প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনীসৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।# রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ভ্রমণের জন্য একটি দেশে গমন করেন। সেখানে তিনি দেখেন অর্থনীতিতে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়।ক. ‘পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশে কাজ করা ও পছন্দ করা এবং এ পছন্দই হলো অর্থনৈতিক কার্যাবলির মূল বিষয়’—উক্তিটি কে করেছেন?খ. সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে কী বোঝায়?—ব্যাখ্যা করো।গ. রাকিব যে দেশে গমন করেন, সে দেশে কোন ধরনের অর্থনীতি বিদ্যমান? তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।ঘ. তুমি কী মনে করো, ওই দেশের অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার মিল রয়েছে? মতামত দাও।উত্তর: ক. অধ্যাপক রবিনস্।উত্তর: খ. সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে বোঝায় উত্পাদনক্ষেত্রে এমনভাবে সম্পদ নিয়োগ করা প্রয়োজন, যাতে স্বল্পতম ব্যয়ের দ্বারা সর্বাধিক পরিমাণ দ্রব্য ও সেবা উত্পাদিত হয়। প্রত্যেক সমাজেই প্রয়োজনের তুলনায় সম্পদ অপ্রতুল। এ অপ্রতুল সম্পদকে এমনভাবে ব্যবহার করা উচিত, যাতে সমাজের সর্বাধিক কল্যাণ হয়। সমাজের অর্থনৈতিক সমস্যাবলি সমাধানের জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার দরকার।উত্তর: গ. রাকিব যে দেশে গমন করেন সে দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় ইসলামি বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন এবং যাবতীয় অর্থনৈতিক কার্যাবলি সম্পাদিত হয় তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। এ অর্থব্যবস্থায় প্রতিটি মানুষকে মর্যাদা ও জীবিকা অর্জনের অধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমাজের দুস্থ, অসহায় এবং কর্মক্ষম নয়, এমন ব্যক্তিদের বিনা শ্রমে আর্থিক সাহায্য ও সহায়তা দেওয়ার ব্যবস্থা ইসলামি অর্থনীতিতে রয়েছে। এটি সমাজের আয়বৈষম্য হ্রাস তথা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক।রাকিব যে দেশে গমন করেন সে দেশে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়, যা ইসলামি অর্থব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ।উত্তর: ঘ. বাংলাদেশের অর্থব্যবস্থার সঙ্গে ওই দেশের অর্থব্যবস্থার কোনো মিল নেই বলে আমি মনে করি। কেননা, বাংলাদেশের অর্থব্যবস্থার প্রকৃতি এবং ওই দেশের অর্থব্যবস্থার প্রকৃতি এক নয়। রাকিব যে দেশে গমন করেছেন সেই দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থা আয়বৈষম্য হ্রাসে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হচ্ছে। অপরপক্ষে বাংলাদেশের অর্থব্যবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ পরিলক্ষিত হয়। এখানে ব্যক্তি উদ্যোগে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠেছে। আবার রেল, বিমান ইত্যাদি সরকারি উদ্যোগে পরিচালিত হয়। ফলে বাংলাদেশে মিশ্র অর্থনীতি বিরাজমান।সুতরাং, এ কথা বলা বলতে পারি, বাংলাদেশের অর্থব্যবস্থার সঙ্গে ওই দেশের অর্থব্যবস্থার কোনো মিল নেই।