সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ে ২১ নম্বর অধ্যায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# চেয়ারম্যান সাহেব রেডিওতে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শুনলেন। কিন্তু এলাকার বাইরে অবস্থান করায় তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারলেন না। ফলে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। তিনি সাধ্যমতো ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পাদন করলেও ক্ষয়ক্ষতি এত বেশি যে তাঁকে অনেক সমস্যায় পড়তে হলো।প্রশ্ন: ক. দুর্যোগ প্রশমন কাকে বলে?প্রশ্ন: খ. ফ্যাক্স বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. চেয়ারম্যান সাহেবের খবর শোনার যান্ত্রিক কৌশলটি বর্ণনা করো।প্রশ্ন: ঘ. কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে চেয়ারম্যান সাহেব বর্তমান সমস্যায় পড়তেন না?উত্তর: ক. দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ-পূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।উত্তর: খ. ফ্যাক্স একটি যন্ত্র, যা দ্বারা লিখিত বক্তব্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। মনে করি, এক পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য ঢাকা থেকে টোকিওতে পাঠানো দরকার। ফ্যাক্সযন্ত্রে কাগজটি প্রবেশ করালে কাগজে লিখিত অক্ষর বা শব্দগুলোর প্রতিচ্ছবি প্রচারযন্ত্রের মাধ্যমে ঢাকা থেকে টোকিও পৌঁছে যায়। টোকিওর গ্রাহক যন্ত্র বক্তব্যের প্রতিচ্ছবিকে প্রিন্টারের মাধ্যমে অবিকলভাবে প্রকাশ করে। অর্থাৎ আধুনিককালে সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে ফ্যাক্স একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।উত্তর: গ. চেয়ারম্যান সাহেব রেডিওর মাধ্যমে খবরটি শুনতে পেলেন। বেতারকেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার বা শব্দ প্রেরণ এবং চেয়ারম্যান সাহেবের বাসায় রেডিওতে সেই শব্দ শুনতে পাওয়া একধরনের যান্ত্রিক কৌশল। বেতারকেন্দ্রে যখন খবরটি পাঠ করা হয়, তখন মাইক্রোফোন শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে। অতঃপর শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপাদক যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কবিশিষ্ট তরঙ্গ উৎপাদন করে অ্যানটেনার সাহায্যে চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। চেয়ারম্যান সাহেবের বাসায় যে রেডিও আছে, তা গ্রাহক যন্ত্র হিসেবে কাজ করে। এই রেডিও বা গ্রাহক যন্ত্রের এরিয়াল ওই তরঙ্গের একটি ক্ষুদ্র অংশগ্রহণ করে বিবর্ধকে পাঠায়। গৃহীত তরঙ্গের মধ্যে শব্দ ও বাহক তরঙ্গ দুটি আলাদা করার জন্য রেডিওর মধ্যে একটি বিশেষ যন্ত্রাংশ থাকে। তারপর তরঙ্গটি বিবর্ধকের মধ্য দিয়ে লাউড স্পিকারে যায়। ফলে চেয়ারম্যান সাহেব খবরটি শুনতে পান। এটিই হচ্ছে যান্ত্রিক কৌশল।উত্তর: ঘ. চেয়ারম্যান সাহেব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি। দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দুর্যোগকালে উপযুক্ত সাড়াদানই ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজ। চেয়ারম্যান সাহেব সময়মতো সঠিক ব্যবস্থাপনা কমিটি গঠন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো। চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্যরা, ইউনিয়নে কর্মরত শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারী ও বেসরকারি সংস্থার প্রতিনিধির সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং পূর্বপ্রস্তুতি গ্রহণ, গণসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালে উপযুক্ত সাড়াদানের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত। চেয়ারম্যান সাহেব উপরিউক্ত কাজ অল্প সময়ের মধ্যে সম্পাদন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেই বর্তমান সমস্যায় পড়তেন না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস করা সম্ভব হতো।