে অজ্ঞতা ইত্যাদি এ দেশে উচ্চ জন্ম হারের জন্য দায়ী। জীবনযাত্রার নিম্নমান: পুষ্টিকর খাদ্য, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র ও শিক্ষাসহ জীবনের মৌলিক প্রয়োজন মেটানোর সুযোগ-সুবিধার ওপর জীবনযাত্রার মান নির্ভর করে। এসব সুবিধাদি বাংলাদেশে অত্যন্ত নিম্নপর্যায়ের। এ দেশের মানুষের উচ্চাকাঙ্ক্ষা ও জীবনযাত্রার মান সম্বন্ধে উপলব্ধি কম। পরিবারে কম সন্তান থাকলে সাধারণত জীবনযাত্রার মান বেড়ে যায়, তারা তা উপলব্ধি করতে পারে না। সন্তান-সন্তুতির ভবিষ্যৎ ও তাদের লালন-পালন সম্বন্ধেও তারা উদাসীন। ফলে তারা অধিক সন্তানের পিতামাতা হতে দ্বিধা বোধ করে না। কৃষিপ্রধান অর্থনীতি: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের কৃষকসমাজ কৃষি কাজের সুবিধার জন্য বেশি সন্তান কামনা করে। এ জন্য জন্মহারই বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে নিরাপত্তার প্রত্যাশা: বাংলাদেশে অধিকাংশ বৃদ্ধের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তাই অধিকাংশ লোক এ বয়সে সন্তান-সন্তুতির ওপর নির্ভর করে। নিরাপত্তা লাভের প্রত্যাশায় অনেক লোকই অধিক সন্তান জন্মদানে আগ্রহী হয়।জন্মনিয়ন্ত্রণের সুষ্ঠু পদ্ধতির অভাব: বাংলাদেশের সিংহভাগ লোক অশিক্ষিত ও দরিদ্র। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তারা অজ্ঞ। তা ছাড়া জন্মনিয়ন্ত্রণের জন্য অনুসৃত বিভিন্ন উপকরণ এবং পদ্ধতি নিরাপদ ও সহজলভ্য নয়। ফলে এ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। শিশু মৃত্যুর হার: বাংলাদেশে তুলনামূলকভাবে শিশু মৃত্যুর হার অনেক বেশি। যেহেতু অনেক শিশু জন্মের পর বেঁচে থাকে না। তাই বেশিসংখ্যক শিশু যাতে বেঁচে থাকে, এ জন্য বেশি সন্তানের জন্মের ব্যাপারে মা-বাবা আগ্রহী হয়। নির্ভরশীলতা: বাংলাদেশে নির্ভরশীলতার হার বেশি। তাই অধিক সন্তান জন্ম দেওয়ার প্রবণতাও বেশি। বৃদ্ধ বয়সে সন্তানের ওপর নির্ভরশীল হতে হয়। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় একাধিক সন্তানের ওপর এই নির্ভরশীলতার জন্য মা-বাবা অধিক সন্তান কামনা করে। উপসংহার: সবশেষে আমরা বলতে পারি, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার আমাদের দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যার এক নম্বর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বৃদ্ধির এই উচ্চহার রোধ করে দেশের জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে যোগ্য শ্রমশক্তিতে রূপান্তরিত করা গেলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।