ওই ডাকে বৈশাখে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত বছরের ৩০ নভেম্বর জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে তাদের ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আবারও আসছে পয়লা বৈশাখ। আন্তর্জাতিক এই স্বীকৃতি এ বছর নিশ্চয়ই আয়োজকদের আরও অনুপ্রাণিত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তো বটেই, দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়েও শুরু হয়ে গেছে নতুন বাংলা বছর বরণের প্রস্তুতি। কেমন চলছে তাঁদের মহাযজ্ঞ?
প্রস্তুতি শুরু হয়ে গেছে িদনাজপুর মেডিকেল কলেজে
প্রস্তুতি শুরু হয়ে গেছে িদনাজপুর মেডিকেল কলেজে

তিন দিনব্যাপী উৎসব চলবে
ইশরাক শাহরিয়ার
সহসভাপতি, ঐকতান, দিনাজপুর মেডিকেল কলেজ
দিনাজপুর মেডিকেল কলেজে খুবই ঘরোয়া পরিবেশে পয়লা বৈশাখ উদ্যাপন হয়। আমরা সবাই মিলে একটা পরিবার, নিজেরাই চাঁদা দিয়ে উৎসব করি। পরিবারের সদস্যদের নিয়ে শিক্ষকেরা আমাদের আয়োজনে শামিল হন। কলেজের সাংস্কৃতিক সংগঠন ঐকতানের সঙ্গে সবাই নানাভাবে অংশ নেন।

এ বছর অনুষ্ঠান চলবে তিন দিনব্যাপী। আগের দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির রাতে পুরোনো বছরকে বিদায় জানাতে ক্যাম্পাসের আনন্দ সরোবরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। পরদিন সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে বর্ষবরণের উৎসব শুরু হবে। চলবে সারা দিন। ২ বৈশাখ আবার আমাদের এখানে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। তাই উৎসবের আমেজ থাকবে তিন দিনই। মুখোশ ও দেয়ালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে। এ ছাড়া থাকবে নাগরদোলা, মহিষের গাড়ি, শিক্ষার্থীদের বানানো স্টল। আমাদের ক্যাম্পাসটা খুব সুন্দর। সুন্দর ক্যাম্পাস আমরা আরও সুন্দর করে সাজাচ্ছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে ২০ মার্চ থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে ২০ মার্চ থেকে

থাকবে গ্রামীণ খেলাধুলা
সজীব সেন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলা নববর্ষকে বরণ করতে গত ২০ মার্চ থেকে কাজ শুরু করেছেন। আমরা সাপ-নেউল, বিড়ালের মাছ খাওয়া, টমটম গাড়ি, তালপাতার সেপাই, ডুগডুগি, ঐতিহ্যবাহী মুখোশসহ নানা কিছু তৈরি করছি। এ সবই থাকবে মঙ্গল শোভাযাত্রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে গ্রামীণ খেলাধুলা।
এ বছর পয়লা বৈশাখ উদ্যাপনের স্লোগান হলো ‘জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখ’। এবারের আয়োজনে আমরা সবুজ রংকে প্রাধান্য দিয়েছি। আশা করছি ১২ এপ্রিলের মধ্যে প্রস্তুতি শেষ হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা পয়লা বৈশাখের আয়োজনের মাধ্যমে লোকশিল্পের হারিয়ে যাওয়া বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের বর্ষবরণের উৎসবে এটাই বিশেষ আকর্ষণ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। ছবি: জয়দ্বীপ বসু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। ছবি: জয়দ্বীপ বসু

দিনরাত খেটেখুটে কাজ চলছে
মৌমিতা রহমান
কোষাধ্যক্ষ, উদ্যাপন কমিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা ও পয়লা বৈশাখ উদ্যাপনের প্রধান দায়িত্ব মূলত চারুকলা বিভাগই পালন করে থাকে। দিনরাত খেটেখুটে আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য কাগজ দিয়ে বাঘ-হাতি-প্যাঁচার মুখোশসহ নানা কিছু বানাচ্ছি। টেপা পুতুল, হরেক রকম পাখি, হাতি-ঘোড়া-হরিণও বাদ যাবে না।
মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণই হলো অতিকায় মোটিফ । এবার মোরগ, হাতি, ঘোড়া আর টেপা পুতুল—এই চারটি জিনিসের মোটিফ বানানো হচ্ছে। চারুকলা পরিবারের সব কটি ব্যাচ মিলেই হাসি-আনন্দে কাজগুলো করছে।
পয়লা বৈশাখের দিনে বিশেষ ছবি আঁকা কর্মশালার আয়োজন রয়েছে। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় একটি পথনাটক উপস্থাপনেরও কথা আছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগও নতুন বর্ষকে বরণ করে নিতে আলাদা আলাদাভাবে নাচ-গান-নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি পয়লা বৈশাখে ক্যাম্পাসজুড়ে মেলার আয়োজন করছে
নর্থ সাউথ ইউনিভার্সিটি পয়লা বৈশাখে ক্যাম্পাসজুড়ে মেলার আয়োজন করছে

ক্যাম্পাসজুড়ে আয়োজন
মো. মাহমুদ উল ইসলাম
সহসভাপতি (অনুষ্ঠান), নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন
এ বছর ক্যাম্পাসজুড়ে আমরা একটা বিশাল মেলার মতো আয়োজন করছি। গ্রাম্য মেলায় যা থাকে, এখানে তার সবই থাকবে। যেমন চুড়ি, ফিতা, শিশুদের খেলনা, হাওয়াইমিঠাই। আমাদের স্লোগান হলো ‘ফিরে যাব ছেলেবেলায়, এবারের এই বৈশাখী মেলায়’। যেহেতু আমরা ক্যাম্পাসের বিরাট পরিসরটা কাজে লাগাতে চেষ্টা করছি, তাই সারা দিন ধরে একেক জায়গায় একেক রকম আয়োজন থাকবে। প্লাজায় হবে পুতুল নাটক। শিক্ষক-কর্মকর্তাদের ছেলেমেয়েদের জন্য গ্যালারিতে আয়োজন করা হচ্ছে ছবি আঁকার প্রতিযোগিতা। দোতলার খোলা জায়গাটাতে সারা দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে পাহাড়ি, ধামাইল, লাঠিনৃত্য ও বাউল গান। জনপ্রিয় একটি ব্যান্ড দলের পরিবেশনাও থাকবে অনুষ্ঠানের একদম শেষে।
আলপনা, রঙিন রিকশা ও পাখির কাঠামো, হাতি, ডুগডুগি, ঢোলের ছবিসহ নানা কিছু দিয়ে আমরা ক্যাম্পাস সাজাচ্ছি। আশা করছি দারুণ একটা দিন কাটবে। পুরো আয়োজনের দায়িত্বে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)।
যদিও এই আয়োজন সবার জন্য উন্মুক্ত নয়, তবে ফেসবুক পেজে আমরা কিছু কিছু অংশ ‘লাইভ’ করব। দেখার আমন্ত্রণ রইল।