
রাস্তা থেকেই শহীদ মিনারটা চোখে পড়ে। চাঁদপুর সরকারি কলেজের মূল ভবনের পেছনে দাঁড়িয়ে আছে। পুরোনো, জংলায় ঘেরা। কলেজ মাঠে নতুন শহীদ মিনার তৈরি হয়েছে। চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার তো আছেই। তবু সেই ১৯৬৬ সালে নির্মিত পুরোনো শহীদ মিনার এখনো দাঁড়িয়ে আছে বহু গল্পের সাক্ষী হয়ে। একসময় পুরো এলাকার লোক এই মিনারের বেদিতে ফুল দিত। তারও আগে থেকে চাঁদপুর সরকারি কলেজ এই শহরের প্রাণ!

গত সোম থেকে বুধবার, টানা তিন দিনই বেশ খানিকটা সময় কাটল চাঁদপুর কলেজ প্রাঙ্গণে, শিক্ষার্থীদের সঙ্গে। এই শীত, আবার এই রোদের ছড়াছড়ি। সকালে মাঠের কুয়াশা ঠেলে যে শিক্ষার্থীরা ক্লাসে এসেছিলেন, দুপুর না গড়াতেই তাঁদের অধিকাংশের সোয়েটার-জ্যাকেট ব্যাগের ভেতর জায়গা পেয়েছে। হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেশমি আজাদ, ব্যবস্থাপনা বিভাগের উম্মে সালমা, আল আমিন, ভূগোলের সামি—সবার কথায় একই সুর। বলছিলেন, ‘ইচ্ছে ছিল এই কলেজে পড়ব। স্বপ্ন সত্যি হয়েছে। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঠে বসেই আড্ডা দিই। আমাদের কলেজটা খুব সুন্দর। তবে ক্লাসরুম আর শিক্ষকের সংখ্যা কম।’
উচ্চমাধ্যমিক, ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে কলেজে শিক্ষার্থী আছেন প্রায় ১১ হাজার। শিক্ষক মাত্র ৯০ জন। তবু ভালো লেখাপড়া ও ফলাফলের জন্য সুনাম অক্ষুণ্ন রেখেছে চাঁদপুর সরকারি কলেজ। গত বছর স্নাতকের ১৭টি বিষয়ে প্রায় ২০০ জন, স্নাতকোত্তরে ২৪৩ জন ও ডিগ্রিতে মোট ৪৩ জন প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
১৯৪৬ সালে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। চাঁদপুর সরকারি কলেজের জন্মের পেছনের গল্প পাওয়া গেল কলেজের স্মরণিকায় প্রাক্তন ছাত্র ও শিক্ষক মরহুম কামরুজ্জামান চৌধুরীর লেখা থেকে। তিনি লিখেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক হলেও চাঁদপুর কলেজ প্রতিষ্ঠায় তা ছিল শাপে বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানি আক্রমণে ব্রিটিশ মিত্র বাহিনী প্রায় নাজেহাল হচ্ছিল, তখন ব্রিটিশ সরকার কুমিল্লায় বিমান হামলার আশঙ্কায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি অংশ চাঁদপুরে ও অন্য একটি অংশ ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করে...।’
এসব ইতিহাস জানা আছে শিক্ষাপ্রতিষ্ঠানটির পুরোনো শিক্ষার্থীদের। কলেজের মায়ায় কেউ কেউ শিক্ষাজীবন শেষ করে আবারও শিক্ষক হয়ে ফিরে এসেছেন। তেমনই একজন রূপক রায়। চাঁদপুর সরকারি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। নিজের বিভাগের শিক্ষক হয়ে যোগ দিয়েছেন এই তরুণ। বলছিলেন, ‘এখানে পড়ার সময়ই মনে মনে স্থির করেছিলাম, আমি আমার কলেজের শিক্ষক হব। হয়েছিও। আমার মতো এখনকার শিক্ষার্থীরাও অনেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন।’ রূপক রায়ের কথার প্রমাণ পাওয়া গেল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে এই কলেজেই শিক্ষকতা করতে চাই।’ আরেক মেধাবী শিক্ষার্থী ভিভিয়ান ঘোষের স্বপ্ন ভিন্ন। হিসাববিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছেন, প্রথম বর্ষের ফাইনালে জিপিএ ৩.৪২ পেয়েছেন। তাঁর স্বপ্ন, বহুজাতিক প্রতিষ্ঠানে বড় চাকরি করবেন।
কলেজের কম্পিউটার ল্যাবে দেখা হলো ব্যতিক্রম একজনের সঙ্গে। নাম আশ্রাফুল ইসলাম রনি। অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। শারীরিক প্রতিবন্ধী এই শিক্ষার্থী কম্পিউটারের বিভিন্ন কাজ নিজে যেমন শিখছেন, তেমনি অন্য শিক্ষার্থীদেরও শেখাচ্ছেন। গ্রাফিকস ডিজাইনসহ বিভিন্ন ধরনের কাজে তাঁর দক্ষতা আছে। কলেজের কম্পিউটার ল্যাবে বেশ কিছু কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ব্যবস্থা আছে। কলেজ ভবনের নিচতলায় আছে গ্রন্থাগার। পাঠ্যবইয়ের পাশাপাশি পত্রিকা পড়তেও শিক্ষার্থীরা এখানে ভিড় করেন। কলেজ মাঠে নিয়মিতই চলে ক্রিকেট, ফুটবল কিংবা বাস্কেটবল খেলা। ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর মধ্যে শুধু আমাদের কলেজেই বাস্কেটবল মাঠ আছে।’ এই দাবি শিক্ষার্থীদের।
কথার ফাঁকে শিক্ষার্থীরা বলছিলেন, কলেজে পর্যাপ্ত ক্লাসরুম নেই। নেই ক্যানটিন কিংবা মেয়েদের জন্য কমনরুম। শিক্ষক আর বন্ধুদের সহায়তায় তবু এসব সামলে নেওয়া যায়। তবে মূল সমস্যার কথা বললেন হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র তালহা জুবায়ের, ‘আমাদের কলেজ সুন্দর, পড়ালেখা ভালো হয়। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভয়ে ভয়ে থাকতে হয় বহিরাগত আর বখাটেদের কারণে। প্রায়ই শোনা যায় এর মোবাইল গেছে, ওর টাকা গেছে। এসব দূর হলে কলেজের পরিবেশটা আরও ভালো হতো।’

সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য
ড. এ এস এম দেলওয়ার হোসেন
অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ
চাঁদপুর সরকারি কলেজ দেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বহু কৃতী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই কলেজকে গৌরবান্বিত করেছে। বর্তমান শিক্ষার্থীরাও সপ্রতিভ ও জ্ঞানপিপাসু। তাদের মননশীলতা ও চিন্তার স্বাধীনতা বিকাশে উজ্জীবিত করা, মানবিক গুণাবলি অর্জনে সহায়তা করা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কৃতিত্বপূর্ণ ফলসহ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা ও খেলাধুলার ক্ষেত্রেও আমাদের সুনাম রয়েছে। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।