অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। সেলিমের চার ভাইয়ের মধ্যে ছোট ভাই সাব্বির কলেজে অধ্যয়নের সময় বাজে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। সে পরিবারের মানসম্মান ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে। সে এখন নানা অপকর্মে লিপ্ত। তাকে নিয়ে তার ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে তিনি তাকে মাদকাসক্ত থেকে বিরত থাকার জন্য উপদেশ দেন এবং বলেন, ‘মাদকদ্রব্য সকল অপকর্ম ও অশ্লীলতার মূল।ক. মাদকদ্রব্য কী?খ. মাদকাসক্তি বলতে কী বোঝায়?গ. সাব্বির কীভাবে মাদকাসক্তি থেকে মুক্ত হতে পারবে?ঘ. ‘মাদকদ্রব্য সকল অপকর্ম ও অশ্লীলতার মূল’।-বিশ্লেষণ করো। ক. উত্তর: যে দ্রব্য নেশা সৃষ্টি করে, সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং মানুষের স্বাভাবিক জ্ঞান ও স্মতিশক্তিকে সাময়িক বা স্থায়ীভাবে বিলুপ্ত করে, তাকে মাদকদ্রব্য বলে। খ. উত্তর: মাদকাসক্তি হলো মদ বা মাদকদ্রব্যের প্রতি আসক্তি। মাদকদ্রব্য সেবনের তীব্র আকাঙ্ক্ষা, এককথায় মাদকদ্রব্য বা মাদকতা সৃষ্টিকারী দ্রব্যের প্রতি তীব্র আগ্রহ ও আসক্তিই হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তির ক্ষতি ব্যাপক। মাদকাসক্তি মানুষের স্বাভাবিক জ্ঞানবুদ্ধি লোপ করে, কর্মক্ষমতা নষ্ট করে। তাই মাদক থেকে দূর থাকতে হবে এবং এর প্রতিকার ও প্রতিরোধের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। গ. উত্তর: মাদক মানুষকে পঙ্গু করে দেয়। স্বাভাবিক জ্ঞানবুদ্ধি লোপ করে। সুস্থ ও স্বাভাবিক জীবন যাপনের পথে মাদক বিরাট বাধা।সেলিমের ছোট ভাই সাব্বির বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে মাদকাসক্ত থেকে মুক্ত রাখার জন্য সর্বপ্রথম দরকার পারিবারিক সহযোগিতা। পরিবারের সবাই যদি তাকে ঘৃণা করে দূরে সরিয়ে না রেখে ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়ায় তাহলেই তার পক্ষে মাদকমুক্ত থাকা সম্ভব। পাশাপাশি তাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মে যা নিষেধ করা হয়েছে, তা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় নিয়ম-পদ্ধতি মেনে জীবন যাপন করতে হবে। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আবার যেন মাদক গ্রহণে আসক্ত হয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি সবার সহযোগিতা ও সহমর্মিতাই পারবে সাব্বিরকে মাদকমুক্ত রাখতে।ঘ. উত্তর: মাদকের ক্ষতি ব্যাপক। ব্যক্তি ও সমাজজীবনে মাদক ভয়াবহ বিপর্যয় তৈরি করে। মাদক মানুষের চরিত্র হনন করে। তার নৈতিক দৃঢ়তা থাকে না। যা খুশি তা করতে পারে। যেকোনো কথা বলতে পারে। শ্লীলতা-অশ্লীলতার বিচার মাদকাসক্তের কাছে অর্থহীন। অধিকাংশ ব্যভিচার ও নরহত্যার পেছনে মাদকদ্রব্যের ভূমিকা থাকে। রাসূলুল্লাহ (সা.) এ জন্যই বলেছেন, ‘মদ সকল অপকর্ম ও অশ্লীলতার মূল।’ মাদকাসক্তি সমাজে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। মাদকদ্রব্যের অর্থের জোগান পেতে ব্যর্থ মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে লিপ্ত হয়। গাড়ি, দুর্ঘটনা, মানুষ খুন বা জখমের মতো ঘটনার পেছনে তাদের প্রচ্ছন্ন প্রভাব থাকে।মাদকদ্রব্য সেবন মানুষের আচরণ অশোভন ও অমার্জিত করে, মাদকাসক্তের মেজাজ রুক্ষ হয়। মাদকদ্রব্যের অন্যায় ব্যবসা অনেক লাভজনক বলে এর দখলদারি ও প্রসার নিয়েও ব্যবসায়ীদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই সশস্ত্র সংঘাত ও খুনের ঘটনা ঘটে। আল্লাহ বলেন, ‘শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়।’ (সূরা আল-মায়িদা, আয়াত- ৯১)।মাদকদ্রব্যের ব্যবহার স্বামী-স্ত্রীর ঝগড়া সৃষ্টি করে। মদ্যপ স্বামী বা স্ত্রী সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না। সন্তানের প্রতি তাদের ভূমিকা যথার্থ হয় না। ফলে সন্তানেরা মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। তারা অযোগ্য ও হতাশ মানুষে পরিণত হয়।মোটকথা, মাদকদ্রব্য ব্যবহার হারাম। এর সঙ্গে দায়িত্বহীনতা, অপব্যয় ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো অসংখ্য হারাম কাজ সংশ্লিষ্ট। তাই বলা হয়ে থাকে, ‘মাদকদ্রব্য সকল অপকর্ম ও অশ্লীলতার মূল।’