এসএসসি পরীক্ষার প্রস্তুতি: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম অধ্যায়  দুর্যোগ# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।১৪ নভেম্বর, ২০০৭ ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের দক্ষিণাংশে আঘাত হানে। রিমিদের বাড়ি বরগুনার তালতলীতে। একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস রেডিও এবং এলাকার মাইকিং থেকে জানতে পেরে রিমির বাবা দ্রুত টিউবওয়েলের মুখ খুলে পলিথিন দিয়ে বন্ধ করে দেন। কাছাকাছি কোনো নিরাপদ স্থান না থাকায় তাঁরা বাড়িতে থাকতে বাধ্য হন। দুর্যোগ শুরু হলে বানের পানির তোড়ে রিমির মা ও বোন হারিয়ে যায়।প্রশ্ন: ক. জেলা দুর্যোগ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?প্রশ্ন: খ. দুর্যোগে সাড়াদান বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. অনুচ্ছেদে উল্লিখিত ঘটনার মধ্য থেকে দুর্যোগপূর্ব অবকাঠামোগত প্রস্তুতি কার্যক্রমগুলো চিহ্নিত করো।প্রশ্ন: ঘ. যথাযথ পরিকল্পনার অভাবই রিমিদের পরিবারের বিপর্যয়ের জন্য দায়ী—বিশ্লেষণ করো।উত্তর: ক. জেলা দুর্যোগ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন জেলা প্রশাসক।উত্তর: খ. অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ-ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো। সাড়াদান দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র। দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়।উত্তর: গ. দুর্যোগপূর্ব কার্যকলাপ দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। দুর্যোগের ফলে জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব দুর্যোগপূর্ব কার্যকলাপের মাধ্যমে। প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে কুফল বয়ে আনতে পারে। দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাঠামোগত ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা যায়। অনুচ্ছেদে আমরা যেসব অবকাঠামোগত কার্যক্রম চিহ্নিত করতে পারি, তা হলো বেতারযন্ত্রে পূর্বাভাস দেওয়া, এলাকায় মাইকিং করা এবং টিউবওয়েলের মুখ খুলে পলিথিন দিয়ে বন্ধ করে দেওয়া।ওই ঘটনাগুলো দুর্যোগপূর্ব অবকাঠামোগত প্রস্তুতি। কেননা এসব ঘটনা বা কার্যক্রমের জন্য বাহ্যিক উপস্থিতিসম্পন্ন কোনো কিছু তৈরি করার প্রয়োজন ছিল না। কাজগুলো নিতান্তই সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির আওতাভুক্ত। এগুলো ছাড়াও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ নিশ্চিতকরণও অবকাঠামোগত প্রস্তুতির অন্তর্ভুক্ত।উত্তর: ঘ. রিমিদের বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সমুদ্র সান্নিধ্যের কারণে ওই অঞ্চল দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সিডরের আঘাতে রিমি বিভিন্ন সম্পদের পাশাপাশি তার মা ও বোনকে হারায়। শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সংবাদ জানার পরও রিমিদের পরিবার বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে না পারার জন্য যথাযথ পরিকল্পনার অভাবই দায়ী। রিমির বাবা ওই অঞ্চলের জলোচ্ছ্বাসের গড় উচ্চতা হিসাব করে যেমন গৃহনির্মাণ করতে পারতেন, তেমনি গৃহ মজবুতভাবে তৈরির পাশাপাশি বাড়ির চারপাশে বিভিন্ন বৃক্ষরোপণ করে বায়ুর গতি প্রতিরোধের পরিকল্পনা করতে পারতেন।অন্যদিকে সরকার ওই অঞ্চলের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করে থাকলেও তা যে পর্যাপ্ত ছিল না, তা বোঝা যায় রিমিদের বাড়ির নিকটবর্তী কোনো নিরাপদ স্থান না থাকার কারণে। তা ছাড়া সরকারের পূর্বাভাস প্রচারের পাশাপাশি লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থাকলে রিমিদের পরিবারকে এ ধরনের বিপর্যয়কর অবস্থায় পড়তে হতো না। তাই ব্যক্তিপর্যায়ে যেমন দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা প্রয়োজন, তেমনি সরকারও যথাযথ পরিকল্পনার মাধ্যমে (যেমন: বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র) কাঠামোগত ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করে জনগণকে বিপর্যয়কর (যেমন: প্রশিক্ষণ, সচেতনতামূলক প্রচারণা) অবস্থা থেকে রক্ষা করতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল