ওঠানামার মধ্যে কুমিল্লার পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের উল্লসিত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরা। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ছবি: এম সাদেক
বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের উল্লসিত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরা। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ছবি: এম সাদেক

এক বছর পরপর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ওঠানামা করছে। এক বছর কমে তো পরের বছর বাড়ে। গত আট বছরের ফল বিশ্লেষণ ও ফল বিবরণী দেখে এমনটা চোখে পড়ে। তবে পাসের হারে ধারাবাহিকতা না থাকলেও জিপিএ-৫ ধারাবাহিকভাবে বাড়ছে। এবার পাসের হার ৭০ দশমিক ১৪, যা গতবারের চেয়ে ৮ দশমিক ৮৫ শতাংশ বেশি। আর  জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬০০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এক লাখ চার হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে ৭২ হাজার ৪২৬ জন পাস করেন। ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৬১ এবং মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৭৬।

বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১৮৭ জন পরীক্ষা দিয়ে ১১ হাজার ৯১৫ জন পাস করেছেন। পাসের হার ৮৪ দশমিক ৭৫। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৮০, মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৬৮।

মানবিকে ৪০ হাজার ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ২৪ হাজার ৫৭৩ জন। পাসের হার ৬১ দশমিক ৩৫। ছেলেদের পাসের হার ৬০ দশমিক ৩০, মেয়েদের পাসের হার ৬১ দশমিক ৮৪।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৯ হাজার ৬৬৮ জনের মধ্যে উত্তীর্ণ হন ৩৫ হাজার ৯৩৮ জন। পাসের হার ৭৩ দশমিক ১৩। ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭৯, মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৬২।

জিপিএ-৫ বেড়েছে

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর দুই হাজার ৬০০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে এক হাজার ৩৬০ ও মেয়ে এক হাজার ২৪০ জন। এ বছর বিজ্ঞান বিভাগে এক হাজার ৫৭৮ জন, মানবিকে ২২৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৭৯৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন দুই হাজার ৩৯০ জন, ২০১২ সালে দুই হাজার ১৫০ জন, ২০১১ সালে এক হাজার ৩৮৯ জন, ২০১০ সালে এক হাজার ১৬৮ জন।

পাসের হার বাড়ে-কমে

তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬১ দশমিক ২৯ ভাগ, ২০১২ সালে ৭৪ দশমিক ৬০, ২০১১ সালে ৬৮ দশমিক ৬৮, ২০১০ সালে ৭৩ দশমিক ১৩, ২০০৯ সালে ৬৬ দশমিক ৯৯, ২০০৮ সালে ৭৭ দশমিক ৩৩ ও ২০০৭ সালে ৬৫ দশমিক ৭৫।

ফলাফল ওঠানামা প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী বলেন, ‘সব শিক্ষাবর্ষে গড় মেধাসম্পন্ন শিক্ষার্থী না থাকার কারণে পাসের হার ওঠানামা করছে। সব ব্যাচে ভালো শিক্ষার্থী থাকবে, এমনটা ভাবার কারণ নেই। কোনো ব্যাচ ভালো, কোনোটি খারাপ ওই কারণে এক বছর ভালো ফল হয়, আরেক বছর খারাপ হয়। সহজতর পরীক্ষা পদ্ধতির কারণে একটু মনোযোগী শিক্ষার্থীরা জিপিএ-৫ পাচ্ছে।’

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক বলেন, গতবারের চেয়ে এবার ফলাফল ভালো হয়েছে। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ ব্যবস্থাপনা কমিটি তত্পর থাকায় ফল ভালো হয়েছে।

এক নজরে কুমিল্লা শিক্ষাবোর্ড
সালপাসের হার
২০১৪৭০.১৪
২০১৩৬১.২৯
২০১২৭৪.৬০
২০১১৬৮.৬৮
২০১০৭৩.১৩
২০০৯৬৬.৯৯
২০০৮৭৭.৩৩
২০০৭৬৫.৭৫

আট কলেজের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ২৭৬টি বেসরকারি, বিশেষায়িত ও প্রাইভেট কলেজ এবং ৩৪টি সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আটটি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছেন। এগুলো হচ্ছে— কুমিল্লা ক্যাডেট কলেজ, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাটশালা উচ্চবিদ্যালয় ও কলেজ, সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ এবং একই উপজেলার হাজী আক্রাম আলী উচ্চবিদ্যালয় ও কলেজ।