এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণ ও এর প্রতিকারভূমিকা: বাংলা সাহিত্যের বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রাণ’ কবিতায় লিখেছেন—‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।বেঁচে থাকার দুর্বার আকাঙ্ক্ষার এ কথিত সুন্দর ভুবন আজ আর এত সুন্দর নেই। আজ যেন তা হয়ে দাঁড়িয়েছে অসুন্দরের এক জীবন্ত প্রতিমূর্তি। মানবসভ্যতার শত্রু বিষাক্ত নাগিনীরা আজ একদিকে যেমন বিষাক্ত নিঃশ্বাস ফেলছে, তেমনই ফেলছে জীবন বিধ্বংসী মরণ জঞ্জাল। তাদের অদূরদর্শিতার কর্মকাণ্ডের এক অনিবার্য ফলশ্রুতি হচ্ছে বিশ্ব পরিবেশের ভারসাম্যহীনতা। পরিবেশের ভারসাম্যহীনতা আজ পৃথিবীকে ক্রমশ করে তুলেছে মনুষ্যবাসের অযোগ্য এক দুর্বিষহ বন্দীশালায়।মানুষ ও তার পরিবেশ: মানুষ এবং পরিবেশ একে অপরের ওপর নির্ভরশীল। মানবজীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। মানুষ মূলত পরিবেশেরই সৃষ্টি। সুন্দর ও নির্মল পরিবেশ যেমন মানুষের জীবনে বয়ে আনে শান্তির ঝরনাধারা, তেমনি খারাপ ও দূষিত পরিবেশ মানুষের জীবনে বয়ে আনে অশান্তির নরক জ্বালা। প্রকৃতপক্ষে পৃথিবীতে সুন্দর ও সুস্থ জীবন যাপনের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হচ্ছে সুন্দর ও প্রশান্তিময় পরিবেশ। আজকের পরিবেশ মূলত বিজ্ঞানেরই সৃষ্ট পরিবেশ। আজকের সভ্যতা বিজ্ঞানের সভ্যতা, যান্ত্রিক সভ্যতা। বিজ্ঞান তথা যান্ত্রিক সভ্যতা একদিকে যেমন উপহার দিচ্ছে বিপুল ঐশ্বর্য, অন্যদিকে তেমনি উপহার দিয়েছে জীবন-ধ্বংসী কলুষিত বিষময় পরিবেশ। আর এই যান্ত্রিক সভ্যতায় বয়ে আনা কলুষিত পরিবেশের সবচেয়ে নিমর্ম শিকার হচ্ছে বাংলাদেশর মতো তৃতীয় বিশ্বের ক্ষুধা-দারিদ্র্যপীড়িত উন্নয়নশীল দেশগুলো। এমতাবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও শিল্পায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পাশাপাশি পরিবেশ দূষণ, সংরক্ষণের বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে বিবেচিত ও আলোচিত হচ্ছে। পরিবেশদূষণের অর্থ: পরিবেশ একটি ব্যাপক বিষয়, যার কারণে পরিবেশদূষণের বিষয়টিও বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। কাজেই পরিবেশদূষণের অর্থ হচ্ছে সামগ্রিক পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়া। আরও একটু বাড়িয়ে বললে বলা যায়, বায়ুদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, শব্দদূষণ, আর্সেনিক-দূষণ, তেজস্ক্রিয়-দূষণ, ওজোন-গ্যাস হ্রাস ও গ্রিনহাউস ইফেক্ট ইত্যাদি মিলে পরিবেশদূষণ সৃষ্টি করে।পরিবেশদূষণের কারণ: পরিবেশদূষণ মূলত দুটি কারণে সংঘটিত হয়ে থাকে (১) প্রাকৃতিক উপায়ে (২) কৃত্রিম উপায়ে। তবে পরিবেশদূষণের জন্য সাধারণত আমরা কৃত্রিম উপায়ে সৃষ্ট কার্বনগুলোকে বেশি দায়ী করতে পারি। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, পানিদূষণ, মাটিদূষণ, শব্দদূষণ, বায়ুদূষণ, তেজস্ক্রিয়তা-দূষণ, গ্রিনহাউস ইফেক্টই সবচেয়ে বেশি দায়ী। জনসংখ্যা বৃদ্ধি: জনসংখ্যা বৃদ্ধি পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের সমাজ জীবন আজ এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। অত্যাধিক জনসংখ্যার কারণে দেখা দিয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির মহাসংকট। জীবন হয়ে উঠেছে দুর্বিসহ-ভারাক্রান্ত। অধিক জনসংখ্যার কারণে বৃক্ষ উজাড় হচ্ছে, চাপ সৃষ্টি করছে পরিবেশের ওপর। এভাবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে আগামী ২০ বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে এবং দেশকে নিয়ে যাবে এক বিপর্যয়ের মুখে।আমাদের দেশে অধিক জনসংখ্যার কারণে উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর গভীর চাপ সৃষ্টি করছে। বিভিন্ন ব্যবহারজনিত কারণে নির্বিচারে চলছে বৃক্ষনিধন যজ্ঞ। ফলে বনজঙ্গল ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে এবং বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক-ভারসাম্য। একটি দেশের ভারসাম্যমূলক পরিবেশ সৃষ্টির জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে মাত্র আয়তনের ৯-১০ ভাগ বনভূমি রয়েছে, যা পরিবেশ রক্ষায় মোটেই যথেষ্ট নয়। আর এ জন্য দায়ী অধিক জনসংখ্যার চাপ।পানিদূষণ: পরিবেশদূষণের অন্যতম কারণ পানিদূষণ। বিভিন্ন উপায়ে পানিদূষণের মাধ্যমে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। দেশে অপরিকল্পিত শিল্পায়ন ও শিল্প-কারখানার বর্জ্য পদার্থ উপযুক্ত পরিশোধনের অভাবে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। নদীতে নিক্ষিপ্ত তরল পদার্থ বিষাক্ত করে তুলেছে দেশের সমগ্র নদীর পানি। ফলে মানবদেহে দেখা যাচ্ছে প্রদাহ ও ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি। বাযুদূষণ: মোটরযান থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস এবং রিকন্ডিশন ইঞ্জিনচালিত গাড়ির ব্যাপক ব্যবহারের ফলে প্রতিদিন দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। গাড়ির কালো ধোঁয়া বিষাক্ত গ্যাস, ইটের ভাটা ইত্যাদি থেকে নির্গত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে পরিবেশের ওপর এক মারাত্মক চাপ সৃষ্টি করছে। ফলে দেখা দিচ্ছে মাথা ধরা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ক্যানসার ইত্যাদি ধরনের ব্যাধি।শব্দদূষণ: শব্দদূষণের কারণেও পরিবেশ দূষিত হচ্ছে। কলকারখানার বিকট আওয়াজ, গাড়ির হাইড্রোলিক হর্ন, রেডিও, টিভি, ভিসিআর, লোকজনের চিৎকার, মাইকের চড়া আওয়াজ ইত্যাদি শব্দদূষণের প্রধান কারণ। শব্দদূষণের ফলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, মানসিক বিপর্যয় ঘটে, রক্তচাপ বৃদ্ধি পায়। সুতরাং পরিবেশ ও মানুষের ওপর শব্দদূষণ মারাত্মক হুমকিস্বরূপ হয়ে দেখা দিয়েছে।তেজস্ক্রিয়-দূষণ: আজকের বিশ্বে চলছে অস্ত্রের অপ্রতিরোধ্য প্রতিযোগিতা, চলছে শক্তিপ্রদর্শনের পৈশাচিক উন্মত্ততা। বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো আজ একের পর এক চালিয়ে যাচ্ছে পারমাণবিক বোমার ধ্বংসাত্মক পরীক্ষা-নিরীক্ষা। ফলে বায়ুমণ্ডল ও মানব পরিবেশ হয়ে উঠেছে বিষাক্ত। ১৯৮৬ সালে রাশিয়ার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা তার প্রত্যক্ষ প্রমাণ। এ ছাড়া দ্বিতীয় মাহযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরদ্বয়ের ওপর নিক্ষিপ্ত পারমাণবিক বোমার ধ্বংসাত্মক করুন লীলা আজও সেখানে স্মৃতি হয়ে আছে।কীটনাশক ব্যবহার: কৃষি জমিতে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণেও মাটি ও পানি দূষিত হচ্ছে। কীটনাশকের প্রভাবে প্রায় ৫ শতাংশ মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। মাছে-ভাতে বাঙালির মাছ যেন আজ সোনার হরিণে পরিণত হতে চলছে।গ্রিনহাউস ইফেক্ট: বৃক্ষনিধনের অনিবার্য পরিণতি হচ্ছে পরিবেশের ওপর গ্রিনহাউসের মারাত্মক প্রতিক্রিয়া। বৃক্ষের অপ্রতুলতা হেতু বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে দেখা দিচ্ছে গ্রিনহাউস প্রতিক্রিয়া। এই গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে সূর্য বিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে অতি সহজে পৃথিবীপৃষ্ঠে পৌঁছে বটে, কিন্তু পৃথিবী থেকে সব বিকিরণ বিভিন্ন গ্যাসসমূহ ভেদ করে সহজে মহাকাশে ফিরে যেতে পারে না। ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠে অত্যাধিক তাপ বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উপকূল ভাগ প্লাবিত হবে। বাংলাদেশ, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মতো দেশ নিমজ্জিত হবে। বস্তুত গ্রিনহাউস ইফেক্ট মারাত্মক আকার ধারণ করলে পৃথিবী একদিন মনুষ্যবাসের অযোগ্য হবে।প্রতিকার: উল্লিখিত কারণগুলোর মাধ্যমে পরিবেশদূষণের পরিণাম খুবই ভয়াবহ। বিশ্ব বিবেকও আজ পরিবেশের ভারসাম্যহীনতা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। পরিবেশদূষণ রোধকল্পে আমরা নিন্মোক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি।জনসংখ্যা বিস্ফোরণ প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং বাড়তি জনগণের জীবনধারণের জন্য মাটি ও বৃক্ষের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে। নির্বিচারে বৃক্ষনিধন নিয়ন্ত্রণ করতে হবে এবং বৃক্ষরোপণ অভিযান আরও জোরদার করতে হবে। শিল্প-কলকারখানার বর্জ্য পদার্থসমূহ নদীতে না ফেলে পরিশোধিত করার ব্যবস্থা করতে হবে। বায়ুদূষণ প্রতিরোধের জন্য কলকারখানার দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে এবং আবাসিক এলাকার বাইরে শিল্প-কলকারখানা স্থাপন করতে হবে। শব্দদূষণ রোধের জন্য পুরোনো গাড়ির আমদানি বন্ধ করতে হবে। মাইক, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নীরিক্ষা বন্ধ করতে হবে। জাতিসংঘকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি পরিবেশ রক্ষায় জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে।পরিবেশ রক্ষায় বর্তমান পদক্ষেপ: দেশের পরিবেশ রক্ষায় বর্তমান সরকার বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করছে। বিগত ২০ বছরের পালিথিনের শপিং ব্যাগ মাটি, পানি ও বায়ুদূষিত করে তুলেছিল। এই অসহনীয় অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবং সারা দেশে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সরকার ২০০২ সালের ১ মার্চ থেকে পলিথিনের শপিং ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করে। এ ছাড়া টু স্ট্রোক থ্রি হুইলার মোটরযান চলাচল বন্ধ, পরিবেশ আদালত স্থাপন, মেয়াদোত্তীর্ণ যানবাহন নিষিদ্ধ,পরিবেশ উপযোগী সিএনজি জ্বালানি ব্যবহার, পরিবেশ ও বনায়ন কর্মসূচি পালন ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।উপসংহার: পরিবেশদূষণ মানবসভ্যতার জন্য এক মহাবিপর্যয়। একদিকে মানবসভ্যতার ক্রমবর্ধমান চাহিদা মেটানো, অন্যদিকে পরিবেশদূষণ রোধ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তবুও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং পরিবেশ রক্ষায় আমাদের সবার আজকের ব্রত হোক—‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় ।’