সৃজনশীল প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘প্রসাধনী সামগ্রী’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।অভিনেত্রী তুর্না রূপচর্চার জন্য ইমালশন অয়েল, ক্রিস, সানটান লোশন, ভ্যানিশিং ক্রিম, আইশ্যাডো ব্যবহার করেন। তুর্নার বান্ধবী গৃহবধূ প্রমিও একই প্রসাধনী ব্যবহার করেন। ইদানীং তুর্নার মুখে দাগ পড়েছে এবং চর্মরোগ দেখা দিয়েছে। কিন্তু প্রমির এ ধরনের কোনো সমস্যা হয়নি। প্রশ্ন: ক. প্রসাধনী কাকে বলে?প্রশ্ন: খ. ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় কেন?প্রশ্ন: গ. প্রমির ত্বকের সৌন্দর্য রক্ষায় প্রসাধনীগুলো কীভাবে কাজ করে?প্রশ্ন: ঘ. একই ধরনের প্রসাধনী ব্যবহার সত্ত্বেও দুজনের ত্বকের ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক. প্রসাধনী: যেসব সামগ্রী বা পদার্থ দেহের বাহ্যিক স্বাস্থ্য পরিচর্যা অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গের পরিচ্ছন্নতা রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করে কমনীয় ও আকর্ষণীয় করে তোলে সেসব সামগ্রীকে প্রসাধনী সামগ্রী বা প্রসাধনী বলে। উত্তর: খ. সজীব কোষকলার ওপর জীবাণুর জন্ম-বৃদ্ধিরোধক পদার্থের নাম অ্যান্টিসেপটিক। ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির ওপর প্রয়োগ করা হলে অ্যান্টিসেপটিক সংক্রমণ রোধ করে। এ জন্য ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। উত্তর: গ. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পরিমাণমতো প্রসাধনীর ব্যবহার প্রমির দেহের কোষকলাকে রক্ষা ও সমৃদ্ধ করে এবং বিভিন্ন অংশ পরিচ্ছন্ন রাখে। প্রমি রূপচর্চার জন্য ইমালশান অয়েল, সানটান লোশন, ভ্যানিশিং ক্রিম, আইশ্যাডো ব্যবহার করেন। প্রমির ত্বকে ইমালশান অয়েল পানিক্ষয় রোধ করতে সাহায্য করে। সানটান লোশন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ভ্যানিশিং ক্রিম দাগ-ময়লা তুলে আনে, আইশ্যাডো আলোর তীব্রতা থেকে চোখকে রক্ষা করে। এভাবে বিভিন্ন প্রসাধনী প্রমির ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।উত্তর: ঘ. দেহের সৌন্দর্য রক্ষায় পরিমিত প্রসাধনী ব্যবহার করা উচিত। প্রসাধনী অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। তুর্না অভিনেত্রী হওয়ায় তাঁকে বেশিমাত্রায় প্রসাধনী ব্যবহার করতে হয়। কিন্তু প্রমি গৃহবধূ হওয়ায় তিনি প্রসাধনী ব্যবহারে সতর্কতা অবলম্বন করেন। তুর্না বেশিমাত্রায় প্রসাধনী ব্যবহার করায় তাঁর মুখে দাগসহ চর্মরোগ দেখা দিয়েছে। কিন্তু প্রমি পরিমিত মাত্রায় প্রসাধনী ব্যবহার করায় তাঁর এ ধরনের কোনো সমস্যা হয়নি। এ জন্য একই ধরনের প্রসাধনী ব্যবহার করা সত্ত্বেও দুজনের ত্বকের ভিন্নতা পরিলক্ষিত হয়।