সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।#‘ক’ দেশের মানুষ জলবায়ুগত কারণে অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ। ফলে শ্রমিকের জোগান বেশি হওয়ায় দেশজ উৎপাদন বেশি। বিগত কয়েক দশকে দেশটিতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। বর্তমানে দেশটি পৃথিবীর অন্যতম ধনী দেশ। অন্য পক্ষে ‘খ’ দেশের মানুষ অলস জীবন যাপন করতে অভ্যস্ত বিধায় অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ‘খ’ দেশের উন্নয়নের জন্য অর্থনীতিবিদেরা নাগরিকদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য কাজের পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সুপারিশ করেছেন।প্রশ্ন: ক. সাধারণ অর্থে ভূমি কী?খ. মূলধন গঠন কী, বুঝিয়ে লেখো।গ. ‘ক’ দেশের মানুষে মধ্যে শ্রমের দক্ষতার কোন নির্ধারকের কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো।ঘ. ‘খ’ দেশের উন্নয়নে অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা কতটুকু যৌক্তিক বলে মনে করো। মতামত দাও।উত্তর: ক. সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর স্থলভাগ বা ভূপৃষ্ঠকে বোঝায়।উত্তর: খ. কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃত মূলধন দ্রব্যের মজুদ বৃদ্ধিকে মূলধন গঠন বা মূলধন সৃষ্টি বলে। অন্য কথায় যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা সামগ্রী, বিদ্যুৎ, পরিবহন, রাস্তাঘাট, বাঁধ প্রভৃতি মূলধনীদ্রব্য বেশি পরিমাণে তৈরি করাকে মূলধন গঠন বলে। দেশের মানুষের সঞ্চিত অর্থ সংগ্রহ করে মূলধনীদ্রব্য উৎপাদনে বিনিয়োগ করলে মূলধন সৃষ্টি হয়। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক সঞ্চয় সৃষ্টি, সঞ্চিত অর্থ সংগ্রহ ও মূলধনীদ্রব্য উৎপাদনে তার বিনিয়োগ ঘটে, তাকেই অর্থনীতিতে মূলধন গঠন বলে এবং যে পরিমাণ মূলধনীদ্রব্য উৎপাদিত হয়, তা-ই হলো গঠিত মূলধনের পরিমাণ।মনে করা যাক, একটি দেশের ২০১০ সালে মোট ১০০ কোটি টাকার মূলধন ছিল। ২০১১ সালে মূলধনের মোট মূল্য দাঁড়াল ১২০ কোটি টাকা। তাহলে এক বছরে অতিরিক্ত মূলধনের পরিমাণ হলো (১২০-১০০) কোটি টাকা। সুতরাং এ ক্ষেত্রে বার্ষিক মূলধন গঠনের পরিমাণ হলো ২০ কোটি টাকা।উত্তর: গ. ‘ক’ দেশের মানুষে মধ্যে শ্রমের দক্ষতার মধ্যে কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়েছে। শ্রমের দক্ষতা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। এর মধ্যে অন্যতম হলো কাজ করার ক্ষমতা। এই কাজ করার সামর্থ্যের ওপরই শ্রমের দক্ষতা নির্ভরশীল। আর কাজ করার সামর্থ্য নির্ভর করে শ্রমিকের শারীরিক যোগ্যতা, জলবায়ু, খাদ্য, বুদ্ধিমত্তা, নৈতিক, চরিত্রগত গুণাগুণ ও কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রভৃতি বিষয়ের ওপর।দৃশ্যকল্পে ‘ক’ দেশের মানুষ জলবায়ুগত কারণে অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ বলা হয়েছে। ফলে শ্রমিকের জোগান বেশি হওয়ায় দেশজ উৎপাদন বেশি। বিগত কয়েক দশকে দেশটিতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। বর্তমানে দেশটি পৃথিবীর অন্যতম ধনী দেশ। জলবায়ুগত কারণে ওই দেশের মানুষের কাজ করার ক্ষমতা বেশি, এ কথাটি এখানে বলা হয়েছে।সুতরাং নির্ধারক হিসেবে ‘ক’ দেশের মানুষে মধ্যে শ্রমের দক্ষতার কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়েছে।উত্তর: ঘ. ‘খ’ দেশের উন্নয়নে অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। কেননা, সুযোগ-সুবিধা দিয়ে মানুষকে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা সম্ভব। এতে শ্রমিকের কর্মদক্ষতা বাড়বে। দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ‘খ’ দেশের অর্থনীতিবিদেরা উন্নয়নের জন্য দেশের নাগরিকদের কাজ করার ইচ্ছার প্রতি গুরুত্বারোপ করেছেন। কাজের ক্ষমতার সঙ্গে শ্রমিকের কাজ করার ইচ্ছা থাকতে হবে। কাজ করার ইচ্ছা অনেক বিষয় দ্বারা প্রভাবিত হয়। যেমন, কাজের জন্য ন্যায়সংগত বেতন, বেতন বৃদ্ধির সুযোগ, ছুটি ও অবসর, উন্নতির সম্ভাবনা, কাজের স্থায়িত্ব, আর্থিক সুবিধা, পদোন্নতি, অনুকূল পরিবেশ সৃষ্টি প্রভৃতি। এসব সুবিধা শ্রমিকের কাজ করার ইচ্ছাকে বাড়িয়ে দেয়।দৃশ্যকল্পে ‘খ’ দেশের মানুষ অলস জীবন যাপন করতে অভ্যস্ত বিধায় অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ অবস্থায় তাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি আবশ্যক। কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা গেলে মানুষের কর্মস্পৃহা বাড়বে। শ্রমিকের দক্ষতা বাড়বে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ অবস্থায় শ্রমিকদের কর্মস্পৃহা বাড়াতে কাজের পরিবেশসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের কোনো বিকল্প নেই।সুতরাং ‘খ’ দেশের উন্নয়নে অর্থনীতিবিদেরা যে পরামর্শ দিয়েছেন, তা অত্যন্ত যৌক্তিক।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল