প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# মি. সজিব ঢাকা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রথমে তিনি ছোট আকারের ব্যবসা দিয়ে ব্যবসায়ী জীবন শুরু করলেও ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে এবং ঋণের সে টাকা সদ্ব্যবহার করে এখন তিনি দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। সমপ্রতি তিনি মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সিমেন্ট তৈরি কারখানা স্থাপনের উদ্যোগ নেন। এ জন্য একটি বিশেষায়িত ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করেছেন।ক. দেশের প্রচলিত মুদ্রার ব্যবহূত নামকে কী মুদ্রা বলে?খ. আন্তর্জাতিক ব্যাংক কী? বুঝিয়ে লেখো।গ. মি. সজিব প্রথম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, সেটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।ঘ. মি. সজিব যে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে সে ব্যাংকের তাৎপর্য বর্ণনা করো।উত্তর: ক. হিসাবী মুদ্রা।উত্তর: খ. উন্নত দেশসহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দানের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। আন্তর্জাতিক বাণিজ্যের সমপ্রসারণ, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক লেনদেনে বিভিন্ন দেশের ঘাটতি দূর করা এ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক ব্যাংক।উত্তর: গ. মি. সজিব প্রথম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন সেটি বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক জনসাধারণের কাছ থেকে তাদের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তাদের স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক জনসাধারণের কাছ থেকে গৃহীত আমানতের ওপর স্বল্প হারে সুদ দিয়ে এবং প্রদত্ত ঋণের ওপর উচ্চ হারে সুদ আদায় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা আহরণ করে। অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক প্রভৃতি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক।দৃশ্যকল্পে মি. সজিব ছোট আকারের ব্যবসা দিয়ে ব্যবসায়ী জীবন শুরু করেন। পরে একটি ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে সে টাকা তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে সঠিক ব্যবহারের মাধ্যমে চরম প্রতিষ্ঠা লাভ করেন। স্বল্পমেয়াদি ঋণ কেবল বাণিজ্যিক ব্যাংকই প্রদান করে। মি. সজিব প্রথম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন সে ঋণ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে মি. সজিব প্রথম যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, সেটি বাণিজ্যিক ব্যাংক।উত্তর: ঘ. মি. সজিব যে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে সে ব্যাংকের তাৎপর্য অপরিসীম। তিনি যে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, সেটি বাংলাদেশ শিল্প ব্যাংক। বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। আমরা জানি, বিশেষ উদ্দেশে সাধনের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ঋণদানের জন্য কতগুলো ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এসব ব্যাংককে বিশেষ ঋণদান সংস্থা বা বিশেষায়িত ব্যাংক বলে। বাংলাদেশে বেশ কিছু বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শিল্প ব্যাংক তার মধ্যে অন্যতম।দৃশ্যকল্পে মি. সজিব দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সিমেন্ট তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেন। এ জন্য একটি বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। তিনি যে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন, তা কেবল বাংলাদেশ শিল্প ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ শিল্প ব্যাংক দেশে শিল্প উন্নয়নের ক্ষেত্রে মূলধন সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন নতুন শিল্প স্থাপন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহায়তা প্রদান ইত্যাদি শিল্প ব্যাংকের প্রধান কাজ। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের প্রকল্প নির্বাচনে সহায়তা প্রদান, বাণিজ্যিক ব্যাংকের মতো বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ, দেশের ভেতর ও বাইরে বিনিময় বিল ও অন্যান্য ঋণপত্র ক্রয়-বিক্রয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে। মোট কথা দেশে অবস্থানরত শিল্পগুলোকে টিকিয়ে রাখা, নতুন শিল্প স্থাপন তথা শিল্পায়নে শিল্প ব্যাংকের গুরুত্ব অনস্বীকার্য। ফলে কর্মসংস্থান, মানুষের আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে এ ব্যাংকের গুরুত্ব সর্বাধিক।সুতরাং মি. সজিব যে বিশেষায়িত ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন সে দেশের অর্থনৈতিক উন্নয়নে সে ব্যাংকের তাৎপর্য অপরিসীম।